সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে আপাতত কঠোর কর্মসূচিতে না যাওয়ার কৌশল
এখন আইনি লড়াইয়ে ব্যস্ত থাকবে বিএনপি
সরকারের কঠোর মনোভাবের বিপরীতে নমনীয় অবস্থান নিয়েছে বিএনপি। আপাতত দলটি সরকারের দমন-পীড়ন মোকাবিলায় বিকল্প উপায় খুঁজছে। তাই রাজপথের আন্দোলনে কিছুটা ভাটা যাবে বলে জানিয়েছেন নীতিনির্ধারকেরা।গত বৃহস্পতিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ১৮ দলীয় জোটের শরিক ও তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে উপস্থিত বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, রাজনীতিতে হঠকারীর কোনো স্থান নেই। সরকার বিরোধী দলের প্রতি মারমুখো। এ অবস্থায় সরকারকে আরও খেপিয়ে তোলা বিএনপির জন্য ভালো হবে না। তাই নমনীয় কৌশল নিয়ে নেতাদের মুক্ত করার পর পরবর্তী করণীয় ঠিক করার পক্ষে চেয়ারপারসন।নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নেতা জানান, শীর্ষ নেতাদের মুক্তির জন্য আইনি লড়াইকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। আইনি লড়াই বাধাগ্রস্ত হয় এমন কোনো কর্মসূচি থেকে বিরত থাকার ব্যাপারে বিএনপি ও এর জোটের শরিকেরা একমত হয়েছে। নেতারা মনে করেন, রাজপথে ধ্বংসাত্মক আন্দোলন চালিয়ে শীর্ষ নেতাদের মুক্তি ত্বরান্বিত করা যাবে না। সঠিকভাবে আইনি লড়াই চালিয়ে গেলে ভিত্তিহীন এ মামলায় দ্রুত জামিন পাবেন কারাবন্দী নেতারা। ১৮ দলীয় জোটের এক নেতা জানান, সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি আপাতত কঠোর কর্মসূচিতে না যাওয়ার কৌশল নিয়েছে। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে ৫ জুন পর্যন্ত পূর্বঘোষিত কর্মসূচি পালনের কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন। সূত্র জানায়, কাল ২০ মে গণ-অনশন কর্মসূচিতে থাকবেন খালেদা জিয়া। ওই দিন নতুন করে কোনো কর্মসূচি দেওয়ার সম্ভাবনা নেই। তবে ২৩ মে বিএনপি ও ১৮ দলীয় জোটের কারাবন্দী নেতাদের জামিন না হলে পরিস্থিতি বিবেচনা করে নতুন কর্মসূচি দেওয়ার বিষয়টি বিবেচনাধীন আছে। ২৭ মে সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ হবে। এরপর ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি চলবে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালে খালেদা জিয়ার দেওয়া ৯০ দিন সময় শেষ হতে আর ২২ দিন বাকি আছে। এই সময়ের মধ্যে সরকার দাবি মানবে না বলেই ধরে নিয়েছে বিএনপি। তাই ১১ জুন ঢাকায় জনসভার প্রস্তুতি ভেতরে ভেতরে নিয়ে রাখা হচ্ছে। বিএনপির এক নেতা বলেন, সবকিছু মিলিয়ে বিএনপির জন্য সময়টা ভালো যাচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণে সময় লাগবে। ১১ জুনের জনসভা নিয়ে মানুষের আগ্রহ আছে। ওই দিন কঠোর কর্মসূচি না হোক তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপির কঠোর অবস্থান তুলে ধরা না গেলেও বড় জমায়েত না হলে দল ক্ষতিগ্রস্ত হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, তাঁদের দল এখন মামলা পরিচালনায় ব্যস্ত সময় কাটাচ্ছে। আপাতত আইনি লড়াইয়ে জয়ী হতে হবে। এরপর দাবি আদায়ে রাজপথের আন্দোলনে জয়ী হবে বিএনপি। মওদুদ বলেন, রাজনীতি হলো কৌশলের খেলা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ধাপে ধাপে এগোতে হয়। সরকার যদি মনে করে, মামলা দিয়ে বিএনপিকে বিপর্যস্ত করে ফেলছে, তাহলে তারা ভুল করছে।