এক্সিম ব্যাংকের ৪২ কোটি টাকা শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি এক্সিম (এক্সপোর্ট-ইমপোর্ট) ব্যাংকের মতিঝিল শাখা থেকে শিল্পঋণের নামে নেওয়া আরও প্রায় ৪২ কোটি টাকা সরাসরি শেয়ার কিনতে গ্রাহকের বিও হিসাবে জমা হওয়ার তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক।এ নিয়ে শুধু এক্সিম ব্যাংক থেকেই এখন পর্যন্ত চলতি মূলধনের নামে নেওয়া ৭২ কোটি টাকা ঋণ শেয়ারবাজারে খাটানোর প্রমাণ পাওয়া গেল।বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তদন্ত অনুযায়ী, পোশাক খাতের লোডস্টার ফ্যাশন লিমিটেড ৩৬ কোটি ৭৪ লাখ টাকা এবং চট্টগ্রাম বন্দরের বার্থ অপারেটর প্রতিষ্ঠান কসমস এন্টারপ্রাইজ পাঁচ কোটি এক লাখ টাকা শিল্পের চলতি মূলধন হিসেবে নিয়ে শেয়ারবাজারে খাটিয়েছে।এর আগে একই ব্যাংকের গুলশান শাখা থেকে তিনটি প্রতিষ্ঠান মেসার্স কাজী এরফানুর রহমান, লোডস্টার প্যাকেজিং ও বিঅ্যান্ডবি সেলস অ্যান্ড মার্কেটিং প্রায় ৩০ কোটি টাকার চলতি মূলধন ঋণ শেয়ারবাজারে খাটানোর প্রমাণ পায় বাংলাদেশ ব্যাংক। গত ২৯ নভেম্বর প্রথম আলোয় এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।তারও আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি আনলিমা ইয়ার্ন সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা থেকে সাড়ে তিন কোটি টাকার চলতি মূলধন ঋণ নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগের তথ্য প্রকাশিত হয় প্রথম আলোয় ৫ নভেম্বর। ভিন্ন উদ্দেশ্যে নেওয়া ঋণের অর্থ শেয়ারবাজারে খাটানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, এ জাতীয় ঘটনা দেশের শিল্প-বিনিয়োগ ও শেয়ারবাজার উভয়ের জন্যই ক্ষতির কারণ হতে পারে। তিনি বলেন, ‘এক-দুই বছর ধরে এগুলো আমরা বলে আসছি। এ অবস্থা চলতে থাকলে তা ব্যাংকিং সিস্টেম ও শেয়ারবাজার উভয় ক্ষেত্রেই বড় সমস্যা দেখা দেবে।’ জানা গেছে, এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা থেকে লোডস্টার ফ্যাশনকে ৬৮ কোটি ৫০ লাখ টাকার চলতি মূলধন (বাইম হাইপো) ঋণ বা বিনিয়োগ মঞ্জুর করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল দেখতে পায় যে ৩৬ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকা দিয়ে শেয়ার কেনা হয়েছে। গত বছরের মে-জুন মাসের ১২ দিনে বিভিন্ন চেকের মাধ্যমে ঋণের এই টাকা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী স্টক ব্রোকার কোম্পানি অ্যাংকর সিকিউরিটিজে জমা করেন। পরে এই টাকায় শেয়ার কেনাবেচা চলে। লোডস্টার ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের কোম্পানির বছরে দেড় শ কোটি টাকার পণ্য রপ্তানি হয়। এক্সিম ব্যাংকেই আমাদের ঋণ হিসাব আছে। আবার এই ব্যাংকেই রপ্তানির বিল এসে জমা হয়। কিছু অর্থ আমরা শেয়ারবাজারে খাটাই। ফলে কোন টাকা শেয়ারবাজারে গেছে, তা না দেখে বলা যাবে না।’ এর আগে এক্সিম ব্যাংকের গুলশান শাখা থেকে লোডস্টার প্যাকেজিংয়ের নামে নেওয়া সাত কোটি ৪৫ লাখ ৩৯ হাজার টাকা শেয়ারবাজারে খাটানোর প্রমাণ পান বাংলাদেশ ব্যাংকের পরিদর্শকেরা।মতিঝিল শাখায় কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল মেসার্স কসমস এন্টারপ্রাইজের বাইম হাইপো ঋণের পাঁচ কোটি এক লাখ টাকা শেয়ারবাজারে খাটানোরও প্রমাণ পায়। