এবারের ঈদে পাঁচটি অ্যালবামের কাজ করেছেন আরফিন রুমী। কোনোটিতে তিনি গান করেছেন, আবার কোনোটির সুর ও সংগীত পরিচালনা করেছেন। অ্যালবামগুলোর মধ্যে বাজারে এসেছে পড়শীর পড়শী, সায়রা রেজার এক নিমিষে, মিশ্র অ্যালবাম না বলা ভালোবাসা। ঈদের আগেই আসবে শফিক তুহিনের শফিক তুহিন ডট কম এবং কমনজেন্ডার চলচ্চিত্র নিয়ে অডিও অ্যালবাম। কথা হলো আরফিন রুমীর সঙ্গে।এবার ঈদে আপনি পাঁচটি অ্যালবামের কাজ করেছেন। কোনটি আপনার কাছে আলাদা মনে হয়েছে?প্রতিটি অ্যালবামের গানের ধরন আলাদা। প্রত্যেক শিল্পীর গায়কিও একরকম নয়। তবে আমি সব কটি অ্যালবামের কাজেই ভিন্নতা রাখার চেষ্টা করেছি।ইদানীং আপনার সুর করা একটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছে...‘ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না/ও আমার প্রাণপাখি ময়না’ গানটি গেয়েছেন শফিক তুহিন। লেখাও তাঁরই। আমি শুধু সুর ও সংগীত পরিচালনার কাজটি করেছি। গানটির জন্য অনেক প্রশংসা পেয়েছি।আপনি নিজেও গান করেন। গান শেখা নিয়ে কিছু বলুন।আমি উচ্চাঙ্গসংগীত শিখেছি অনুপ বড়ুয়ার কাছে। তা ছাড়া আমার মায়ের কাছেও শিখেছি। শিল্পী হওয়ার ইচ্ছাটা কিন্তু সেই ছোটবেলা থেকেই। এ পর্যন্ত আমার দুটি একক অ্যালবাম বাজারে এসেছে। ২০০৮ সালে আরফিন রুমী এবং ২০০৯ সালে এসো না। এবার ঈদে বিভিন্ন অ্যালবামে আমার কয়েকটি দ্বৈত গান রয়েছে। তবে আমি এখন গাওয়ার চেয়ে গান তৈরির কাজে বেশি সময় দিচ্ছি। তবে এরই মধ্যে একটি দ্বৈত অ্যালবামের কাজ শুরু করেছি। ইচ্ছা আছে আগামী ভালোবাসা দিবসে অ্যালবামটি শ্রোতাদের হাতে দেওয়ার।চলচ্চিত্রে কাজের খবর কী?কমনজেন্ডার নামের একটি চলচ্চিত্রের সংগীত পরিচালনার কাজ করেছি। এ ছাড়া সম্প্রতি নাটবল্টু নামের আরেকটি ছবির সংগীত পরিচালনার কাজ শুরু করেছি।গানের জন্য কাদের কাছ থেকে অনুপ্রেরণা পাচ্ছেন?প্রথমত আমার মা; তারপর ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ ও ফুয়াদ ভাই—তাঁরা না থাকলে হয়তো এত অল্প সময়ে সবার সঙ্গে আমার পরিচয় হতো না। আর আমার স্ত্রী অনন্যাও যথেষ্ট সহযোগিতা করছে।