একুশের বিস্ফোরক কিছু মুহূর্ত
বায়ান্ন তথা একুশের ভাষা-আন্দোলন। সপ্তাহখানেকের তীব্র সময় পার করে ঢাকায় আন্দোলন স্তিমিত। সূচনার কথা মনে রেখে আন্দোলনের বিস্ফোরক সময়টাকে তত্ত্বগত হিসাবে তিরিশ মিনিটের পরিসরে তুলে ধরা হলে একটি ঐতিহাসিক তত্পর্যের সন্ধান মেলে, যা আন্দোলনের ধারা ও চরিত্র পালটে দিয়েছিল। সে সময়টা তখন আন্দোলনের মূল প্রতীক হয়ে ওঠে।সংশ্লিষ্ট সবাই জানি, সূচনায় একুশের ছবিটা ইতি-নেতির দ্বন্দ্বে ধরা ছিল। এর কেন্দ্রবিন্দু সরকার-ঘোষিত ১৪৪ ধারা। সর্বদলীয় সংগ্রাম পরিষদের সংখ্যাগরিষ্ঠ অংশ ১৪৪ ধারা ভাঙার বিরোধী। এর বিপরীতে সাধারণ ছাত্রদের অনমনীয় আকাঙ্ক্ষা ১৪৪ ধারা ভেঙে একুশের কর্মসূচি পালন। একুশে ফেব্রুয়ারি সকালে আমতলায় অনুষ্ঠিত ছাত্রসভায় ওই আকাঙ্ক্ষার জয়। ছাত্রছাত্রীরা পুলিশের বাধা, লাঠিপেটা অতিক্রম করে টিয়ারগ্যাসের ঝাঁঝালো আবহ থেকে মেডিকেল হোস্টেল প্রাঙ্গণে জড়ো হয়। উদ্দেশ্য, পরিষদ ভবন ঘেরাও। এ চেষ্টার মধ্যেই উল্লিখিত তিরিশ-মিনিট সময়ক্ষণটির প্রতিফলন।খররোদের দুপুর। হোস্টেল প্রাঙ্গণে উপস্থিত ছাত্ররা একেকবার ঢেউয়ের মতো রাস্তায় বেরিয়ে পড়ছে, আবার পুলিশের বাধা ও লাঠিপেটার মুখে ভেতরে ফিরে আসছে। টিয়ারগ্যাসের শেল ফাটছে ক্রমাগত—হোস্টেলে, এমনকি হাসপাতাল প্রাঙ্গণে। বাতাস ঝাঁঝালো গন্ধে ভারী। গেটের ঠিক বাইরেই সশস্ত্র পুলিশের ব্যারিকেড, তবু ছাত্রদের চেষ্টা পরিষদ ভবনের সামনে পৌঁছানোর। ওই চেষ্টার ছবিটা ছিল ঢেউ-ওঠা ঢেউ-ভাঙার মতোই।সময় এগিয়ে চলে টিকটিক করে ‘কাউন্টডাউনের’ মতো। চলে নিরস্ত্র ছাত্র বনাম সশস্ত্র পুলিশের পারস্পরিক মোকাবিলায়। পুলিশের সঙ্গে ছাত্রদের এ অসম লড়াইয়ে ছাত্রদের মনোবল ছিল দৃঢ়, তারা হার মানতে রাজি ছিল না। হয়তো তাই সময় অসহিষ্ণু করে তোলে পুলিশ পক্ষকে। ছাত্রদের অবিরাম স্লোগান আর পুলিশি বাধা টপকানোর লাগাতার তত্পরতা হয়তো উপস্থিত পুলিশ-কর্তাদের ক্রোধের কারণ হয়ে উঠেছিল।আমার বিশ্বাস, ছাত্রদের স্তব্ধ করতে না-পারার হীনম্মন্যতা থেকেই পুলিশের কর্তাব্যক্তিরা গুলি চালানোর অর্বাচীন সিদ্ধান্ত নেন। হোস্টেল-গেটের কিছুটা ভেতরে ঢুকে ‘পজিশন’ নেয় পুলিশ বাহিনী। এরপর কর্তাদের হুকুম তামিল করতে হোস্টেল প্রাঙ্গণে সমবেত ছাত্রদের লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালায় রাস্তার একপাশে দাঁড়ানো ছাত্র-জনতার ওপরও। সরকারি হিসাবে সময় তখন বেলা তিনটা বেজে ২০ মিনিট, গুলি চালানো হয় ২৭ রাউন্ড। সব মিলিয়ে তখনকার মিনিট ত্রিশ সময়ের ঘটনাই আন্দোলনের ভবিতব্য নির্ধারণ করে।