দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই। এক বছর ধরে এক্স-রে মেশিনটি অচল হয়ে পড়ে রয়েছে। প্যাথলজি বিভাগেও রি-এজেন্ট সরবরাহ না থাকায় বেশির ভাগ ক্ষেত্রেই রোগীদের নির্ভর করতে হয় প্রাইভেট প্যাথলজি সেন্টারের ওপর। হাসপাতালের চিকিৎসাসেবা বর্তমানে চিকিৎসকের ব্যবস্থাপত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৩ সালে উন্নয়ন প্রকল্পের আওতায় এ স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু। নয়জন চিকিৎসকের পদ থাকলেও আটজন চিকিৎসক নিয়ে দুমকির এই ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসা কার্যক্রম শুরু করে। এরপর ছয় মাসের মধ্যেই নাক-কান-গলা, চক্ষু চিকিৎসক ও মেডিসিন বিভাগের চারজনকে অন্যত্র বদলি করে দেওয়া হয়। একজন চিকিৎসককে করা হয় ওএসডি। বর্তমানে মাত্র তিনজন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। এ ছাড়া ওষুধ সরবরাহের অপ্রতুলতা, এক্স-রে মেশিন অচল ও রি-এজেন্ট সাপ্লাই না থাকায় প্যাথলজিতে তেমন কোনো কাজ হচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের এক্স-রে মেশিনটি এক বছর ধরে অচল হয়ে পড়ে আছে।হাসপাতালারে এক্স-রে টেকনিশিয়ান মো. শাহজালাল জানান, দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় কোটি টাকা মূল্যের এক্স-রে মেশিনটি যেকোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। এক্স-রে কক্ষের অবকাঠামোগত অবস্থাও ভালো নয়। দেয়ালের প্লাস্টার উঠে গেছে, যা মেশিনটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। হাসপাতালের অত্যাধুনিক অপারেশন থিয়েটার (ওটি) বছরের পর বছর অব্যবহূত ও তালাবদ্ধ থাকায়, প্রায় কোটি টাকা মূল্যের সরকারি যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞের পদ ও পোস্টিং না থাকায় অপারেশন থিয়েটারটি কোনো কাজেই আসছে না। চরম দুরবস্থা প্যাথলজি বিভাগেরও। প্যাথলজির প্রয়োজনীয় রি-এজেন্টের অভাবে রোগীদের রক্ত, মলমূত্রসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না। চিকিৎসা নিতে আসা রোগীদের প্রাইভেট প্যাথলজিতে পাঠিয়ে দেওয়া হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল হাসান বলেন, ‘শিগগিরই এসব সমস্যা দূর করা হবে। হাসপাতালটি উন্নয়ন প্রকল্পে থাকায় এবং প্রয়োজনীয় জনবল-সংকটের কারণে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। ওষুধ, এক্স-রে ফিল্ম ও প্যাথলজির প্রয়োজনীয় রি-এজেন্ট-সংকট রয়েছে। এসব বিষয়ে জেলা সিভিল সার্জন বরাবরে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করি, এসব সমস্যার দ্রুত সমাধান হবে।’