এখন কেউ না খেয়ে থাকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে কোনো খাদ্য-সমস্যা নেই। গ্রামাঞ্চলেও কেউ না খেয়ে থাকে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর গ্রামের মানুষ খুব সস্তায় চাল কিনতে পারছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশের গরিব-দুঃখীরা না খেয়ে কষ্টে থাকত। কিন্তু এখন আর খাওয়ার কষ্ট নেই। চালের দাম হাতের নাগালের মধ্যেই।আজ শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা সদরে স্বেচ্ছাধীন তহবিল ও জিআর ক্যাশ বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। ধনবাড়ী ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় পৌর মেয়র মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ প্রমুখ বক্তব্য দেন। মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও দরিদ্র ৩২ জন মানুষের মধ্যে ৭০ হাজার টাকা ও জিআর ক্যাশ থেকে ১০০ জনের মধ্যে এক লাখ টাকা বিতরণ করা হয়।এরপর মন্ত্রী টাঙ্গাইলের মধুপুর উপজেলায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করেন। মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিব উল্লা¬হর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান খন্দকার আবদুল গফুর মন্টু, ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, বিআরডিবি চেয়ারম্যান সরোয়ার আলম খান, মধুপুর বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা বাপ্পু সিদ্দিকী, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুরবান আলী প্রমুখ বক্তব্য দেন। বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, মেধাবী ছাত্রছাত্রী, ক্লাবসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে এ চেক বিতরণ করা হয়।পরে মন্ত্রী উপজেলার মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে যোগ দেন। খবর বাসস।