একুশের সেই সংকলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ঘটনার পরে হাসান হাফিজুর রহমান একটি সংকলন প্রকাশের ব্যাপারে মনস্থির করেন। তাঁর সঙ্গে ছিলেন মোহাম্মদ সুলতান। যে প্রকাশনী থেকে ‘একুশে ফেব্রুয়ারী’ সংকলনটি বেরোয়, তাঁর নাম ছিল পুঁথিপত্র প্রকাশনী। শহীদ মিনারের পশ্চিম দিক দিয়ে যে রাস্তাটি বকশীবাজারের দিকে চলে গেছে, সেই রাস্তায় ছিল তাদের একটা ছোট বইয়ের ঘর। শহীদ মিনার চত্বরটি তখন এ রকম ছিল না। মেডিকেল কলেজ একসময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ। দ্বিতীয় মহাযুদ্ধের সময় পূর্বাঞ্চলের আহত সৈনিকদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হাসপাতালে রূপান্তরিত হয়। মেডিকেলের ছাত্রাবাস হিসেবে ১০-১২টি ব্যারাক ছিল। সেগুলো তৈরি করা হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময়। পুরো জায়গাটি ছিল গাছগাছালিতে ঢাকা। সেখানে তেলিশা নামে এক অবাঙালি ফকির বাস করত। চুল ছোট ছোট করে ছাঁটা, লম্বা টিকি, কালো কুচকুচে গায়ের রং, হাতে লোহার বালা, হাঁটু অবধি ধুতি, পরনে ছালা আর গায়ে সব সময় তেল মাখা থাকত। তার আদি নাম কী ছিল জানি না, তবে তেল মাখার কারণে সবাই তাকে তেলিশা বলত। রেসকোর্স ময়দানে তখন ঘোড়দৌড় হতো। যারা সেখানে বাজি ধরত, তারা ওকে ঘিরে ধরত। সে হাতের লাঠি দিয়ে বাড়ি দিলে ওরা মনে করত, তাদের মনের বাসনা পূর্ণ হয়েছে।যা হোক, পুঁথিপত্র থেকে বইটি প্রকাশের উদ্যোগ নেন হাসান ও তাঁর কয়েকজন বন্ধু। আমাকে সে সংকলনের কিছু লেখার সচিত্রকরণের দায়িত্ব দেওয়া হয়। এর আগে আমি কখনো সাহিত্যকর্মের অলংকরণ করিনি। কিন্তু হাসানের কথা ফেলতে না পেরে পাতলা নিব দিয়ে কয়েকটি রেখাচিত্র আঁকি। তখনকার বিচারে ড্রয়িংগুলো ছিল বেশ দুর্বল। তখনো গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টসের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চারুকলা অনুষদ) পাঠ্যক্রমে ফিগারধর্মী অনুশীলন চালু ছিল তৃতীয় বর্ষ থেকে। ফলে অনুশীলনের তেমন কোনো সুযোগ না পাওয়ায় ড্রয়িংয়ে দক্ষতা অর্জন করতে পারিনি। তবে ভাষা আন্দোলনের জমায়েত যেভাবে প্রত্যক্ষ করেছি, সেভাবেই এঁকেছি: ব্যারাকের চারদিকে কাঁটাতারের বেড়া, ছাত্ররা আবদ্ধ অবস্থায় স্লোগান দিচ্ছে, কিংবা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমাবেশ ও বক্তৃতা। আমি মনে করি, ড্রয়িং হিসেবে সেগুলো দুর্বল, কিন্তু দলিল হিসেবে গুরুত্বপূর্ণ। সংকলনটিতে তুলির মোটা আঁচড়ে যে কাজগুলো রয়েছে, সেসব বিজন চৌধুরীর আঁকা। কিন্তু সে সময়ের রাজনীতির পটে এবং সংখ্যালঘুদের প্রতি শাসকদের সন্দেহের কারণে নাম ব্যবহারের ক্ষেত্রে কৌশলের আশ্রয় নেওয়া হয়েছিল। যেমন বহু পরে শহীদুল্লা কায়সারের কালজয়ী উপন্যাস সংশপ্তক-এর প্রচ্ছদ এঁকেছিলেন দেবদাস চক্রবর্তী। কিন্তু প্রচ্ছদশিল্পীর কোনো নাম ছিল না। ‘একুশে ফেব্রুয়ারী’ সংকলনটিতে আমার আঁকা সাতটি এবং বিজন চৌধুরীর আঁকা পাঁচটি রেখাচিত্র রয়েছে।