একুশের সেই ‘দুনিয়া কাঁপানো ৩০ মিনিট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ঐতিহাসিক আমতলায় হাজার হাজার ছাত্রছাত্রী একত্র হয়েছিলেন। তুমুল উত্তেজনা চলছিল সেই উদ্দীপ্ত তরুণদের মধ্যে। রাষ্ট্রভাষা বাংলা চাই—এই দাবি এক অদ্ভুত উদ্দীপনা ছড়িয়ে দিল। তাঁরা সেদিন পাকিস্তানি শাসকগোষ্ঠীর সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যূথবদ্ধ হয়েছিলেন। তাঁরা সেদিন বজ্রদীপ্ত কণ্ঠে ১৪৪ ধারা ভাঙার পক্ষে রায় দিয়েছিলেন।তারপর দলে দলে বিভক্ত হয়ে ছাত্রছাত্রীরা মিছিল বের করলে পুলিশ তাঁদের ওপর লাঠিপেটা করে, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে; গুলি করে হত্যা করে বরকত, সালাম, রফিক, জব্বারসহ আরও কয়েকজনকে। কিন্তু সেই নৃশংস হত্যাকাণ্ড অমিত প্রাণের কল্লোল থামাতে পারে না। আন্দোলন ছড়িয়ে পড়ে ঢাকা শহরে, সারা দেশে।সময়টা ছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির বিকেল তিনটা ২০ থেকে ৫০ মিনিট। সেই বিকেলের ‘৩০ মিনিটে’ তাঁরা নির্ধারণ করে দিয়েছিলেন আমাদের জাতির ভবিষ্যেক, আমাদের মাতৃভাষার ভবিষ্যেক। এই সেই ‘৩০ মিনিট’, যখন পুলিশ সতর্কবাণী না উচ্চারণ করেই নির্বিচারে গুলি চালিয়েছিল। এই সেই ‘দুনিয়া কাঁপানো ৩০ মিনিট’, যা প্রতিবাদী তরুণ-তরুণীর সমবেত শক্তিকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছিল, তাঁদের সংকল্পকে আরও অটল করে তুলেছিল। তাঁরা গুলির সামনে বুক পেতে দেওয়ার সাহস দেখিয়েছিলেন। সেই ‘দুনিয়া কাঁপানো ৩০ মিনিট’ই নির্ধারণ করে দিয়েছিল আমাদের মহান মাতৃভাষা আর জাতির ভাগ্য, যা কিনা স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে। সেই স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল শহর থেকে গ্রামে, প্রতিটি জনপদে। এরপর একটি তারিখ, ২১ ফেব্রুয়ারি, একটি বছর, ১৯৫২ সাল আমাদের অত্যন্ত আপন হয়ে আমাদের হূদয়ে চিরকালের জন্য ঠাঁই পেয়ে গেছে। আমাদের ভাষা বাংলাকে আমাদের নিজের করে পেয়েছি। তারপর আমরা একটি দেশ পেলাম, যার নাম বাংলাদেশ। আমরা একটা দিবস পেলাম, যাকে সারা বিশ্ব স্বীকৃতি দিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আমরা এবার ওই ঐতিহাসিক ‘দুনিয়া কাঁপানো ৩০ মিনিট’কে বিশেষভাবে স্মরণ করব। দেশের মানুষের সামনে নতুন করে তুলে ধরব এই ঐতিহাসিক দিবসের গুরুত্বকে।আমাদের এ উদ্যোগের লক্ষ্য দেশের সর্বস্তরের মানুষকে; বিশেষত বর্তমান প্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়া, বাঙালিরা একত্র হলে কী এক অসাধারণ শক্তি নিয়ে কী অসাধ্য সাধন করতে পারে! আমরা সেই ঐতিহাসিক সময়ের ঘটনা, মিছিল, গুলি আর তাজা প্রাণের রক্ত ঝরানোর বীরত্বগাথা স্মৃতিকথায় পড়েছি; গল্প, কবিতা, উপন্যাস আর শিল্পীর আঁকা চিত্র থেকে জেনেছি। এর সবকিছুই আজও আমাদের যারপরনাই অনুপ্রাণিত করে চলেছে। আমাদের এ উদ্যোগের উদ্দেশ্য সেই ‘দুনিয়া কাঁপানো ৩০ মিনিটে’র কথা আমরা আবার স্মরণ করব, যাতে নতুন প্রজন্ম উদ্দীপ্ত হয়। এ জন্য আমরা সবাইকে এবারের একুশে ফেব্রুয়ারি বিকেল তিনটায় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেটের সামনে আমাদের সঙ্গে যোগ দিতে আহ্বান জানাচ্ছি। যে জায়গায় ১৯৫২ সালে তরুণ ছাত্ররা মাতৃভাষা আর মাতৃভূমির মুক্তির জন্য তাঁদের জীবন উত্সর্গ করেছিলেন, সেই জায়গায় ঠিক সময়মতো আমরা একত্র হব।