সে সময়ক্ষণের রক্তাক্ত ছবিটা একবার দেখে নেওয়া যাক। মেডিকেল হোস্টেল প্রাঙ্গণের মাঝামাঝি একটা রাস্তা ফুলার রোড দিককার গেট থেকে বকশিবাজার গেটে শেষ হয়েছে। দুপাশে সারি সারি ছাউনি-চেহারার ব্যারাক—মেডিকেল কলেজের ছাত্রদের আবাসস্থল, ‘মেডিকেল ব্যারাক’ নামে পরিচিত। ওই রাস্তারই পশ্চিম দিককার ১৪ নম্বর ব্যারাকের সামনে দাঁড়ানো একজন ছাত্র—হঠাত্ করেই তার কপালে গুলি লাগে, রাস্তার পাশেই পড়ে যায় মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের সেই ছাত্র রফিকউদ্দিন। খুলি ছিটকে পড়ে, মগজ ঘাসে-মাটিতে মাখামাখি। কয়েকজন ছাত্রবন্ধু সে দিকে ছুটে যায়, একুশের প্রথম শহীদ রফিকউদ্দিনকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেখান থেকে মর্গে।হতবাক ছাত্রজমায়েত, কেউ ভাবতে পারেনি, বিনা প্ররোচনায় পুলিশ এভাবে গুলি চালাতে পারে। স্লোগান আর টিয়ারগ্যাসের শেল ফাটার আওয়াজ শুনে ২০ নম্বর ব্যারাক থেকে বেরিয়ে এসেছিল গফরগাঁয়ের দেহাতি যুবক আবদুল জব্বার—তার তলপেটে গুলি লাগে, রক্তে পরনের লুঙ্গি ভিজে যেতে থাকে। তাকে হাসপাতালে নিয়ে যায় আমার দুই সহপাঠী ফজলে রাব্বী ও সিরাজুল হক। সেখানেই অতিরক্তক্ষরণে জব্বারের মৃত্যু। আর রাস্তার পাশে ১২ নম্বর ব্যারাকের সামনে দাঁড়ানো আবুল বরকতের ঊরুতে গুলি লাগে। মোটা ধমনি ছিঁড়ে রক্তে প্যান্ট ভেজে। হাসপাতালে চিকিত্সা সত্ত্বেও তার মৃত্যু হয় সে রাতে।আক্রোশ-মেটানো গুলিবর্ষণের পর নির্ভার পুলিশ বাহিনী। তাদের গুলিতে খেলার মাঠের কোণে রাস্তায় দাঁড়ানো আরেক যুবার মৃত্যু, সাক্ষী মাদ্রাসাছাত্র লোকমান আমিনি। সে যুবার পরিচয় মেলেনি। হাসপাতালের ফাইল ঘেঁটেও পাওয়া যায়নি। পুলিশ নির্ভার হলেও, ভার চাপে মুখ্যমন্ত্রী নুরুল আমিনসহ তাঁর সমর্থক লীগদলীয় সদস্যদের ওপর। সরকারদলীয় এমএলএ মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ কিন্তু ঝড় তোলেন পরিষদ-ভবনে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকে ঘটনাস্থলে যেতে হবে। কিন্তু নুরুল আমিন সাহেব নির্বিকার। কিছুতেই যাবেন না অকুস্থলে। অগত্যা মওলানা তর্কবাগীশসহ বেশ কয়েকজন পরিষদ সদস্য অধিবেশন বর্জন করে ঘটনাস্থলে চলে আসেন।তিরিশ মিনিটের ঘটনা এমনই বিস্ফোরণ ঘটাল যে সেদিন শেষ বিকেলে দলে-দলে ঢাকাবাসী মানুষ ছুটে আসতে থাকে পুলিশের গুলিতে হতাহতদের এক নজর দেখতে। তাদের পায়ে-পায়ে ওঠা ধুলোয় চারদিক আছন্ন। এর মধ্যেই তারা দেখতে থাকে রক্তমাখা ঘাস-মাটি, ব্যারাকের বেড়ায় গুলির ক্ষতচিহ্ন। বাতাসে তখনো কাঁদানে গ্যাসের ঝাঁঝ মিলিয়ে যায়নি। তারা ছোটে হাসপাতালের দিকে, চোখে অশ্রু, মুখে সরকারের প্রতি ঘৃণার অভিব্যক্তি। হাসপাতালের বাতাসে অক্সিজেনের ঘাটতি পড়ে।গুলিতে মৃত্যুর ঘটনা কয়েক মিনিটের হলেও সরকারের মসনদ কাঁপিয়ে দেয়। জনগণের প্রতিক্রিয়ায় ভীত-সন্ত্রস্ত প্রশাসন। ১৪৪ ধারার মৃত্যু দেখে পরদিন থেকে আধাসামরিক বাহিনী ইপিআর নামানো হয় পুলিশের সাহায্যার্থে। তারা রাজপথে টহল দিতে থাকে।