একের পর এক মুরগির খামার বন্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মুরগির খামারগুলোতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রকোপ আশঙ্কাজনক রূপ নিয়েছে। সরকারি হিসাবে, গত এক মাসে এ রোগে আক্রান্ত ১৬টি খামারের ৮৪ হাজার মুরগি মেরে ফেলা হয়েছে। তবে বেসরকারি হিসাবে, এ সংখ্যা প্রায় দুই লাখ। গত এক বছরে নতুন করে বন্ধ হয়ে গেছে প্রায় সাত হাজার খামার। আক্রান্ত খামার একের পর এক বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে মুরগি ও ডিমের জোগান নিয়মিতভাবে কমছে। এতে বাচ্চা ও পরিণত মুরগি এবং ডিমের দাম প্রতিদিনই বাড়ছে। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের হিসাবে, গত দুই বছরে ৬০ হাজার মুরগির খামার বন্ধ হয়ে গেছে। মুরগির বাচ্চা ও বাবা-মা মুরগি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের হিসাবে, গত এক বছরে দেশের ৪০ শতাংশ বাবা-মা মুরগি এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা গেছে।অন্যদিকে, বাচ্চা মুরগি এনে লালনপালন করে তা বাজারে বিক্রয়কারী খামারিদের বিরুদ্ধে উঠেছে নানাবিধ অভিযোগ। সমপ্রতি অনেক খামারি আক্রান্ত মুরগি ধ্বংস না করে বাজারে বিক্রি করা শুরু করেছেন বলে প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও র‌্যাব গত এক মাসে দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের তিনটি চালান আটক করেছে। নাম প্রকাশ না করার স্বার্থে কয়েকজন খামারি ও মুরগির ব্যবসায়ী জানিয়েছেন, আশ্বাস সত্ত্বেও ছয় মাস ধরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত খামারের মালিককে সরকারের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। ক্ষতিপূরণের টাকা এমনিতেই অপ্রতুল এই অভিযোগ তুলে খামারিরা জানান, তা-ও গত এক বছর ক্ষতিপূরণের টাকা দেওয়া বন্ধ রয়েছে। অনেক খামারি আক্রান্ত মুরগির তথ্য প্রাণিসম্পদ বিভাগের কাছে জানালেও তারা তা নথিভুক্ত করছে না। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, টাকা ছাড় না হওয়ায় আক্রান্ত মুরগির ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়নি। আগামী মাসে তা দেওয়া হবে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা-পরিস্থিতি কিছুটা খারাপ হওয়ায় সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে—এ মন্তব্য করে তিনি বলেন, ইতিমধ্যে দেশের মুরগি আমদানি হয় এমন ১৭টি এলাকায় টহল বসানো হয়েছে। তবে আক্রান্ত মুরগির জন্য ভ্যাকসিন আমদানি এবং খামারিদের ক্ষতিপূরণের টাকা বাড়ানো যায় কি না, সে বিষয়ে শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে পোলট্রিশিল্পের সবগুলো অ্যাসোসিয়েশনকে সঙ্গে নিয়ে একটি বৈঠক করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত সোমবার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা-পরিস্থিতি মোকাবিলায় এক জরুরি সভার আয়োজন করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং পোলট্রিশিল্পের সঙ্গে সম্পর্কিত অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় চেকপোস্টগুলোতে র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রহরা বসানো হবে। প্রাণিসম্পদ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সিটি করপোরেশনগুলো যৌথভাবে এখন থেকে বাজার পর্যবেক্ষণ করবে।সভায় পোলট্রিশিল্পের সঙ্গে সম্পর্কিত অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মোকাবিলা ও নিয়ন্ত্রণে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না। অন্যদিকে সরকারের তরফ থেকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আমদানিরও অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে পরিস্থিতি খারাপ হচ্ছে।প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান ভেটেরিনারি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ভ্যাকসিন আমদানির অনুমতি দিতে হলে প্রাণিসম্পদ বিষয়ে জাতীয় উপদেষ্টা কমিটির মতামত নিতে হবে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত ছাড়া এ বিষয়ে কোনো অনুমতি দেওয়া যাবে না। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাবে, ২০০৯ সালের জুনে দেশে খামারের সংখ্যা ছিল এক লাখ ১৪ হাজার ৭৬৩টি। ২০১০ সালে কমে দাঁড়ায় ৯৮ হাজার ৩২২টিতে। আর ২০১১ সালের ২০ মার্চ পর্যন্ত টিকে থাকার সংখ্যা ছিল ৭২ হাজার ১৬৫টি। গত জানুয়ারিতে এসে খামারের সংখ্যা ৬৫ হাজারে নেমে এসেছে। আর চলতি মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজারে। ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, এক বছর আগেও সবগুলো ব্রিডার্স খামার প্রতি মাসে ৯০ লাখ বাচ্চা সরবরাহ করত। চলতি মাসে তা ৫০ লাখে নেমে এসেছে। সাভারে বাংলাদেশ বিমানের হ্যাচারিতে ২০০৭ সালের ২২ মার্চ বাংলাদেশে প্রথম এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ধরা পড়ে। ওই বছর সরকার ডিম উৎপাদনকারী লেয়ার মুরগি-প্রতি ২০০ টাকা ও ব্রয়লার মুরগি-প্রতি ১৫০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করে। ২০১১ সালে ক্ষতিপূরণের পরিমাণ লেয়ার মুরগির ক্ষেত্রে ৫০ টাকা কমিয়ে ১৫০ এবং ব্রয়লার মুরগির জন্য ১২০ টাকা করা হয়। তবে ২০১১ সালের জানুয়ারির পর মারা যাওয়া পাঁচ লাখ ৫০ হাজার মুরগির জন্য এক টাকাও ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে জানা গেছে। এদিকে চলতি বছর দেশে তিনজনের দেহে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট ছয়জনের দেহে এ ধরনের জীবাণু পাওয়া গেল। তবে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।আইইডিসিআর সূত্র জানায়, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারিতে একজন এবং ৫ মার্চ তিনজনের দেহে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার জীবাণু পাওয়া যায়। এদের তিনজনকেই রাজধানীর একটি বাজার থেকে শনাক্ত করা হয়েছে। রাজধানীর ১৬টি বাজারে যৌথ সমীক্ষা চালিয়ে আইডিসিআর এবং আইসিডিডিআরবি এই তিনজনকে শনাক্ত করে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইনফ্লুয়েঞ্জা-বিশেষজ্ঞ আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, নতুন আক্রান্ত তিনজনের বিষয়ে সরকার ডব্লিউএইচওকেও জানিয়েছে। আক্রান্ত আগের তিনজন শিশু হলেও এখনকার তিনজন প্রাপ্তবয়স্ক। তিনি বলেন, এ পর্যন্ত ঢাকার সাতটি বাজারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার জীবাণু পাওয়া গেছে। সেখানকার মাটি, মুরগির খাঁচা, মল ও ফেলে দেওয়া চামড়া থেকে এই জীবাণু পাওয়া গেছে।