আরটিভিতে আজ রাতে দেখানো হবে নাটক বাবা। নাটকটি লিখেছেন লিপি মনোয়ার, পরিচালনা করেছেন রাইসুল তমাল। এখানে অভিনয় করেছেন দীপা খন্দকার। কথা হলো তাঁর সঙ্গে।‘বাবা’ নাটকটি নিয়ে কিছু বলুন।সম্প্রতি স্বামীর হাতে নির্যাতিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুর। বাবা নাটকের গল্পটিও স্বামীর নির্যাতনকে ঘিরেই। গর্ভাবস্থায় স্বামীর হাতে অমানুষিক নির্যাতনের শিকার হয় মেয়েটি। একপর্যায়ে তার মৃত্যু হয়। এখানে আরও একটি ব্যাপার দেখানো হয়েছে। বাবা হওয়ার জন্য প্রত্যেকেরই আলাদা কিছু গুণ থাকতে হয়। কারণ, বাবা হলেও নিজের বাচ্চার ব্যাপারে লোকটির তেমন কোনো অনুভূতি নেই। নাটকে আমি নির্যাতিত ওই স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। এ রকম নির্যাতিত স্ত্রীর চরিত্রে অভিনয় করতে কেমন লেগেছে?এভাবে কোনো স্বামী নির্যাতন করতে পারে—তা আমি ভাবতেই পারিনি। তাই শুটিংয়ের সময় বিষয়টি নিয়ে নাট্যকারকে একাধিকবার জিজ্ঞেস করেছি। এবার রুমানা মনজুরের ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গেছি। এ-ও কি সম্ভব! এ ধরনের নাটক মানুষকে সচেতন করতে সাহায্য করবে।দুদিন আগে দেশ টিভির ‘গহীনে’ ধারাবাহিক নাটকে দেখলাম আপনি খুব উত্তেজিত।নাটকে আমার চরিত্রটিই ওই রকম। সারা দিন অন্যদের গালাগালি করি, চিৎকার করে কথা বলি। সেদিন তো আমার গলায় বঁটি চেপে ধরে প্রীতি। ক্যামেরা বন্ধ হওয়ার পর তা নিয়ে কী হাসাহাসি! আমার অভিনয়জীবন শুরু হয়েছিল ১৯৯৮ সালে। এরপর ২০০০ সাল নাগাদ খুব ভালো কিছু চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছিলাম। একেবারেই অন্য রকম। অনেক বছর পর আবার সে-রকম চরিত্রে কাজ করার সুযোগ পেলাম। নাটকটির কাজ কোথায় করছেন?শীতলক্ষ্যা নদীর পাড়ে। আমি কিন্তু সাঁতার জানি না। সেদিন আমাকে নদীতে নামতে হয়েছিল। দৃশ্যটা ছিল সাঁতার কেটে আমাকে নৌকায় উঠতে হবে। অনেক ভয় পেয়েছিলাম।সম্প্রতি আর কোনো উল্লেখযোগ্য নাটকে কাজ করেছেন?হ্যাঁ। ২৭ জুন এনটিভিতে চতুর্ভুজ নামে একটি নাটক দেখানো হবে। খুবই সুন্দর গল্প।