একুশের সরল নায়কেরা
বায়ান্নর একুশে ফেব্রুয়ারির আন্দোলনের প্রকৃত নায়ক ছিলেন সাধারণ ছাত্র ও জনতা। কবি আলাউদ্দিন আল আজাদের ভাষায় সরল নায়ক। যাঁরা কোনো রাজনৈতিক দল বা ছাত্রসংগঠনের সদস্য ছিলেন না। একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভাঙা হবে কী হবে না, সে নিয়ে রাজনীতিক ও ছাত্রনেতাদের মধ্যে মতবিরোধ ছিল। শেষ পর্যন্ত সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে ছাত্ররা ১৪৪ ধারা ভাঙার পক্ষেই অবস্থান নিয়েছিলেন। সিদ্ধান্ত ছিল ১০ জন করে একেকটি দল গঠন করে মিছিল বের করবে, যাতে পুলিশ একসঙ্গে সবাইকে পাকড়াও করতে না পারে। কিন্তু দ্বিতীয় বা তৃতীয় দলের মিছিল বের হতেই পুলিশ লাঠিচার্জ করে। তাতে ছাত্ররা নিবৃত্ত না হলে কাঁদানে গ্যাস ছোড়া হয়। ততক্ষণে আমতলা পরিণত হয়েছে জনারণ্যে। ছাত্রদের সঙ্গে এসে যোগ দেন পেশাজীবী শ্রমজীবী সাধারণ মানুষ। এরপর সমাবেশে পুলিশ গুলি ছুড়লে কয়েকটি তাজাপ্রাণ ঝরে যায়, রক্তে রঞ্জিত হয় রাজপথ। আমরা যদি একুশের শহীদদের তালিকা দেখি তাহলেও ধারণা করতে অসুবিধা হয় না, এটি ছিল জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন বা গণবিদ্রোহ। তারা ছিলেন কৃষকের সন্তান। একমাত্র আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পড়তেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষে। বাকি সবাই বাইরের।রফিক। পুরো নাম রফিক উদ্দিন আহমেদ। ছাপাখানার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বাড়ি মানিকগঞ্জের সারিল গ্রামে। ২১ ফেব্রুয়ারি তিনিও কলাভবনের সামনের মিছিলে যোগ দেন এবং পুলিশের গুলিতে নিহত হন।আবদুস সালাম ছিলেন শিল্প অধিদপ্তরের কর্মচারী। তাঁর বাড়ি ফেনীর দাগনভূঞায়। আবদুল জব্বারের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। গ্রাম প্রতিরক্ষা দলের কমান্ডার ছিলেন। শাশুড়িকে চিকিত্সা করাতে নিয়ে এসেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল গেটে মিছিল দেখতে গিয়ে তিনিও তাতে শামিল হন। তাঁর হাতে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানসংবলিত একটি ব্যানারও ছিল। সফিউর রহমান ছিলেন হাইকোর্টের কর্মচারী, পাশাপাশি রাতে আইন বিষয়েও পড়াশোনা করতেন। তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কন্যাঘরে। নবাবপুর রথখোলার কাছে পাকিস্তানি সেনারা গুলি করলে তিনি শহীদ হন।এ ছাড়াও অহিউল্লাহ, আবদুল আউয়াল ও অজ্ঞাতনামা তিনজন শহীদের উল্লেখ রয়েছে বিভিন্ন লেখায়। তবে অহিউল্লাহ নামে প্রকৃতই কেউ নিহত হয়েছিলেন কি না, তা নিয়ে বিতর্ক আছে। দুই.বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে বেশ কিছু বই লেখা হলেও সেসব বইয়ে প্রকৃত ইতিহাস বা ঘটনা উঠে আসেনি। এ অভিযোগ যদি পরবর্তী প্রজন্মের লেখকেরা করতেন, তাহলে অমূলক বলে উড়িয়ে দেওয়া যেত। কিন্তু ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, জেল খেটেছেন—এ রকম কোনো ব্যক্তি বা ব্যক্তিরা প্রশ্নটি উত্থাপন করলে তা অবশ্যই আলোচনার দাবি রাখে।