একুশের অহংকার স্বাধীনতার গৌরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী বলছিলেন, বোঝা যাচ্ছিল না। বোঝা যাওয়ার কথাও নয়। চিৎকার-চেঁচামেচি করতে করতে বসে গেছে তাঁর গলা। রাত ১২টায় শেষ মিডিয়া বাস ধরার তাড়া, কাঁধে ল্যাপটপ চাপিয়ে ছুটতে থাকা সাংবাদিকদের গতিরোধ করে দাঁড়িয়েছিলেন ওই মাঝবয়সী। পরনে বাংলাদেশের জার্সিটা ধুলো-মলিন, তবুও যেন উজ্জ্বল। মুখের আলপনা ততক্ষণে প্রায় মুছে গেছে, তবুও কী স্পষ্ট!শেরেবাংলা স্টেডিয়ামের সামনে, ভিআইপি গেটের সামনের ভিড়টায় দাঁড়িয়ে থাকা সেই সমর্থকের ভাষা পড়ে নিতে কষ্ট হয়। এই ভাষা যে কান দিয়ে নয়, শুনতে হয় হূদয় দিয়ে। আয়ারল্যান্ডের কাছে যে জয় আমাদের প্রত্যাশিত ছিল, ছিল ছকে বাঁধা; সেই জয়ের পর মানুষের এই উন্মাতাল আনন্দের কারণটাও পরিষ্কার হয়ে যায় নিমেষেই।পড়ে পড়ে মার খাওয়া মানুষ, হতাশার চক্রে ঘুরতে থাকা মানুষ; জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিরাশার প্রতিচ্ছবি দেখে হাল ভাঙা মানুষ তার আশার-স্বপ্নের সবটুকু পুঁজি-সঞ্চয় বিনিয়োগ করেছে ক্রিকেটে। ক্রিকেট দল জিতলে বাংলাদেশের সবাই জেতে। ক্রিকেট দল হারলে তাই সবাই দেউলিয়া। বিশ্বকাপ-স্বপ্ন আইরিশদের কাছে প্রায় লুণ্ঠিত হতে যাওয়ার শঙ্কায় কাঁপতে থাকা দর্শকের আবেগ তাই সবেগে বিস্ফোরিত হয়েছে। পরশু ঢাকা ছিল নির্ঘুম এক শহর। পরশু পুরো বাংলাদেশ ছিল নির্ঘুম।সাধারণ মানুষের কথা বাদ দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের অস্থির পায়চারি করতে দেখা গেল মিডিয়া সেন্টারে। ম্যাচের পরিস্থিতির সঙ্গে সঙ্গে পাল্টায় তাঁদের অভিব্যক্তি। কখনো দুশ্চিন্তায় কপালে শতেক ভাঁজ। কখনো আশা-নিরাশার দোলাচল। কখনো বা উল্লসিত। পরশু ম্যাচ শেষে স্বস্তির নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে মনের কথাটিও বের করে দিয়েছিলেন দেওয়ান শফিউল আরেফিন। স্থানীয় আয়োজক কমিটির আহ্বায়ক বলছিলেন, ‘এই ম্যাচ হারলে আমরা শেষ হয়ে যেতাম। আমাদের বিশ্বকাপ শেষ হয়ে যেত। মানুষ মুখ ফিরিয়ে নিত। অনেকে হয়তো মাঠেই আসত না। কিন্তু চিন্তা করে দেখুন, ওই অবস্থাতেও আমাদের কিন্তু ঠিকই খেলা চালিয়ে যেতে হতো।’আসলেই কি মুখ ফিরিয়ে নিত বাংলাদেশের মানুষ? যে দেশের মানুষের ক্রিকেট-উন্মাদনা মুগ্ধ করেছে বিদেশি সাংবাদিকদের; ভারতের মতো ‘ইট ক্রিকেট, ড্রিংক ক্রিকেটে’র দেশের সাংবাদিকেরাও মানছেন, ক্রিকেট-প্রেমে বাংলাদেশই এখন চ্যাম্পিয়ন; সেই দর্শক দলের দুঃসময়েই বেশি পাশে থাকবে, আরেক দৃষ্টান্ত স্থাপন করবে, এটাই তো প্রত্যাশিত। গ্যালারির একটা অংশ বোতল ছুড়েছে, কিন্তু তাদের সংখ্যা হাতে গোনা। এবং সেই বোতল ছুড়ে মারা লোকগুলো আগামী কয়েক দিন প্রতিটি ক্ষণ অনুশোচনায় পুড়বে তাদের আচরণের কারণে। ‘এই জয় আমাদের’ বলে সগর্বে ঘোষণা করতে পারেন যিনি; গভীর দুঃখে তাঁরও তো বলা উচিত, ‘এই পরাজয় আমারও।’