একেবারেই এগোচ্ছে না ভূমির ডিজিটালকরণ
ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নের জন্য ভূমির ডিজিটালকরণের লক্ষ্যে এ সরকারের নেওয়া একটি প্রকল্পও এখনো শেষ হয়নি। ভূমি মন্ত্রণালয় সূত্রে ডিজিটালকরণের পাঁচটি প্রকল্পের কথা জানা গেছে। এর মধ্যে দুটি ছোট প্রকল্পের কাজ শুরু হলেও শেষ হয়নি। বাকি তিনটি এখনো শুরুই হয়নি। এই তিনটির মধ্যে বিদেশি অর্থায়নে যে দুটি প্রকল্প রয়েছে, সে দুটিরই মেয়াদ এক বছর পেরিয়ে গেছে। ডিজিটালকরণের নামে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেসবের বড় অংশজুড়েই আছে জমির পুরোনো রেকর্ড স্ক্যান করে কম্পিউটারে রাখা। খোদ ভূমি মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা বলছেন, এতে ভূমিসংক্রান্ত রেকর্ড ভালোভাবে সংরক্ষিত হবে বটে, কিন্তু এখন রেকর্ডগুলোতে যে ত্রুটি আছে, তা থেকেই যাবে। এটি প্রকৃত ডিজিটালকরণ নয়।এ ব্যাপারে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্বীকার করতে দোষ নেই যে ডিজিটালকরণ কর্মসূচিতে আমরা অনেক পিছিয়ে গেছি। প্রশাসনিক নানা জটিলতায় এটা হয়েছে। এ ক্ষেত্রে আমাদের সাফল্য খুব বেশি আছে এটা দাবি করব না।’ তিনি বলেন, ‘ডিজিটালকরণ বিষয়টি চমকপ্রদ এবং নতুন। এ রকম একটি নতুন বিষয় বুঝতে আমাদেরও সময় লাগছে।’সরকারের নির্বাচনী অঙ্গীকারে ২০২১ সাল পর্যন্ত সময়ের যে রূপকল্প ঘোষণা করা হয়েছে, তাতে ভূমি রেকর্ড ও নিবন্ধনের ডিজিটালকরণের কথা বলা হয়েছে।ভূমির ডিজিটালকরণ কেন? প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন তথ্য অধিকার কর্মসূচির (এটুআই) তৈরি করা ‘ডিজিটাল বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার ২০১১’ শীর্ষক এক দলিলে উল্লেখ করা হয়েছে, দেশের ভূমিসংক্রান্ত দলিলের এক-চতুর্থাংশই ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ দলিল এবং ব্যবস্থাপনার নানা ত্রুটির কারণে ভূমিসংক্রান্ত মামলা বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখে। এটুআইয়ের দলিলে বলা হয়, গড়ে একটি ভূমি মামলা নিরসন হতে সময় লাগে নয় বছর পাঁচ মাস।বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় তিনটি প্রশাসন কাজ করে। ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) ভূমি জরিপের দায়িত্ব পালন করে এবং ভূমির স্বত্বলিপি বা রেকর্ড প্রণয়ন করে। মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে সহকারী কমিশনাররা (ভূমি) ভূমি রেকর্ড হালনাগাদ, রক্ষণাবেক্ষণ, ভূমি রাজস্ব আদায় করেন। আর মাঠপর্যায়ে আইন মন্ত্রণালয়ের অধীন সাব-রেজিস্ট্রাররা করেন ভূমি রেজিস্ট্রেশনের কাজ। এর ফলে ভূমির একই রেকর্ড তিনটি অফিসে থাকে।ভূমি মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ ভূমি প্রশাসন সংস্কার প্রকল্পে’র প্রস্তাবে বলা হয়েছে, ‘রেকর্ডের এ ত্রিমুখী উৎস একটি বড় ধরনের ত্রুটি। তিনটি রেকর্ডের মধ্যে কোনটি অকাট্য প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে, তা নিয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়।’