সঠিক ইতিহাস লেখার আগে জানা প্রয়োজন ভাষা আন্দোলনটি কী ছিল? কবে থেকে এর যাত্রা শুরু হয়েছিল? বাংলা ভাষার সংগ্রামের শুরু ৫২ বা ৪৮ সালে নয়। যখন থেকে এ অঞ্চলের বাংলা ভাষাভাষি মানুষ কথা বলতে শিখেছে, তখন থেকেই ভাষার লড়াই শুরু হয়েছে। বাঁচার জন্য মানুষকে যেভাবে লড়াই-সংগ্রাম করতে হয়, তেমনি ভাষাকেও প্রতি ক্ষণে যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে। বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায়ও ভাষার জন্য মানুষ লড়াই করেছেন। ১৯৬১ সালে আসামের শিলচরে মাতৃভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে ১১ জন বাঙালি শহীদ হন। বাংলাদেশে ভাষা আন্দোলনের বাড়তি গুরুত্ব হলো আন্দোলনটি শেষ পর্যন্ত রাজনৈতিক স্বাধীনতা ছিনিয়ে এনেছে। পাকিস্তান প্রতিষ্ঠার আগেই একশ্রেণীর বাঙালি মুসলমান পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, তা নিয়ে বিতর্কে লিপ্ত হন। তাঁদের যুক্তি ছিল, মুসলমানদের আবাসভূমি পাকিস্তানে একটি রাষ্ট্রভাষা হওয়া উচিত—উর্দু। ড. মুহাম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহের হোসেন, আবুল কাসেম, আবুল মনসুর আহমদ, আবু জাফর শামসুদ্দীন, মাওলানা আকবর খাঁ, ড. কুদরাত-এ-খুদা প্রমুখ এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তখনো পর্যন্ত বিতর্কটি পত্রিকার পাতায় সীমিত ছিল। কিন্তু ১৯৪৮ সালের দুটি ঘটনা ভাষা বিতর্কটি দেশের ব্যাপকসংখ্যক মানুষকে আলোড়িত করে। এক. পাকিস্তান গণপরিষদে কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ দত্তের বাংলা ভাষা প্রস্তাব নাকচ, দুই. ঢাকায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ঘোষণা। ধীরেন্দ্রনাথ দত্তের দাবি ছিল, উর্দুর পাশাপাশি বাংলাকেও পাকিস্তান গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। দুর্ভাগ্য, তাঁর এই প্রস্তাব গণপরিষদে বিল আকারে পেশ করতে যে-সংখ্যক সদস্যের সমর্থন প্রয়োজন ছিল, তা পাওয়া যায়নি। মুহাম্মদ আলী জিন্নাহ প্রথমবার ঢাকায় এসে তত্কালীন রেসকোর্স ময়দানে ভাষণ দিতে গিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, Urdu and Urdu shall be the State language of Pakistan. ছাত্রসমাজ এ স্বৈরতান্ত্রিক ঘোষণা মানতে পারেনি। মানতে পারেনি পূর্ব বাংলার সাধারণ মানুষও।তার আগেই বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বানে ১৯৪৮ সালের ১১ মার্চ পালিত হয় ছাত্র ধর্মঘট। যাতে যুক্ত হয় তত্কালীন শাসক দল ছাড়া প্রায় সব রাজনৈতিক দল, পেশাজীবী ও ছাত্রসংগঠন। আন্দোলনের একপর্যায়ে পূর্ব পাকিস্তানের তত্কালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন রাষ্ট্রভাষা পরিষদের সঙ্গে সমঝোতা চুক্তি করতে বাধ্য হন। পরবর্তী সময়ে শাসকগোষ্ঠী এর বাস্তবায়ন নিয়ে টালবাহানা করলে ছাত্রসমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ’৫২ সালের ফেব্রুয়ারির শুরু থেকে ছাত্ররা কর্মসূচি পালন করেন, যার চূড়ান্ত রূপ ছিল ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে (বর্তমান মেডিকেল কলেজ) ছাত্রজমায়েত আহ্বান। আন্দোলন বানচাল করতে শাসকগোষ্ঠী ১৪৪ ধারা জারি করলে ছাত্রসমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। সৃষ্টি হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র। তিন.