এক্সরের সাহায্যে খুঁজে পাওয়া গেল পর্যটককে!
ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে যাত্রীদের মালপত্র বিমানে তোলার আগে এক্সরের সাহায্যে পরীক্ষা করতে গিয়ে সেখানে ঘুমন্ত অবস্থায় নরওয়ের এক মদ্যপ পর্যটককে খুঁজে পেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।৩৬ বছর বয়সী ওই পর্যটকের পরিচয় জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ বলছে, মদ্যপ পর্যটক একসময় তাঁর মালপত্রের ওপরে বসে পড়েন এবং হয়তো একপর্যায়ে ঘুমিয়ে যান। তবে বিমানে তোলার আগেই তাঁকে খুুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।যে চেইনের সাহায্যে মালপত্র বিমানে তোলা হয়, সেটি ওই পর্যটককে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যায়। তবে তিনি ওই সময় পা মুড়িয়ে বুকের সঙ্গে জড়িয়ে রেখেছিলেন। বিমানবন্দরের কর্মীরা তাঁকে ডেকে তোলার ও পুলিশে খবর দেওয়ার আগ পর্যন্ত তিনি ঘুমিয়ে ছিলেন। ইতালির লা রিপাবলিকা দৈনিক পত্রিকার বরাত দিয়ে জানানো হয়, অতিরিক্ত মদ্যপানের অপরাধে ওই পর্যটককে এখন বিচারের মুখোমুখি হতে হবে। এ ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে একজন পুলিশ কর্মকর্তা দাবি করেছেন, ওই ব্যক্তি সম্ভবত কোনো না কোনোভাবে তল্লাশি এলাকা এড়িয়ে ওই স্থানে পৌঁছেছিল। তিনি বলেন, ‘ওই ব্যক্তি যে পর্যন্ত গেছে, সে পর্যন্ত যাওয়াই তার পক্ষে সম্ভব ছিল। এর পরের তল্লাশিতে সে অবশ্যই ধরা পড়ত।’