একের ভেতরে অজস্র ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৃঙ্গবল্লভ, মঞ্জুকেশিনী, মেঘাগমপ্রিয়, পুলকি, সর্ষপ, প্রাবৃষ্য, কর্ণপূরক, ললনাপ্রিয়, সুরভি, সিন্ধুপুষ্প, বৃত্তপুষ্প— এগুলোই শেষ নয়; আরও নাম আছে তার। কিন্তু এসব নামে চেনা যাচ্ছে কি তাকে? না চেনার সম্ভাবনাই বেশি। তবে শেষ দুটি শব্দে অন্তত বোঝা যাচ্ছে, হবে এটি কোনো এক ফুল। চিনে নিতে বাকি নামগুলোর দিকে এবার নজর বোলানো যাক। একটি নাম ‘নীপ’। এবার কি একটু চেনাচেনা লাগছে? সেই যে রবীন্দ্রনাথের গানে আছে, ‘এসো নীপবনে ছায়াবীথিতলে/ এসো করো স্নান নবধারাজলে’। চেনা-অচেনার দ্বন্দ্ব এর পরও যদি থেকে যায়, তবে না হয় কবিগুরুর আরও একটি গানের শরণাপন্ন হওয়া যাক, ‘বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান’। এবার নিশ্চয়ই চিনতে আর অসুবিধা নেই। এই সেই কদম ফুল। কদমের এত সব নামের তালিকা পাওয়া গেল উদ্ভিদবিজ্ঞানী নওয়াজেশ আহমেদের বাংলার বনফুল গ্রন্থে।আকাশে কাজলকালো মেঘ যতই তর্জন-গর্জন করুক, তার সঙ্গে যদি কদমের সৌরভ, ইলিশের স্বাদ আর রবীন্দ্রনাথের সুরের সংযোগ না ঘটে, তবে বাঙালির মন-মানসে বর্ষার আমেজ যেন পূর্ণতা পায় না। বর্ষার ধূমল মেঘ, অঝোর ধারার বর্ষণ আর ভেজা হাওয়ায় মাখা কদমের সৌরভ যেন মিলেমিশে একাকার হয়ে আছে। তার সঙ্গে একাত্ম হয়ে আছে এক অনাদিকালের বিরহ বেদনা। কদম্ব শব্দটি সংস্কৃত। এর অর্থ ‘যাহা বিরহীকে দুঃখিত করে’। কদমের সৌরভে জড়িয়ে আছে বিরহিণী রাধিকার ব্যথা। পুরো মধ্যযুগের সাহিত্য, অর্থাৎ বৈষ্ণব পদাবলী সেই ব্যথায় সকাতর। বাংলার লোকসাহিত্য-সংগীতও সেই বেদনায় বিধুর। দুঃখের গানই নাকি মানুষের সবচেয়ে প্রিয়। হয়তো সে কারণেই ‘প্রাণসখী রে ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে/ আমার নাকের ব্যাসর খুইলা দিমু তারে আইনা দে’—এ ধরনের গান এখনো প্রবল অনুরাগে গীত হয় সারা বাংলায়। গদ্যে কদমের কাহিনি পড়তে আগ্রহীরা চোখ রাখতে পারেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রঞ্জনের আখ্যান-এ।কদমের স্তবস্তুতি কিন্তু আরও প্রাচীন। বৈদিক যুগেও মিলেছে তার প্রশস্তি। শুক্ল যজুর্বেদে বলা হয়েছে, ‘বনেষু ব্যস্তরিক্ষং এতান কদম্বং বাজ সর্বৎস পয়উৎস্রিয়াসুঅদধ্যাৎ সোমমদ্রী’—এর সহজ অর্থ হলো, ‘তুমি কদম, বিবশতা আনো পৃথিবীতে। অন্তরীক্ষে রেণু ছড়িয়ে দেহমনে বল বিধান করো।’ কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম্ নাটকে আছে ছায়াঘন কদম বনতলে সঞ্চারমান মৃগদলের মনোরম বর্ণনা। রবীন্দ্রনাথের বর্ষার গানে তো কদমের ছড়াছড়ি। কদমে মুগ্ধ জীবনানন্দও লিখেছেন, ‘কদমের ডালে আমি শুনেছি যে লক্ষ্মীপেঁচা গেয়ে গেছে গান/ নিশুতি জ্যোৎস্না রাতে’... এর পর আর কী লাগে!এবার বরং কিছু বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্যের খোঁজ নেওয়া যেতে পারে। কদমের আদি নিবাস ভারতের উষ্ণ অঞ্চল, চীন ও মালয়ে। এর বৈজ্ঞানিক নাম Anthocephalus indicus. পাতাঝরা দীর্ঘাকৃতির বৃক্ষ। উচ্চতা ১৫ থেকে ২০ মিটার। গাছের সঙ্গে পাতাও মানানসই। ঘন সন্নিবেশিত ডিম্বাকৃতির পাতাগুলো ১১ থেকে ২২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা। নতুন পাতা পুরোনোর চেয়ে তুলনামূলক বড়। শীতে ঝরে যায়, বসন্তের শুরুতে শাখা ভরে ওঠে তেল চকচকে অজস্র সবুজ পাতায়। বর্ষার প্রাক্কালে পাতার মাঝে থোকায় থোকায় ফুলের গুচ্ছ বড়ই নয়ন মনোহর।টেনিস বলের আকারের যে ফুলটিকে আমরা কদম ফুল বলে চিনি, সেটি আসলে অজস্র ফুলের সমাহার। ভেতরে ছোট আকারের মাংসল পুষ্পাধারের ওপর হলুদ রঙের ফুলগুলো সাজানো। তার ওপরে সাদা রঙের যে কোমল রোমশ আচ্ছাদন, সেগুলো হলো এর পুংকেশর। ভেতরের মাংসল ফলটি বাদুড় ও কাঠবেড়ালির প্রিয় খাদ্য।কদম খুব দ্রুত বাড়ে। কাঠ তেমন মজবুত নয় বলে আসবাব হয় না, দেশলাইয়ের বাক্স ও কাঠিতে ব্যবহূত হয়। কদমের কাঠ জ্বালানি হিসেবে ভালো। তবে এর ভেষজ গুণ উচ্চমানের। জ্বর নিরাময়ে প্রসিদ্ধ ও শুক্রবর্ধক। এই উপমহাদেশে কুইনিনের প্রচলনের আগ পর্যন্ত কদম ছালের নির্যাসই ছিল জ্বর নিরাময়ের প্রধান নিদান। ভেষজ চিকিৎসায় এখনো এর ব্যবহার ব্যাপক।ঢাকা শহরে কদম সুলভ নয়। রমনা উদ্যানের পূর্ব পাশে, শিল্পকলা একাডেমীর পাশের রাস্তার ধারে, বকশীবাজার এলাকায় চলতে গেলে এখন বৃষ্টিভেজা হাওয়ায় কদমের সৌরভ নাকে ঝাপটা দিতে পারে। তবে বর্ষা কি শীত, ষড়ঋতুতে একটি বিশালাকার কদম অবশ্য নাগরিক দৃষ্টিতে পড়বে জাতীয় ঈদগাহের সামনের পথের মোড়ে। শিল্পী নিতুন কুণ্ড ফুটিয়েছিলেন এই কদম ধাতব ভাস্কর্যে। সৌরভ তার না হয় না-ই পাওয়া গেল, সৌন্দর্য তো নয়ন ভরাবে—এই বা কম কী।