ভাষা আন্দোলনের এ পর্বের পূর্বাপর ঘটনা সবার জানা। কারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, কারা মিছিলে অংশ নিয়েছিলেন সেসবের বিস্তারিত বিবরণও আমরা পাই সে সময়ের ছাত্র ও রাজনৈতিক নেতাদের কাছ থেকে। কিন্তু সে বিবরণ কতটা বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন? এ প্রশ্নটি তুলেছেন ভাষা আন্দোলনের একজন অংশগ্রহণকারী। যিনি নিজেকে সত্যাগ্রাহী হিসেবে অভিহিত করেছেন। তাঁর নাম আমীর আলী। ১৯৫২ সালে জগন্নাথ কলেজে একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। ১৪৪ ধারা জারির ঘোষণা শুনেও তাঁরা রণে ভঙ্গ দেননি। বরং পরের দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সবাইকে সমবেত হতে আহ্বান জানিয়েছিলেন। ইতিমধ্যে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা পরিষদের সঙ্গে ছাত্রসংগ্রাম পরিষদের বিরোধ দেখা দেয়। রাষ্ট্রভাষা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, ১৪৪ ধারা ভাঙা হবে না। অন্যদিকে ফজলুল হক হলের পুকুর পাড়ে ছাত্রসংগ্রাম পরিষদের সভায় সিদ্ধান্ত হয় ১৪৪ ধারা ভাঙা হবে। ১০ জন করে মিছিল নিয়ে প্রাদেশিক ব্যবস্থাপক সভায় স্মারকলিপি দেওয়া হবে। আমীর আলীর জবানিতে জানতে পারি, কোনো নেতা নয়, দল নয়—সাধারণ ছাত্রছাত্রীরাই একুশে ফেব্রুয়ারির ইতিহাস কাঁপানো ঘটনা ঘটিয়েছিল। সকাল থেকে শত শত ছাত্রছাত্রী কলাভবনে এসে হাজির হয়। স্বতঃস্ফূর্তভাবে তারা ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত নেয়। এতে কারও নির্দেশ বা নেতৃত্ব ছিল না। আর বিকেলে পুলিশ ছাত্র মিছিলে গুলি ছুড়লে গোটা ঢাকা শহর গণবিক্ষোভে ফেটে পড়ে। পুলিশ সেদিন গুলি করে সালাম, বরকত, রফিক, জব্বারসহ কয়েকজনকে হত্যা করে। যাকে যেখানে পেয়েছে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আমীর আলী আরও জানিয়েছেন, ‘ভাষা আন্দোলন কারও নির্দেশে হয়নি। এ আন্দোলনের কোনো একক বা একাধিক নেতা ছিলেন না। এর নেতৃত্বে ছিলেন সাধারণ ছাত্র ও শ্রমজীবী মানুষ। পুলিশের গুলিতে যাঁরা নিহত হন, তাঁদের মধ্যে দুজন ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বরকত ও রফিক। সালাম ছিলেন রিকশাচালক। অর্থাত্ ইতিহাসের অজানা কুশীলবেরাই ইতিহাস সৃষ্টি করেছেন। তাই বলে ভাষা আন্দোলনে রাজনৈতিক কিংবা ছাত্রনেতাদের কোনো ভূমিকা ছিল না, তাও নয়। তাঁদের ভূমিকা ছিল ২০ ফেব্রুয়ারি রাত পর্যন্ত। সকালের নায়ক ছাত্র-জনতা, গণমানুষ।’ এ প্রসঙ্গে আমীর আলী একটি চমকপ্রদ ঘটনার উল্লেখ করেছেন। পুলিশ ছাত্রদের গ্রেপ্তার করে নিয়ে যায় বিভিন্ন থানায়। লেখকের স্থান হয়েছিল তেজগাঁও থানায়। সেখান থেকে পর দিন আদালতে নিয়ে যাওয়া হবে। কীভাবে? প্রিজন ভ্যান নেই। টাউন সার্ভিসের একটি বাসে সবাইকে ওঠানো হলো। কিন্তু সাধারণ ধর্মঘটের কারণে বিচারক আদালতে আসেননি। ঠিক হয় সবাইকে কারাগারে পাঠানো হবে বিচারাধীন বন্দী হিসেবে। কিন্তু বিগড়ে বসলেন বাসের চালক। তিনি বললেন, ‘আমি এই পোলাগো কোর্টে আইন্যা ভুল করছি। জেলে লই গুনা করুম না।’ তাঁকে পয়সার লোভ দেখানো হলো। গাড়ির লাইসেন্স কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হলো। পুলিশ তাঁর ওপর নির্যাতন চালাল। কিন্তু কোনোভাবেই বাসচালককে তারা জেলখানায় নিতে পারেনি।