সংকলনটিতে পুঁথিপত্র প্রকাশনীর মনোগ্রামটি ছিল আমার করা। মনোগ্রামে ছিল খোলা একটি বই, পেছনে প্রজ্বলিত মশাল, ওপরে একটি তারা। প্রচ্ছদের ভেতরের পাতার ‘একুশে ফেব্রুয়ারী’ লেখাটিও আমার। সংকলনের প্রচ্ছদ এঁকেছিলেন আমিনুল ইসলাম। এর উত্সর্গ পৃষ্ঠায় পাঁচ লাইনের লেখাটি আনিসুজ্জামানের হস্তাক্ষরের অনুলিপি। বইটি বেরোয় ১৯৫৩ সালের মার্চ মাসে। ১৯৫২ সালের মাঝামাঝি সময়ে আমার করা একটি লিনোকাট এই সংকলনে মুদ্রিত হয়। সম্ভবত এটি বায়ান্নর রক্তাক্ত ভাষা আন্দোলনের ওপর প্রথম শিল্পকর্ম। তবে আমিনুল ইসলাম আমাকে বলেছিলেন যে তিনি সেই সময় হিউম্যানিটিজ ক্রসিফাইড বলে একটি কাজ করেছিলেন। কিন্তু সেই কাজটি আমি দেখিনি এবং কোথাও প্রদর্শিত হয়নি।এই সংকলনে ‘একটি বেওয়ারিশ ডায়েরির কয়েকটি পাতা’ শিরোনামে আমার একটি লেখা রয়েছে। একজন প্রত্যক্ষদর্শী হিসেবে যেভাবে ঘটনাগুলো দেখেছি ও শুনেছি, আমার লেখায় তা-ই লিপিবদ্ধ করেছিলাম। তাতে কোনো কল্পনার আশ্রয় নিতে হয়নি।১৯৫২ সাল পর্যন্ত আমি মুর্তজা বানান ম-এ দীর্ঘ-ঊ কার দিয়ে লিখতাম। সংকলনটিতেও ওভাবেই নাম ছাপা হয়েছে। কিন্তু ১৯৫২ সালের পরে আমার পিতা ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ পিতৃদত্ত নাম এভাবে পরিবর্তন করা পছন্দ করেননি। আমাকে তিনি তিরস্কারও করেছিলেন। কিন্তু এই নামটির প্রতি আমার জেদ থেকে তিনি বিষয়টি মেনে নেন এবং বলেন, ‘তুমি তো মূর্খ নও, তুমি বুদ্ধিমান। মূর্খের বানানে হয় ম-তে ঊ কার। তুমি ম-তে হ্রস্ব-উ কার দিয়ে লিখবে।’ তারপর তা-ই করি।উল্লেখ্য, মোহাম্মদ সুলতান ও এম আর আখতার মুকুল মিলে পুঁথিপত্র প্রকাশনীর বইঘরটি করেন। প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান। ক্রাউন সাইজের ১৮৩ পৃষ্ঠার সেই সংকলনটির দাম ছিল দুই টাকা আট আনা। পাইওনিয়ার প্রেসের পক্ষে সেটি এম এ মকিত ছাপেন। ব্লক তৈরি করেছিল বাদামতলীর এইচম্যান কোম্পানি।প্রকাশের পরপরই সংকলনটি নিষিদ্ধ হয়ে যায়। ১৯৫৬ সালে আতাউর রহমান খান যখন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, তখন সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।বইটির সূচিপত্র ছিল নিম্নরূপ:একুশে ফেব্রুয়ারি সকল ভাষার সমান মর্যাদা—আলী আশরাফ।একুশের কবিতা—শামসুর রাহমান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, আবদুল গনি হাজারী, ফজলে লোহানী, আলাউদ্দীন আল আজাদ, আনিস চৌধুরী, আবু জাফর ওবায়দুল্লাহ, জামালুদ্দীন, আতাউর রহমান, সৈয়দ শামসুল হক, হাসান হাফিজুর রহমান।একুশের গল্প: মৌন নয়—শওকত ওসমান, হাসি— সাইয়িদ আতীকুল্লাহ, দৃষ্টি— আনিসুজ্জামান, পলিমাটি—সিরাজুল ইসলাম, অগ্নিবাক—আতোয়ার রহমান।একুশের নকশা: একটি বেওয়ারিশ ডায়েরির কয়েকটি পাতা—মূর্তজা বশীর, অমর একুশে ফেব্রুয়ারি রক্তাক্ত স্বাক্ষর—সালেহ আহম্মদ।একুশের গান—আবদুল গাফ্ফার চৌধুরী, তোফাজ্জল হোসেন।একুশের ইতিহাস—কবির উদ্দিন আহমেদ।সংকলনের ভূমিকা লিখেছিলেন সম্ভবত আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন। আলী আশরাফ ছিলেন কমরেড খোকা রায়। জামালুদ্দীন ঢাকা মেডিকেলের ছাত্র ছিলেন, পরের খবর জানা নেই। তোফাজ্জল হোসেন কবি তারিক সুজাতের বাবা, এবার একুশে পদক পেয়েছেন। কবির উদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র ছিলেন, পরে আমেরিকায় স্থায়ী হন। সালেহ আহম্মদ ঢাকা মেডিকেলের ছাত্র, গোপন কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন।শুনেছিলাম, হাসান হাফিজুর রহমান তাঁর পৈতৃক জমিজমার কিছু অংশ বিক্রি করে বইটি প্রকাশ করেছিলেন। তবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়।