একুশের চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞান-বিজ্ঞানে উন্নত ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একুশের অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মসহ সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১১ সালের একুশে পদক বিতরণের সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, একুশ অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে।রাষ্ট্রভাষা আন্দোলনের সময় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ হওয়া ব্যক্তিদের আত্মত্যাগের স্মরণে একুশে পদক প্রবর্তিত হয়। এটি রাষ্ট্রীয় পর্যায়ে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবারের একুশে পদকপ্রাপ্ত ১৩ জনের হাতে পদক তুলে দেন। এবার চারজন মরণোত্তর পদক পেয়েছেন। এঁরা হলেন—ভাষা আন্দোলনের জন্য ভাষাসৈনিক শওকত আলী ও মোশারফ উদ্দিন আহমেদ, শিল্পকলায় ওস্তাদ আখতার সাদমানী, গবেষণায় আবদুল হক চৌধুরী এবং ভাষা ও সাহিত্যে আবদুল হক।পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন—ভাষা আন্দোলনের জন্য আমানুল হক, ভাষা ও সাহিত্যে শহীদ কাদরী, শিল্পকলায় বাউল করিম শাহ ও যাত্রাশিল্পী জ্যোৎস্না বিশ্বাস, সাংবাদিকতায় বেগম সম্পাদক নূরজাহান বেগম, সমাজসেবায় মো. আবুল হাশেম, মো. হারেস উদ্দিন পলান সরকার ও মোহাম্মদ দেলোয়ার হোসেন।সমাজসেবায় পদকপ্রাপ্ত মো. আবুল হাশেম একক সম্পদ ও প্রচেষ্টায় বেশ কয়েকটি স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। মো. হারেস উদ্দিন পলান সরকার মানুষকে বইয়ের দিকে আকৃষ্ট করার জন্য শিক্ষার্থী ও গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাধারণের মধ্যে বই বিতরণ করেন। এভাবে তিনি ১৫-২০টি গ্রামে বিশাল পাঠকচক্র গড়ে তুলেছেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় শিক্ষা উন্নয়ন ও সমাজসেবায় অবদান রেখেছেন। শওকত আলীর পক্ষে তাঁর ছেলে আলাউদ্দিন আহমেদ আজাদ, মোশারফ উদ্দিন আহমেদের পক্ষে তাঁর মেয়ে সালমা আজগর রিজভী ও আখতার সাদমানীর পক্ষে তাঁর স্ত্রী রানু আখতার পদক নেন।এ ছাড়া যুক্তরাষ্ট্রপ্রবাসী কবি শহীদ কাদরীর পক্ষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, আবদুল হকের পক্ষে তাঁর মেয়ে আখতার জাহান চৌধুরী, আবদুল হক চৌধুরীর পক্ষে তাঁর ছেলে মঞ্জুরুল আহমেদ চৌধুরী প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নেন।একুশে পুরস্কারে রয়েছে সম্মাননাপত্র, স্বর্ণপদক ও এক লাখ টাকা।শেখ হাসিনা বলেন, ‘এ দেশে সবাই তাঁদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে। এটাই একুশের চেতনা। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আমরা দেশকে এগিয়ে নিতে পারব।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতি হিসেবে আমরা বাঙালি। নাগরিক পরিচয়ে বাংলাদেশি। এটা রক্ত দিয়ে আমরা প্রমাণ করেছি। সুযোগ পেলেই যে আমরা নিজেদের প্রমাণ করতে পারি, বিশ্বকাপ ক্রিকেটই তার প্রমাণ।’অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনও বক্তব্য দেন।