ভাষা আন্দোলনের ইতিহাসে কি এই বাসচালকের নাম আছে? নেই। এই আক্ষেপের কথা বলেছেন আমীর আলী। তাঁর নালিশ, ভাষা আন্দোলনের নেতা ও গবেষকদের নামে—তাঁরা মুখ চিনে ইতিহাস লিখেছেন। পরবর্তী সময়ে যাঁরা বিখ্যাত হয়েছেন, দেশের নেতৃত্ব দিয়েছেন, তাঁদের কথা ফলাও প্রচার করলেও সাধারণের নাম কেউ উচ্চারণ করেননি।২২ ফেব্রুয়ারি ঢাকা শহরের চিত্র কেমন ছিল? পরদিনের পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, বিভিন্ন স্থানে ছাত্র-জনসাধারণের মিলিত শোভাযাত্রার ওপর পুলিশ ও সৈন্য বাহিনী বারবার লাঠিচার্জ এবং গুলিবর্ষণ করে।...এ দিন সমগ্র শহরে সব দোকানপাট, হাটবাজার সম্পূর্ণভাবে বন্ধ থাকে। অফিস-আদালত, এমনকি সেক্রেটারিয়েটের কর্মচারীরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদানে বিরত থেকে বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও বিক্ষোভে অংশগ্রহণ করেন। চকবাজার এলাকা দিয়ে মিছিল যাওয়ার সময় স্থানীয় দোকানদার ও জনসাধারণ দলে দলে যোগদান করায় শোভাযাত্রার কলেবর বহুগুণে বৃদ্ধি পায়। [দৈনিক আজাদ ২৩ ফেব্রুয়ারি ১৯৫২]এ ব্যাপারে ভাষাসৈনিক অলি আহাদের ভাষ্য হলো: এ দিন জনসাধারণের বিভিন্ন অংশ শহরের বিভিন্ন অঞ্চলে দলবদ্ধ হয়ে শোভাযাত্রা বের করে আর ১৪৪ ধারা অগ্রাহ্য করে বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। গ্রাম থেকে গাড়িওয়ালা, মাঝিমাল্লা আর কৃষক-মজুর, ছাত্র-শিক্ষকেরা এসে শহরে বিক্ষোভ প্রদর্শন করেছেন।...শহরের সব প্রান্ত থেকে জনসাধারণ নিজেরাই মিছিল সংগঠিত করে বিক্ষোভ প্রদর্শনও করেছেন। ২৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ মর্গান গার্লস স্কুলের প্রধান শিক্ষয়িত্রী মমতাজ বেগমকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে ঢাকায় পাঠানো হয়। এ খবর জানাজানি হলে চাষাঢ়া স্টেশনের কাছে বিক্ষুব্ধ জনতা গাছ কেটে পুলিশ ভ্যানটি থামিয়ে ঘেরাও করে ফেলে। পুলিশ লাঠিচার্জ করে বেশ কিছু লোককে আহত করে। কিছুসংখ্যক লোককে তারা গ্রেপ্তার করে থানায় নিয়ে বেধড়ক পিটুনি দেয়। এঁরা ছিলেন সাধারণ মানুষ।চার.আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে রেওয়াজ, তাতে নিজের ঢাক নিজে পেটানোর ঘটনা হরহামেশা ঘটছে। ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ—সবখানেই। লেখকের নালিশ, ‘বায়ান্নর একুশে ঢাকা সেন্ট্রাল জেলে প্রায় শ তিনেকের মতো এ ধরনের জিমি হান্টার (স্পেনের গৃহযুদ্ধে ইন্টারন্যাশনাল ব্রিগেডের সদস্য) ছিলেন। তাঁদের মধ্যে যাঁরা জীবনে উন্নতি করেছেন, ক্ষমতা, যশ আর খ্যাতি অর্জন করেছেন, বাংলাদেশের ঐতিহাসিক আর বুদ্ধিজীবীরা একুশে ফেব্রুয়ারির ব্যাপারে তাঁদের ভাষ্যই সংগ্রহ করেছেন। কিন্তু অধিকাংশই একুশে ফেব্রুয়ারিতে তাঁদের ভূমিকা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেননি। তাঁরা একটি চিত্রহীন ফ্রেমের মতো নিরাকার হয়ে গেছেন। ইতিহাসের “জনতা” নামের পাদটিকায় তাঁরা আজ অবলুপ্ত।’