একেবারেই অন্য রকম একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই তখন ঢাকার ক্রিকেট খেলা শুরু করেছেন মোহাম্মদ রফিক। আন্তর্জাতিক ক্রিকেটের জটিলতা, আইসিসির ভোটাভুটির হিসাব, অবকাঠামো; অনেক বিষয়ই তখনো ঠিক বুঝে উঠতে পারেন না। তাঁর ক্রিকেট তখন শুধুই এক রোমাঞ্চের নাম। টেলিভিশনে দেখেন, তাঁরা যে ক্রিকেট খেলেন, তার চেয়ে ভিন্ন এক ধরনের ক্রিকেট খেলে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া। সাদা পোশাক পরে পাঁচ দিন ধরে খেলা হয়, সে খেলায় ইচ্ছামতো বোলিংয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যায়, ব্যাটসম্যানের সঙ্গে আক্ষরিক অর্থেই খেলা করা যায়। এই খেলাটা খেলতে বড় ইচ্ছে করত রফিকের। সতীর্থদের বলতেন, ‘আমরা কেন এই খেলাটা খেলি না?’ সতীর্থরা হেসে বলেন, ‘কী যে বলিস! বাংলাদেশ খেলবে টেস্ট ক্রিকেট!’ রফিকের খুব রাগ হয়। জেদ করে বলেন, ‘দেখবি, একদিন বাংলাদেশ টেস্ট খেলবে। আমিও খেলব।’সেদিনের সেই ‘হাস্যকর’ কথাটা কীভাবে যেন সত্যি হয়ে যায়। রফিকের বাংলাদেশ সত্যি সত্যি একদিন টেস্ট খেলতে নেমে যায়, সাদা পোশাক পরে মাঠে নামেন এই বাঁহাতি স্পিনারও। শুধু মাঠে নেমে ইতিহাসে নাম লেখানোয় কর্তব্য শেষ মনে করেননি, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম দশকে সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম হয়ে গেলেন এই মোহাম্মদ রফিক। এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ উইকেটশিকারি (৩৩ ম্যাচে ১০০) তিনি, সাকিব আল হাসান সম্প্রতি ছুঁয়েছেন তাঁর সবচেয়ে বেশিবার (৭ বার) ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড, এক সিরিজে এখনো দ্বিতীয় সর্বোচ্চ (১৭) উইকেট তাঁর, টেস্টে একটি সেঞ্চুরিসহ ১০৫৯ রান আছে; এসব পরিসংখ্যান বাংলাদেশের টেস্ট ক্রিকেটে রফিকের অবদান থোড়াই বোঝাতে পারে।আসল রফিককে বুঝতে গেলে সেই যুগের ক্রিকেটে রফিককে ইনিংসে ইনিংসে অনুসরণ করতে হবে। এ সেই যুগের গল্প, যখন বাংলাদেশের বোলারদের জন্য টেস্টে দ্বিতীয় ইনিংস ব্যাপারটাই একটা স্বপ্নের ব্যাপার ছিল। যা বোলিং করার এক ইনিংসেই করতে হবে!এ নিয়ে রফিকের একটু দুঃখবোধ আছে। কিন্তু আফসোস করতে চান না, ‘নিয়মিত দুই ইনিংস বল করতে পারলে তো আরও অনেক দূর যেতে পারতাম। কিন্তু তখন তো আসলে আমাদের অবস্থা ও রকমই ছিল। এ নিয়ে আফসোস করে কী হবে!’রফিক এমনই। কষ্ট থাকে বুকের মধ্যে, কিন্তু আফসোস করতে চান না। নইলে প্রথম টেস্ট খেলার পর, পরের টেস্ট খেলতে যে বোলারের ১২টি টেস্ট অপেক্ষা করতে হয়, তিনি কেন আফসোস করবেন না! তা-ও কী অদ্ভুত যুক্তি, রফিক টেস্ট বোলার নন!এই যুক্তিতে রফিককে অভিষেক টেস্ট খেলানোর পরের ১২ টেস্টে খেলানো হয়নি, এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট খেলানোর পর আবার ৫ টেস্ট বিরতি! এই নিয়ে রফিক অভিযোগ করেন, তবে নিজের অপ্রাপ্তির জন্য নয়, দেশের ক্ষতি হওয়ার জন্য, ‘আমি ওই কয়টা টেস্ট খেললে কী হতো? হয়তো দেড় শ উইকেট নিয়ে অবসরে যেতাম। কিন্তু আমি বেশি কষ্ট পাই ওই সময়ে আমি দেশের জন্য কিছু করতে পারিনি বলে। আমাকে নিয়মিত খেলালে লাভটা আমার দেশেরই হতো।’অবসর নেওয়ার পর ইদানীং রফিক দুনিয়াটাকে এভাবে ব্যক্তিজীবনের ঊর্ধ্বে উঠে দেখার চেষ্টা করছেন, যে দর্শনে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় কৃতিত্ব অনেক বড়। এই রফিকের সামনে তাঁর সাফল্যের গল্প বললে তিনি হেসে বলেন, ‘আমার একার কথা বলছেন কেন? এক শ উইকেট পাওয়ার জন্য আমি বল করেছি ঠিকই, কিন্তু কেউ একজন ক্যাচ ধরেছে, কেউ স্টাম্পিং করেছে; এই সাফল্য তাদেরও তো। আসলে দুনিয়ায় একা কিছু করা যায় না।’রফিক কি একটু বদলে গেলেন! নাকি আমরা ভুল চিনতাম তাঁকে? রফিকের বদলটা আরও চোখে পড়ে। অবসর নেওয়া সব ক্রিকেটার যখন ‘দেশের উন্নতি হয়নি’ স্লোগান নিয়ে মিছিল করতে ব্যস্ত, রফিক অবাক হয়ে বলেন, ‘অনেক উন্নতি হয়েছে। ১০ বছর তো সামান্য সময়। এই সময়ে আমাদের ছেলেরা কত এগিয়েছে কল্পনা করতে পারেন! এই যে সাকিব-তামিমরা এখন ওয়ানডেতে, এমনকি টেস্টেও কি দুর্দান্ত খেলছে, এটাকে খারাপ বলবেন কী করে?’মাঠে উইকেটের জন্য ঝাঁপিয়ে পড়া সেই মানুষটির মধ্যে আসলে অন্য রকম একজন বসবাস করে। এই মানুষটির কাছে ছোট ছোট উন্নতি অনেক বড় ব্যাপার, উত্তরসূরিদের সাফল্যে তিনি আমোদিত হন। আর জয়ের চেয়েও তাঁর কাছে বড় ক্রিকেটের নৈতিকতা। টেস্ট-জীবনের স্মরণীয় ঘটনা বলতে গিয়ে মুলতানের প্রসঙ্গ নিয়ে আসেন। না, কোনো ব্যাটসম্যানকে আউট করার প্রসঙ্গ নয়, একজনকে আউট না করার প্রসঙ্গ। সেই যে বোলিং করতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া উমর গুলকে সুযোগ পেয়েও রানআউট করেননি। রফিক আবেগ জড়ানো গলায় বলেন, ‘ওই কাজটার জন্য কেউ খারাপ বলেছে, কেউ ভালো বলেছে। আমার কাছে মনে হয়েছে, ক্রিকেট খেলোয়াড়দের এ রকম অনৈতিক কাজ করা ঠিক না।’এ জন্যও রফিক একজন খাঁটি ‘টেস্ট ক্রিকেটার’; যাঁর বুকে শিখা অনির্বাণের মতো ক্রিকেটের চেতনা।