বায়ান্নর একুশে ফেব্রুয়ারি বেলা সোয়া তিনটায় আমাদের মেডিকেল ব্যারাক হোস্টেলের প্রাঙ্গণে ঢুকে সশস্ত্র পুলিশের নিরস্ত্র ছাত্র-জনতার ওপর বিনা উসকানিতে মুহুর্মুহু গুলিবর্ষণে আন্দোলনের চরিত্রটাই যেন পাল্টে গেল। আর আমাদের হোস্টেল হয়ে উঠল আন্দোলনের কেন্দ্রবিন্দু। মেডিকেল কলেজ ছাত্র সংসদের নেতা ও তার সহযোগীরা সক্রিয় হয়ে উঠল। এখানে বলে রাখা প্রয়োজন, ২০ তারিখ রাতে সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদে সরকার আরোপিত ১৪৪ ধারা না ভাঙার প্রস্তাব ১১-৩ ভোটে পাস হয়। ১৪৪ ধারা ভাঙার পক্ষে যে তিনটি ভোট পড়েছিল, তার মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের ভাষা মতিন, যুবলীগের অলি আহাদ ও মেডিকেল কলেজের ছাত্রদের প্রতিনিধি কলেজ সংসদের সহসভাপতি আমার শ্রেণীবন্ধু গোলাম মাওলা। ওই সভার সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আবুল হাশিম তর্কবিতর্ক শেষে এই সিদ্ধান্তই দিয়েছিলেন যে, একুশে ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত ছাত্রদের সভায় ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্তে ছাত্ররা অটল যদি থাকে, তবে সেই মুহূর্তেই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আপনা-আপনি বিলুপ্ত হবে। তাই আমাদের সহসভাপতিকে আহ্বায়ক করে নতুন সংগ্রাম পরিষদ পুনর্গঠিত করা হলো।২২ তারিখেও সরকারবিরোধী খণ্ড খণ্ড মিছিল চলছিল শহরে। তাদের মুখে এবার একটি নতুন স্লোগান শোনা গেল ‘শহীদ স্মৃতি অমর হোক’। এই স্লোগানে প্রভাবিত হয়েই কি না জানি না এবং কার মাথায় ইচ্ছাটা প্রথমে আসে তাও জানি না; শুধু জানি, হোস্টেলের ব্যারাকগুলোতে গুঞ্জন শোনা গেল, স্মৃতিস্তম্ভ গড়তে হবে, গড়তে হবে সেই স্থানে, যেখানে পুলিশের গুলিতে নিহত হয় প্রথম ভাষা শহীদ। নকশা নেই, নির্মাণসামগ্রী নেই, কিন্তু সেই মুহূর্তে যার সবচেয়ে বেশি প্রয়োজন, সেই মনোবল ও মানসিক প্রস্তুতির তো অভাব নেই।নকশা তৈরির ভার পড়ল বদরুল আলমের ওপর। ও ভালো ছবি আঁকতে পারত। সে প্রথমে যে নকশাটি এঁকেছিল, তা অত্যন্ত শিল্পসম্মত, তবে এক রাতে সেটা গড়া সম্ভব নয়। কেউ কেউ বলল, হায়দার ভাইয়ের এ বিষয় ভালো আইডিয়া আছে। তাই নকশা আঁকায় আমিও জড়িয়ে পড়লাম। অনুজপ্রতিম বদরুলকে (বরু) নিয়ে ফিরে এলাম ৪ নম্বর ব্যারাকে আবদুর রশিদের রুমে। ওই ঘরের মেঝেতেই আমরা পোস্টার লিখেছি সেদিনই সকালে। রশিদের টেবিলে বসে অতি সরল একটা জ্যামিতিক নকশা তৈরি হলো। চত্বরের ওপর ঘনাকারবিশিষ্ট একটি ‘কিউব’, যে কিউবের ছয়টি তল ও আটটি কিনারা, প্রতিটি কিনারার মাপ নিচের ভিত্তির ঠিক ওপরে ছয় ফুট। আর ওপরের তল একটু ভাঁজ নিয়ে যা ওপরে উঠে গেছে এবং পার্শ্বদেশ ঊর্ধ্বমুখী ঢালু হয়ে ভিত্তি থেকে ১১ ফুটে গিয়ে মিশেছে স্মৃতিস্তম্ভের শীর্ষে। অল্প সময়ে এবং সহজেই করা যাবে সেটা ভেবে উপস্থিত সবার পছন্দ হলো নকশাটি।