আমীর আলী তাঁর বইয়ে একুশে ফেব্রুয়ারি জনবিদ্রোহের কথাই শুধু লেখেননি, তুলে ধরেছেন প্রায় অনালোচিত ৫৫-এর ভাষা আন্দোলনের ইতিহাসও। ৫৪-এর নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হলেও কেন্দ্রীয় সরকার তাদের শাসনকাল দীর্ঘ হতে দেয়নি। কয়েক দিনের মাথায় যুক্তফ্রন্ট সরকার ভেঙে দিয়ে কেন্দ্রীয় শাসন জারি করে। অনেক রাজনীতিককে জেলে ঢোকানো হয়। যাঁরা বাইরে ছিলেন, তাঁরাও নিষ্ক্রিয়। এরই মধ্যে একুশে ফেব্রুয়ারি এসে যায়। তখন ছাত্র ইউনিয়ন গঠিত হয়েছে। ছাত্রলীগ তো ছিলই—পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, আওয়ামী লীগ সমর্থক।আমীর আলী তখন ছাত্র ইউনিয়নের সহকারী সম্পাদক। তাঁরা সিদ্ধান্ত নিলেন, ৯২-এর ক ধারা ভঙ্গ করে হলেও ২১ ফেব্রুয়ারি পালন করতে হবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ছাত্ররা কোনো সহায়তা বা সমর্থন পাননি। তাঁরা এককভাবে আমতলায় জমায়েত ও কালো পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিলেন। ইতিমধ্যে পুলিশ চারদিক ঘেরাও করে কয়েক শ ছাত্রকে ধরে নিয়ে যায়। আমীর আলীসহ কয়েকজন লাইব্রেরিতে লুকিয়ে ছিলেন। এ ক্ষেত্রেও লাইব্রেরি কর্মকর্তা আবু জোহা নূর আহমেদ তাঁদের সহায়তা করেছেন। তখন উপাচার্য ছিলেন ওয়াল্টার অ্যালেন জিংকিন্স। তাঁর সঙ্গে ছাত্রনেতাদের সাক্ষাতেরও ব্যবস্থা করেছিলেন এই ভাষাপ্রেমিক নিম্নমান কর্মকর্তা। ছাত্রনেতারা উপাচার্যের কাছে দাবি জানালেন আটক ছাত্রদের মুক্তি দেওয়ার জন্য।শেখ মুজিবুর রহমান তখন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমীর আলী তাঁর সঙ্গে দেখা করে বলেছিলেন, ‘মুজিব ভাই, এবারে একুশের ব্যাপারে আওয়ামী লীগ কী করছে?’ জবাবে মুজিব বললেন, ‘একটা কথা বিশ্বাস করবি তো? শেখ মুজিব জেলে যেতে ভয় করে না। কিন্তু শেখ মুজিব আওয়ামী লীগেরও জেনারেল সেক্রেটারি। আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক দল। শেখ মুজিব নিজে আইন অমান্য করতে ভয় পায় না।...কিন্তু আওয়ামী লীগের আর ছাত্রলীগের হাজারখানেক কর্মী জেলে। তাঁদের পরিবারের খরচ-খরচা এই শেখ মুজিবকে টানতে হচ্ছে। আরও ধরা পড়লে এই দায়িত্ব পালন করা সম্ভব নয়।’ আমীর আলীর উপলব্ধি হচ্ছে, ‘সে দিন আমার বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে তিনি সত্যি কথাই বলছেন তা নয়, পরম নিষ্ঠার সঙ্গে নিজের অক্ষমতার জন্য দুঃখও প্রকাশ করেছেন। পরে জেল থেকে ছাত্রবন্দিরা ছাড়া পেলে আওয়ামী লীগের পক্ষ থেকে সোয়ারীঘাটের অফিসে একটি সংবর্ধনাও দেওয়া হয়। বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সেই সংবর্ধিতদের মধ্যে ছিলেন। সে সময় ছাত্রনেতারা কোনো রাজনৈতিক দলের সহায়তা পাননি। সবাই জেল-জুলুমের ভয় ও নিয়মতান্ত্রিক রাজনীতির দোহাই দিয়েছেন। এ সম্পর্কে আমীর আলী যে দলের সদস্য ছিলেন সেই কমিউনিস্ট পার্টিও আন্দোলনের বিরোধিতা করেছিল। প্রকৃত প্রস্তাবে একুশে ফেব্রুয়ারি হলো বাংলাদেশের প্রথম গণবিদ্রোহ বা গণবিপ্লব। এর নায়ক কোনো ব্যক্তি বা সংগঠন নয়, সাধারণ মানুষ। এটিই ছিল বাংলাদেশের প্রথম গণঅভ্যুত্থান। পরবর্তী সময়ে যেসব গণ-আন্দোলন হয়েছে রাজনৈতিক দল বা ছাত্রসংগঠনগুলো এর নেতৃত্ব দিয়েছে। ইতিহাসবিদদের বর্ণনায় বরাবর নেতারা অগ্রাধিকার পান। কিন্তু জনগণ যে ইতিহাসের রচয়িতা, তা থেকে তাঁদের বাদ দেওয়ার কোনো উপায় নেই। ভাষা আন্দোলনের অন্যতম সত্যাগ্রাহী আমীর আলী সে কথাই স্পষ্ট ভাষায় বলেছেন তাঁর আখ্যানে।