একুশের রাতে শুরু ভালোবাসা দুপুরেই ক্লান্ত হয়ে ঘুমায়
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, বাংলা ভাষা স্থূলতা-কুরুচি দ্বারা আক্রান্ত হচ্ছে। এ থেকে ভাষাকে রক্ষার জন্য সার্বক্ষণিক সচেষ্ট থাকতে হবে। সারা বছর ভাষার জন্য আমাদের ভালোবাসা থাকে না। ভাষার প্রতি আমাদের ভালোবাসা শুরু হয় একুশে ফেব্রুয়ারি রাত সাড়ে তিনটায়, পরদিন দুপুর হতে হতে সে ভালোবাসা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আমরা উত্সবে বিশ্বাস করি, কর্মসূচিতে নয়।রাজধানীর ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ মঙ্গলবার বর্ণমেলার উদ্বোধন করে আবদুল্লাহ আবু সায়ীদ এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে আজ ঢাকা ও চট্টগ্রামে শুরু হয়েছে দিনব্যাপী বর্ণমেলা। বাংলা বর্ণ, ভাষা ও ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রথম আলোর পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, শৈশবকে সুন্দর করতে হয়, ভাষা-বর্ণমালা ও রুচিকে সুন্দর করতে হয়। সব ভালো দিয়ে শৈশবকে সুন্দর করতে হয়। জাতির শৈশবকে যত সুন্দর করা যাবে, জাতি তত সুন্দর হবে। এ আয়োজন গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে বছর জুড়ে এ কার্যক্রম চালাতে হবে।