পরদিন ২২ ফেব্রুয়ারি শুক্রবার। হোস্টেল প্রাঙ্গণে শহীদদের গায়েবানা জানাজা ও শোকসভা শেষে বিশাল মিছিল বেরিয়ে পড়ে রাজপথ পরিক্রমায়। ছাত্র-আন্দোলন যেন এক জাদুকাঠির ছোঁয়ায় গণ-আন্দোলনে পরিণত। জাদুকাঠি ওই কথিত ৩০ মিনিটের ঘটনাবলি।ঢাকা সেদিন শোকের শহর, ক্রুদ্ধ প্রতিবাদের শহর, লাল-কালোতে এক অচেনা শহর। লাল বর্ণমালায় সজ্জিত পোস্টার, ফেস্টুন, সরু বাঁশের মাথায় শহীদদের রক্তমাখা কিছু কাপড় বাতাসে দুলছে। উত্তেজিত মানুষের বাহুতে, বুকে কালো ব্যাজ আর বাড়িতে-বাড়িতে কালো পতাকা উড়ছে। কোনো কোনো বাড়ির ছাদে বা বারান্দায় মা-বোনদের শোকার্ত জটলা। পথে-পথে পুরান ঢাকার তরুণ, যুবক ও কিশোর ছাত্রদের সঙ্গে মিছিলে হাঁটতে হাঁটতে স্লোগান তুলছে—‘রাষ্ট্রভাষা বাংলা চাই’, ‘নুরুল আমিনের বিচার চাই’, ‘রক্তের বদলে রক্ত চাই’, ‘শহীদ স্মৃতি অমর হোক’ ইত্যাদি।ভয় পেয়েছিল সরকার। তাই রাজপথে সেনা-জওয়ানদের নামিয়েই ক্ষান্ত হয়নি তারা। রাতে কারফিউর ব্যবস্থা করা হয় অবাঞ্ছিত ঘটনা এড়াতে। কিন্তু একুশের যা কিছু ঘটেছে, রাতের আঁধারে নয়, দিনের আলোতেই। ব্যতিক্রম শুধু একটি ঘটনায়। ‘শহীদ স্মৃতি অমর হোক’ স্লোগানে উদ্দীপ্ত মেডিকেল হোস্টেলের রাজনীতি-সচেতন ছাত্রদের পরিকল্পনা ও শ্রমে ২৩ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে তৈরি হয় ‘শহীদ স্মৃতিস্তম্ভ’। স্মৃতিস্তম্ভের নকশাকার বদরুল আলম, সহায়তায় সাঈদ হায়দার, সার্বিক তদারকিতে শরফুদ্দিন আহমদ।পরদিন ২৪ ফেব্রুয়ারি রোববার, সাপ্তাহিক ছুটির দিন। শহীদ মিনারে মানুষের ঢল। স্মৃতিস্তম্ভের পাদদেশে অজস্র ফুল, টাকাপয়সা, এমনকি অলংকার বিনম্র শ্রদ্ধার প্রতীক। মুখ্যমন্ত্রীর ছুটির আরাম হারাম হয়ে যায়। বিশেষ করে পুরান ঢাকার অভাবিত পরিবর্তন দেখে। ওরা শুধু ২২ ফেব্রুয়ারি মিছিলে প্রাণ দেয়নি, পুড়িয়ে ছাই করে দিয়েছিল খাজা পরিবারের কুখ্যাত দৈনিক পত্রিকা মর্নিং নিউজ-এর ছাপাখানা ‘জুবিলি প্রেস’। হামলা চালিয়েছে আন্দোলনবিরোধী দৈনিক সংবাদ-এর অফিসে, এমনকি চেষ্টা করেছে আজাদ অফিসে হামলা করতে। সেদিনের শহীদ সফিউর রহমান, রিকশাচালক আবদুল আউয়াল, কিশোর ওহিউল্লাহসহ কয়েজন।কথাটা আবারও বলি, ওই বিশেষ সময়ের বিশেষ ঘটনা একুশের চালচিত্র পাল্টে দেয়, গুণগত পরিবর্তন আনে আন্দোলনে। সে পরিবর্তনের আগুন ছড়িয়ে পড়ে দেশময়, শহরে-শহরে, এমনকি প্রত্যন্ত অঞ্চলের স্কুলছাত্রদের মধ্যে। তাতে থাকে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন। অধিকাংশ শহরে, এমনকি আমার পরিচিত গ্রামের স্কুলেও দেখা দিয়েছিল ছাত্র-আন্দোলন, গড়ে