সাকিব নিজেও দর্শক সমর্থনে মুগ্ধ। দলের একটা অংশ এই ভালোবাসার জবাবে মাঠে কাল ল্যাপ অব অনারও দিয়েছে। তবে এই উচ্ছ্বাসের ভিড়ে কাল প্রথম আলোতে ফোন করে এক সমর্থক সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যটিই করলেন, ‘মানুষের ভালোবাসা সীমাহীন। প্রত্যাশাও হয়তো এখন সীমাহীন। কিন্তু আচরণও যেন সীমাহীন না হয়ে পড়ে।’ভাষার মাস যখন বিদায়লগ্নে, স্বাধীনতার মাস যখন সমাগত প্রায়; সেই সময় এই জয়ে হয়তো দেশাত্মবোধও বাড়তি অনুপ্রেরণা জুগিয়ে থাকবে। ‘আমি একজন পাকিস্তানি, পাকিস্তানের ক্রিকেটের অনেক বড় ভক্ত। কিন্তু যেভাবে বাংলাদেশ আজ খেলল, আজ আমি ওদের নামে উল্লাস-ধ্বনি দিয়ে উঠেছি’—পরশু ক্রিকইনফো তো এক পাকিস্তানি সমর্থকের এমন মন্তব্যও তাই আমাদের আরেক অর্জন।পরিসংখ্যানের আলোয়বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ও সব মিলিয়ে ষষ্ঠ জয়। বাংলাদেশের ৬৫তম ওয়ানডে জয়। মিরপুরে প্রথমে ব্যাট করে বাংলাদেশের মাত্র অষ্টম জয়। প্রথমে ব্যাট করে ম্যাচের ১৩টিতেই হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের ২৭ রানের জয়টি রানের ব্যবধানে আয়ারল্যান্ডের বিপক্ষে সবচেয়ে ছোট জয়। এটি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ছোট জয়। শফিউলের ২১ রানে ৪ উইকেট বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলিং। আগের সেরা মাশরাফির ৪/৩৮, ভারতের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপে। এটি শফিউলের ক্যারিয়ার-সেরা বোলিং। আগের সেরা ৪৩ রানে ৪ উইকেট জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে গত ডিসেম্বরে। এই নিয়ে ওয়ানডেতে শফিউল চতুর্থবার ম্যাচে ৪ উইকেট পেলেন। রাজ্জাক ৮ বার ও মাশরাফি ৬ বার ম্যাচে চার বা ততোধিক উইকেট পেয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টানা ২ ম্যাচে ৪ উইকেট পেলেন শফিউল। ২/৪২, বিশ্বকাপে আশরাফুলের সেরা বোলিং। এটি ওয়ানডেতে তাঁর দ্বিতীয় সেরা বোলিং, সেরা ৩/২৬ নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০২ সালে। মুশফিকুর ও রকিবুলের ৬১ রান পঞ্চম উইকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা। আগের সর্বোচ্চ ৩২ রান করেছিলেন জুনায়েদ ও মুশফিকুর, ২০১০ সালে বেলফাস্টে। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড এখন তামিমের। ১১ ম্যাচে ৭টি ক্যাচ ধরে পেছনে ফেলেছেন আফতাবকে। বাংলাদেশের প্রথম ৫০ রান হয়েছে মাত্র ৫.৪ ওভারে। এবারের বিশ্বকাপে দ্রুততম। বোথার ৩/৩২, বিশ্বকাপে আয়ারল্যান্ডের পক্ষে যৌথ সেরা বোলিং। র্যাঙ্কিন ২০০৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষেও ৩২ রানে ৩ উইকেট পেয়েছিলেন। তামিম ওয়ানডেতে সপ্তমবার ম্যান অব দ্য ম্যাচ হলেন।