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, গত বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাঁচটি চেকের মাধ্যমে ঋণের এই টাকা স্টক ব্রোকার কোম্পানি ফখরুল ইসলাম সিকিউরিটিজে জমা করা হয়েছে। কসমস এন্টারপ্রাইজ চট্টগ্রাম বন্দরের একটি বার্থ অপারেটর কোম্পানি। এর স্বত্বাধিকারী হলেন লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপিদলীয় সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।যোগাযোগ করা হলে এ বি এম আশরাফ উদ্দিন নিজান এ প্রতিবেদককে বলেন, তাঁর ব্যাংক হিসাবে বাইম হাইপো ঋণের টাকা অর্থাৎ তাঁর বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যবসায়িক লেনদেনের (সিসি ঋণ) জন্য নেওয়া ঋণের টাকা জমা হয়। এখান থেকে কিছু টাকা তিনি শেয়ারবাজারে খাটান। আবার তাঁর অন্য ব্যাংক হিসাব থেকে এখানে টাকা এনে সমন্বয়ও করা হয়।এসব বিষয়ে এক্সিম ব্যাংকের এমডি কাজী মশিহুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁরা চলতি মূলধন হিসেবে প্রতিষ্ঠানগুলোকে এই ঋণ দেন। কোন উদ্দেশ্যে টাকাটা নেওয়া হচ্ছে, তার বিবরণ গ্রাহক তাঁদের দেন। কিন্তু তার পরও কোথায় টাকাটা খাটানো হয়েছে, এটা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা, এমনকি এমডি হিসেবে তাঁর ওপরও বর্তায় বটে।কাজী মশিহুর রহমান বলেন, ‘এখন এভাবে একেক শাখাতে চলতি মূলধনের ঋণ অন্য খাতে ব্যবহারের তথ্য বেরিয়ে পড়ার তথ্যটি নিশ্চয় আমাদের জন্য ভালো খবর নয়। মনে হচ্ছে পদ্ধতিগত কোনো জটিলতা আছে। সেগুলোকে উদ্ঘাটন করতে হবে।’বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার না করে অন্য খাতে বিনিয়োগ ব্যাংকিং নিয়মাচার পরিপন্থী। এরূপ কার্যক্রমের ফলে দেশের শিল্পায়ন ব্যাহত তথা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ব্যাংকের তদারকির দুর্বলতার কারণে প্রতিষ্ঠানগুলো চলতি মূলধন খাতের ঋণ নিয়ে শেয়ারবাজারে খাটাতে পারছে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।এ প্রসঙ্গে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসলামি ব্যাংকিং নীতিমালা অনুসারে বিনিয়োগ গ্রাহককে পণ্যের মূল্য অর্থাৎ নগদ টাকার সুবিধা প্রদান করা যাবে না। কিন্তু এ ক্ষেত্রে শরিয়াহ নীতিমালা লঙ্ঘন করে গ্রাহককে নগদ টাকার সুবিধা দেওয়া হয়েছে। আবার সংশ্লিষ্ট শাখায় নতুন ডিলের মাধ্যমে পুরোনো ডিল সমন্বয় করা হয়, যা নতুন বিনিয়োগ সৃষ্টি করে পুরোনো বিনিয়োগ সমন্বয় করার শামিল। এ ধরনের কার্যক্রম শরিয়াহর দৃষ্টিতে বৈধ নয়।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার এক নির্দেশে শিল্প, ব্যবসা-বাণিজ্যের নামে ব্যাংক থেকে ঋণ করে শেয়ারবাজারে খাটানো ঠেকাতে শক্ত পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, এক কোটি বা তার বেশি অঙ্কের টাকা ঋণ করে যেসব গ্রহীতা ভিন্ন খাতে ব্যবহার করেছে, সেসব ঋণ আগামী ১৫ জানুয়ারির মধ্যে সমন্বয়ও করতে হবে।একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে, ১৫ জানুয়ারির পর যদি ভিন্ন খাতে ঋণ ব্যবহারের কোনো নজির পাওয়া যায়, তাহলে তদারকিতে শৈথিল্যের কারণে ব্যাংকের প্রধান নির্বাহীকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন মনে করেন, শিল্পের জন্য নেওয়া ঋণের টাকা শেয়ারবাজারে খাটানো হলে সেটা হবে বড় ধরনের ফাটকা বিনিয়োগ। তাতে আমানতের টাকা অধিক ঝুঁকিপূর্ণ শেয়ারবাজারকে আরও ঝুঁকির মুখে ফেলবে। তাঁর মত হলো, শেয়ারবাজারে এখন আর মূলধনী বিনিয়োগ হচ্ছে না। যা হচ্ছে তা হলো শেয়ারের ব্যবসা বা হাতবদল। যা দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ও শিল্পের বিনিয়োগের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে আমানতকারীরাও ঝুঁকিতে পড়তে পারেন।