ভূমি জরিপের জটিলতা মানুষের ভোগান্তির অন্যতম কারণ বলে মনে করেন ডিএলআরএসের মহাপরিচালক মো. আবদুল মান্নান। তিনি বলেন, প্রচলিত ব্যবস্থায় চেন বা লগি টেনে যেভাবে ভূমি জরিপ করা হয়, তাতে দৈর্ঘ্য-প্রস্থ ঠিক থাকে না। জরিপ চলাকালে কিছু অসৎ জরিপকারীর জন্য মানুষের ভোগান্তি হয়, জালিয়াতির সুযোগ তৈরি হয়। এই জটিল ব্যবস্থায় সাধারণ মানুষ নিজের জমি নিজেই নির্দিষ্ট করতে পারে না। জমি খুঁজে পেতে অন্যের সাহায্য নিতে হয়।ব্যবস্থাপনার প্রথাগত পদ্ধতির পরিবর্তে আধুনিক যন্ত্রপাতি (জিপিএস-গ্লোবাল পজিশনিং সিস্টেম, ইটিএস-ইলেকট্রনিক টোটাল স্টেশন, ডেটা রেকর্ডার) ইত্যাদি ব্যবহার করে ভূমির জরিপ, আগের পরিবারভিত্তিক খতিয়ানের পরিবর্তে প্লটভিত্তিক খতিয়ান প্রণয়ন এবং এগুলোর ডিজিটাল সংরক্ষণই ডিজিটালকরণ ব্যবস্থার অন্তর্ভুক্ত। পরিবারভিত্তিক খতিয়ানে একটি খতিয়ানের ভেতরে একাধিক প্লটের উপস্থিতি থাকার ফলে মালিকানা নিয়ে জটিলতা হয় এবং দ্বন্দ্ব বাড়ে। প্লটভিত্তিক খতিয়ানে কোন মালিকের কত অংশ তা সুনির্দিষ্ট থাকবে। এবং প্লটের প্রতিটি বাহুর দৈর্ঘ্য-প্রস্থ উল্লেখ থাকবে। পাশাপাশি, ভূমির ডিজিটালকরণের ফলে একাধিক ভূমি অফিসের পরিবর্তে একটি অফিসে এক দিনেই জমির রেজিস্ট্রি, মিউটেশন (নামজারি) এবং নকশা সংশোধন সম্পন্ন হবে। প্লটভিত্তিক ভূমি প্রশাসনব্যবস্থায় ভূমির মালিকানাসংক্রান্ত একটি একক সনদ থাকবে।ডিজিটালকরণ কর্মসূচির হালহকিকত: ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ সরকারের অর্থায়নে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সাভারের পাঁচটি মৌজায় ডিজিটাল জরিপ শুরু হয়। এখন পর্যন্ত চারটি মৌজার জরিপ সম্পন্ন হলেও এ জরিপসংক্রান্ত কোনো প্রকাশনা বের হয়নি।সরকারের অর্থায়নে ২০১০ সালে নরসিংদীর পলাশ উপজেলার ৪৮টি মৌজার মধ্যে ২১টি মৌজার ডিজিটাল জরিপের কেবল প্রাথমিক স্তর শেষ হয়েছে। বাকি ২৭ মৌজায় কাজের কর্মসূচি এখনো নেওয়া হয়নি।ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণ (প্রথম পর্যায়, বিদ্যমান ম্যাপ ও খতিয়ানসমূহের কম্পিউটারাইজেশন) নামে সরকারের আরেকটি প্রকল্প এ বছরের জুলাই মাস থেকে শুরু হয়েছে। এটি শেষ হবে ২০১৪ সালে। দেশের ৫৫টি জেলায় এই কার্যক্রম চলবে। এতে ব্যয় হবে ৫০ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার টাকা।প্রকল্পের পরিচালক ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) পুণ্যব্রত চৌধুরী জানান, প্রকল্পে লোকবল নিয়োগ এখনো শেষ হয়নি। এ প্রকল্পের মাধ্যমে জেলাগুলোতে সংরক্ষিত ভূমির রেকর্ড স্ক্যান করে কম্পিউটারে সংরক্ষণ করা হবে। এর ফলে মানুষ তাদের প্রয়োজনীয় কাগজপত্র অল্প সময়ে এবং কম খরচে পাবে। এখন যেসব ত্রুটিপূর্ণ রেকর্ড আছে সেগুলো নিষ্পত্তি না করে সংরক্ষণ করা হলে তা নতুন সমস্যা তৈরি করবে কি না, এ প্রশ্নের জবাবে পুণ্যব্রত চৌধুরী বলেন, জেলা পর্যায়ে অগ্রাধিকারের ভিত্তিতে ত্রুটিহীন রেকর্ড আগে সংরক্ষণ করা হবে। বিরোধপূর্ণ রেকর্ড নিষ্পত্তির পর সংরক্ষণ করা হবে।