উঠেছিল ছোটখাটো শহীদ মিনার—যে শহীদ মিনার পরবর্তীকালে হয়ে থেকেছে প্রতিবাদ ও গণতান্ত্রিক আন্দোলনের উত্স ও প্রেরণা। সেই থেকে শহীদ মিনারের ‘মিনিয়েচার’-এ ভরে ওঠে দেশের শিক্ষায়তন প্রাঙ্গণ, কোনো কোনো সাংস্কৃতিক সংগঠনের আঙিনা। শ্রেণী-নির্বিশেষে গোটা দেশের মানুষ জেনে গিয়েছিল, শহীদ মিনার জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ—যেমন রবীন্দ্রনাথ-নজরুল আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। মানুষ বিশ্বাস করে, শহীদ মিনার শুধু শহীদস্মৃতির প্রতীকই নয়, তা আমাদের প্রতিবাদী আন্দোলনের প্রেরণা। এ কথাও সত্য যে শহীদ মিনার ওই ত্রিশ মিনিট, বিশেষ সময়ক্ষণের স্মারক স্থাপত্য।একুশের ইতিহাস বলে, আতঙ্কিত নুরুল আমিন সরকারের চণ্ডনীতি, চরম দমননীতি—গ্রেপ্তার, জুলুম, নির্যাতন ও হয়রানির কারণে প্রথমে ঢাকায়, পরে দেশের বিভিন্ন এলাকায় একুশের আন্দোলন স্তব্ধ হয়ে আসে। কিন্তু একুশে মরেনি। ইতিহাস আরও বলে, একুশে ফেব্রুয়ারি দুপুরের পর উল্লিখিত বিশেষ কয়েক মিনিট সময় পরিসরে সংঘটিত স্নায়ু-কাঁপানো ঘটনার যে তরঙ্গবিক্ষোভ, তা গভীর ছাপ রেখে গিয়েছিল জনচেতনায়।এর প্রভাব দেখেছি তাত্ক্ষণিকভাবে সাহিত্য-সম্মেলনে, গণসংস্কৃতি ও প্রগতিবাদী সংস্কৃতির উচ্ছল প্রকাশে; দেখেছি সাহিত্য-সংস্কৃতির বাঁকফেরা চরিত্র বদলে, স্মরণিকাসহ একুশে-সাহিত্যের নবভাষ্যে, গণতান্ত্রিক জাতীয়তাবোধের নবরূপায়ণে। রাজনীতিক্ষেত্রেও এর প্রভাব ছিল অভাবিত। দুবছরের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় স্বার্থভিত্তিক ২১ দফার অঙ্গীকার নিয়ে যুক্তফ্রন্টের নিরঙ্কুশ বিজয়ে—যা ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক জাতীয়তাবাদের বিজয়। যদিও সাম্রাজ্যবাদী অপশক্তি-প্রভাবিত পাকিস্তানি জান্তা সে বিজয় ছিনতাই করে নেয় ১৯৫৪ সালের ৩০ মে ৯২-ক ধারার আধাসামরিক শাসন প্রবর্তনের মধ্য দিয়ে। জাতীয় জীবনাচরণের আরও নানা ক্ষেত্রে আমরা দেখেছি ওই ঘটনার সদর্থক প্রভাব। আর এ প্রভাব লালন করেই ষাটের দশকের আন্দোলিত ক্রান্তিকাল পেরিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।এখানেই একুশের কালখণ্ডে প্রখর সূর্যের নিচে সংঘটিত বিস্ফোরক ঘটনাক্ষণের কালজয়ী গুরুত্ব। বাংলাদেশ ভূখণ্ডের জনগোষ্ঠী, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে এর সম্পর্ক মৃত্যুহীন। অবশ্যই এর উত্তরাধিকার বহন করতে হবে নতুন প্রজন্মকে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। ভাষাচেতনা বহন করে তারাই হবে জাতির জন্য আলোকবর্তিকা। আর এর তাত্পর্য বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যতের গবেষকদের জন্য হয়ে উঠবে বিচার-ব্যাখ্যার বিষয়।