একুশের প্রথম কবির ‘স্মরণে বরণে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত সমাগত। রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন মুখর হয়ে উঠেছে শীতের শুরু থেকেই। শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বর প্রাণচঞ্চল হেমন্তের বইমেলা ও হুমায়ূন আহমেদের একক বইমেলার আয়োজনে। গতকাল শনিবার সন্ধ্যায় গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে হলো একুশের প্রথম কবিতার কবি মাহাবুব উল আলম চৌধুরীর জন্মদিনের অনুষ্ঠান। ক্রান্তি শিল্পীগোষ্ঠী আয়োজিত কবির ৮৫তম জন্মদিনে পালক পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে সেলিনা হোসেন সম্পাদিত স্মারকগ্রন্থ স্মরণে বরণে। অনুষ্ঠানে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন ক্রান্তির সভাপতি মাহবুবুল হায়দার। স্বাগত ভাষণ দেন কবি নাসির আহমেদ।আলোচনা, স্মৃতিচারণা, সংগীত, নৃত্য, আবৃত্তি দিয়ে সাজানো অনুষ্ঠানে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কবির জন্মদিন ছিল ৭ নভেম্বর। ঈদের ছুটির কারণে গতকাল জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান।একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’র মাহবুবুল হায়দার মোহনের গাওয়া গানের সঙ্গে কোরিওগ্রাফি পরিবেশন করেন ক্রান্তির নাটক বিভাগের শিল্পীরা। ‘অঞ্জলি লহ মোর’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। কবিতার গান ‘আমরা ঘুমাব না’ পরিবেশন করেন ঐশিকা নদী। ‘স্বাধীনতা তুমি কার, কেমন আছ’ আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ‘ঝড় উঠেছে ঝড় উঠেছে’ সমবেত সংগীত পরিবেশন করেন ক্রান্তির শিল্পীরা। এ ছাড়া সংগীত পরিবেশন করেন ফাহমিদা খাতুন, আবৃত্তি করেন কবি আসাদ চৌধুরী, কাজী রোজি। আলোচনায় অংশ নেন অধ্যাপক রফিকুল ইসলাম, শামসুজ্জামান খান, মালেকা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝর্না আলমগীর।