এই প্রকল্পটির আদলেই এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে স্ট্রেংদেনিং গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রজেক্ট (কম্পোনেন্ট-বি ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম) নামে আরেকটি প্রকল্প নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩০ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার টাকা। দেশের সাতটি জেলার ৪৫টি উপজেলায় সংরক্ষিত রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। এর পাশাপাশি উপজেলাগুলোতে একটি করে তথ্যসেবাকেন্দ্র গড়ে তোলা হবে। প্রকল্পের মেয়াদ জুলাই ২০১১ থেকে ডিসেম্বর ২০১৩। তবে এখনো এ প্রকল্পের পরামর্শক নিয়োগ হয়নি। কাজও শুরু হয়নি। আবদুল মান্নান জানান, পরামর্শক নিয়োগ করবে এডিবি।ডিজিটাল পদ্ধতিতে জরিপ না চালিয়ে শুধু রক্ষিত রেকর্ড সংরক্ষণ করলেই ভূমির ডিজিটালকরণ হয় কি না—এমন প্রশ্নের জবাবে ডিএলআরএসের মহাপরিচালক বলেন, ডিজিটাল পদ্ধতিতে পরিপূর্ণ জরিপ না চালালে ডিজিটালকরণ করা যাবে না।ইউরোপিয়ান ইউনিয়নের অনুদানে ‘স্ট্রেংদেনিং অ্যাকসেস টু ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রাইটস ফর অল সিটিজেনস অব বাংলাদেশ’ নামের একটি প্রকল্প শুরু হওয়ার কথা ছিল ২০১১ সালে। প্রকল্পটি শেষ হবে ২০১৫ সালের ডিসেম্বরে।ডিএলআরএস সূত্রে জানা যায়, প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা শুরু হয়েছে। আগামী নভেম্বরে কাজ শুরু হবে। নরসিংদী সদর, যশোরের মনিরামপুর এবং পটুয়াখালীর কলাপাড়া—এই তিনটি উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে জরিপ হবে। পরীক্ষামূলকভাবে এখানে উপজেলা পর্যায়ে একটি অফিসের অধীনে ভূমিসংক্রান্ত সব কাজ সম্পন্ন করার প্রচেষ্টা নেওয়া হবে। আবদুল মান্নান বলেন, প্রকৃত অর্থে ডিজিটালকরণের সব বৈশিষ্ট্য এই প্রকল্পই ধারণ করে।প্রকল্পটি বাস্তবায়ন করতে আইনের সংশোধন করতে হবে কি না—এই প্রশ্নের জবাবে ডিএলআরএসের মহাপরিচালক বলেন, কিছু নির্দেশাবলির সংশোধন দরকার হবে। এ জন্য মন্ত্রণালয়ের অনুমোদনই যথেষ্ট। তিনি জানান, এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো অনুমোদন পাওয়া যায়নি। ডিজিটালকরণের যন্ত্রপাতির খবর: ডিএলআরসি সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৬৮টি ইটিএস, নয়টি ওয়ার্ক স্টেশন, ২৮টি ম্যাপ প্রসেসিং সফটওয়্যার, তিনটি লেজার প্রিন্টার, দুটি ডিজেল জেনারেটরসহ বিভিন্ন আসবাব কেনা হয়েছে। কিন্তু দক্ষ লোকবল, প্রশিক্ষণ ও নানা জটিলতায় যন্ত্রগুলোর বেশির ভাগই অব্যবহূত থাকছে।