একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের শ্রদ্ধাভরে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের প্রথম প্রহর থেকেই শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। রীতি অনুযায়ী রোববার দিবাগত রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এর এক মিনিট পর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরা দুজনেই পুষ্পস্তবক অর্পণের পর নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে শ্রদ্ধাভরে সেই বীরদের স্মরণ করেন, যাঁরা ভাষার মর্যাদার জন্য আত্মত্যাগ করে গেছেন। খবর বাসস ও ইউএনবির।রাত ১২টা তেরো মিনিটে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্পিকার আবদুল হামিদ দেশের বাইরে থাকায় জাতীয় সংসদ সদস্যদের নিয়ে ডেপুটি স্পিকার শওকত আলী স্পিকারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় চিফ হুইপ আব্দুস শহীদ উপস্থিত ছিলেন।এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন, অ্যাটর্নি জেনারেল, তিন বাহিনীর প্রধানেরা, বিভিন্ন দেশের কূটনীতিক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ছাত্র, যুব, শ্রমিক ও কৃষক সংগঠনের নেতা-কর্মীরা একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে শুরু করেন। এভাবে সম্মিলিত মানুষের স্রোত বয়ে চলে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। তাঁদের কণ্ঠে সেই অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।