এই ফেব্রুয়ারিতে আমাদের জীবনের যে ‘৩০ মিনিট’ অবস্থান করে, সেই ‘৩০ মিনিটে’র প্রবল শক্তিকে স্মরণ করব। আমরা আবার জেগে উঠতে চাই। আমরা আবার ঐক্যবদ্ধ হতে চাই। সেই ‘দুনিয়া কাঁপানো ৩০ মিনিট’কেই আমরা নতুন করে সৃষ্টি করব। আমরা নতুন করে শপথ নেব। বায়ান্নতে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ থেকে একাত্তরে স্বাধীন বাংলাদেশ, এখন সেখান থেকে নতুন আলোকিত বাংলাদেশ গড়তে চাই।মহান একুশে ফেব্রুয়ারি শুধু আমাদের মাতৃভাষা দিবস নয়, এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা দুনিয়া আজ বাঙালি ছাত্রদের রক্ত দিয়ে অর্জিত এই দিনটিকে স্মরণ করে। এই সঙ্গে আমাদের দায়িত্বও বেড়ে যায়, যেন কোনো জাতির কোনো মাতৃভাষা হারিয়ে না যায়; সে জন্য কাজ করে যাওয়া। নানা সূত্রে জানা যায়, ২৫০০ ভাষা পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। আর প্রতিটি ভাষার সঙ্গে কোনো সংস্কৃতি বা পুরো এক জাতি হারিয়ে যায়। এখন সারা বিশ্বে ১০ হাজার ভাষা আছে। এর মধ্যে সাত হাজার ভাষায় মানুষ কথা বলে (উইকিপিডিয়া)। ‘একুশ শতকের মধ্যেই তিন হাজার ভাষার মৃত্যু হবে’ (গার্ডিয়ান, ১৯৯৯)। মায়ের ভাষা রক্ষার জন্য কী করা হয়েছে, আর কী করা যেতে পারে, তা যেন সারা বিশ্বের মানুষ উপলব্ধি করতে পারে, তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সে জন্য আমরা ওই ঐতিহাসিক ‘দুনিয়া কাঁপানো ৩০ মিনিট’কে আবার স্মরণ করতে চাই।প্রতিবছর আমরা একুশকে স্মরণ করি। এটা শুধু অতীতকে আঁকড়ে ধরে থাকা নয়, বরং নিজের পরিচয় নিয়ে নিজেকে উজ্জীবিত করা এবং ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখা। একুশ নিয়ে অনেক বছর ধরে আমরা প্রায় একই ধরনের অনুষ্ঠান করে চলেছি। এ কারণে আমরা এবার নতুন কিছু করতে চেষ্টা করছি; এক আশাজাগানিয়া নতুন আলোর প্রতীক, অনুপ্রেরণাদায়ী নতুন সংকল্প, যা আমাদের মনে করিয়ে দেবে, বাঙালি আর বাংলাদেশ কতটা অসাধ্য সাধন করতে পারে!১১ বছর ধরে দেশের মানুষের কল্যাণে যেকোনো উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রথম আলো সব সময় চেষ্টা করছে। জনগণের সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট গ্রামীণফোন। আমরা আগে একাত্তরের চিঠি প্রকাশের মাধ্যমে গ্রামীণফোনের কাজের অংশীদার হয়েছি। আমরা দেখেছি, মানুষের মনে কী আবেগ সৃষ্টি করেছে এ বই! এই বইয়ে প্রকাশিত মহান মুক্তিযোদ্ধাদের চিঠিগুলো মানুষকে নতুন করে জাগরিত করছে। একাত্তরের চিঠি দেশের হাজার হাজার বাঙালি পাঠকের হূদয়ে গভীর আলোড়ন সৃষ্টি করে চলছে। আমরা আবার অংশীদার হয়েছি। সংঘবদ্ধ থাকার শক্তি, বাঙালির চেতনার শক্তি ও বায়ান্নর ‘দুনিয়া কাঁপানো ৩০ মিনিটে’র মধ্যে যে শক্তি আছে, সে শক্তিকে বাঙালি তরুণদের মনে জাগিয়ে তুলতে আমাদের এ উদ্যোগ।আমরা আশা করি, বর্তমান প্রজন্ম, আজকের তরুণেরা এই বার্তা উপলব্ধি করুক এবং দেশের জন্য এই তরুণেরা যা করতে পারে তা বাস্তবে রূপ নিক। আমরা আশা করি, আমরা স্বপ্ন দেখি, এই ‘দুনিয়া কাঁপানো ৩০ মিনিট’ স্মরণের অনুষ্ঠান আমাদের সংস্কৃতি ও পরিচয়ের স্থায়ী অংশে পরিণত হবে। ‘৩০ মিনিট’ যদি সজীব থাকে, তবে নিজেদের ওপর, ভাষার প্রতি আমাদের ভালোবাসা এবং আমাদের জাতির পরিচয়ের ওপর আমাদের আশা ও বিশ্বাস বেঁচে থাকবে। তাহলে সত্যি আমরা একদিন আমাদের প্রার্থিত আলোকিত বাংলাদেশকে পাব।