হোস্টেল মেসের সে মাসের কর্ণধার এ এফ মতিন ঠিক সন্ধ্যায়ই খাবার পরিবেশন করার ব্যবস্থা করেছিল। তাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ এর পরে শুরু করা গেল।নকশা আঁকার কাজ যেমন যুগ্মভাবে করা হয়েছিল, তেমনি এর বাস্তবায়ন ব্যারাকবাসী সব ছাত্রের সম্মিলিত শ্রমের ফসল। মিনার নির্মাণের কাজে কোনো বাধা আসেনি, যদিও হোস্টেলের প্রধান ফটক পেরিয়ে কয়েক গজ পরেই ডান হাতে ১২ নম্বর ব্যারাকের প্রায় সোজাসুজি (স্থানটা বর্তমান মেডিকেল কলেজ ডিসপেনসারির মধ্যে পড়ে) নির্মাণের স্থানটি ছিল টহলদারী সেনাদের দৃষ্টিসীমার মধ্যেই। মেডিকেল কলেজের ছাত্ররা লম্বা লাইনে দাঁড়িয়ে হাতে হাতে ইট বয়ে এনেছে হাসপাতাল সম্প্রসারণের কাজের জন্য রাখা স্তূপ থেকে। ঠিকাদার পিয়ারু সর্দারের গুদাম থেকে স্ট্রেচারে বহন করে এনেছে সিমেন্ট-বালি। হোস্টেল আর কলেজের মাঝের গলিপথ দিয়ে হোস্টেলের ট্যাপ থেকে বালতি ভরে পানি টেনে এনেছে ছাত্ররা। বালি-সিমেন্টের মর্টার তৈরি করেছে নিজ হাতে, আর তাত্ক্ষণিকভাবে নিয়োজিত মাত্র দুজন রাজমিস্ত্রির নিপুণ হাতের সহায়তায় এক রাতে অক্লান্ত পরিশ্রমে সম্পন্ন করেছে এক অসাধ্য সাধন—বাইরের কারফিউ আর হিমেল হাওয়াকে উপেক্ষা করে। কলেজ সংসদের সাধারণ সম্পাদক শরফউদ্দিন এবং সহসভাপতি গোলাম মাওলার সার্বিক তত্ত্বাবধান নির্মাণকাজে সাংগঠনিক শক্তি সঞ্চার করতে পারে; আবুল হাশিম আর মনজুরের সবল পেশীর সক্রিয়তা নির্মাণে অংশগ্রহণকারীদের উত্সাহিত করতে পারে; আহমেদ রফিকের কৌশলী সক্রিয়তা এ কাজে সুসমন্বয় আনতে পারে; কিন্তু এ কথা ধ্রুব সত্য যে, প্রথম শহীদ মিনারের সফল বাস্তবায়নের পেছনে ছিল সব ব্যারাকবাসীর প্রাণের আবেগ ও যৌথ কর্মকুশলতা।শহীদ স্মৃতিস্তম্ভ, যা মানুষের মুখে মুখে নতুন নাম পেল শহীদ মিনার। তার অমিত শক্তির প্রকাশ দেখা গেল পরদিন—যখন সারা ঢাকা ভেঙে পড়ল শহীদ মিনারের পাদদেশে। শহীদ মিনারের বেদি ফুলে ফুলে ছেয়ে গেল। আর আন্দোলন পরিণত হলো এক গণ-আন্দোলনে। শহীদ মিনারের এই প্রচণ্ড শক্তি উপলব্ধি করে স্বৈরাচারী সরকার ২৬ তারিখ সন্ধ্যার আগেই প্রথম শহীদ মিনার গুঁড়িয়ে অপসারিত করল তার পেটুয়া পুলিশ বাহিনীর সাহায্যে। আমাদের স্মৃতির মিনার ভেঙেছে বটে, কিন্তু তারই উত্তরসূরি হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজকের কেন্দ্রীয় শহীদ মিনার। আমাদের আনন্দ-বেদনায় ও সংশয়-সংগ্রামে আমরা তাই ছুটে যাই শহীদ মিনারে।সাঈদ হায়দার: চিকিত্সক, ভাষা সৈনিক