এখন ঘোষণা দিতে হয় ‘খালের মালিক সরকার’
‘খালের মালিক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তত্ত্বাবধানে ঢাকা ওয়াসা’—কল্যাণপুর, হাজারীবাগ, মান্ডা, খিলগাঁওসহ রাজধানীর বিভিন্ন স্থানে খালপাড়ে এ ধরনের ঘোষণা লেখা ফলক শোভা পাচ্ছে। অনেক ঢাকঢোল পিটিয়ে ও অর্থ ব্যয় করে উদ্ধারকাজের পর কিছুদিনের মধ্যেই আবার দখল হয়ে যাচ্ছে খাল। ২০০৫ সালে খাল উদ্ধার তৎপরতা শুরু হওয়ার পর এই কয়েক বছরে অবস্থা কী দাঁড়িয়েছে, তার প্রমাণ উল্লিখিত ফলক। এখন ঘোষণা দিয়ে বলতে হয়, খাল একটি সরকারি মালিকানার বিষয়। কিন্তু তার পরও দখলের তৎপরতা ঠেকানো যাচ্ছে না। রাজধানীতে ৪৩টি খাল আছে বলা হলেও মাত্র ২৬টির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। বেগুনবাড়ী খাল হাতিরঝিল প্রকল্পের অধীনে সংস্কার করা হচ্ছে। ১৩টি খাল বছর বছর পরিষ্কার ও দখলমুক্ত করা হলেও তা আবার বেদখল হয়ে যাচ্ছে। বাকি ১২টি খাল পুরোপুরি দখল হয়ে গেছে। দখলমুক্ত করার পর দৃশ্যমান খালগুলোর প্রস্থ ১০ ফুটের বেশি নেই। খালগুলো পুনর্খনন হয়নি বহুদিন ধরে।ওয়াসা সূত্র জানায়, খাল পরিষ্কারের জন্য ঢাকা ওয়াসা এ মৌসুমেই খরচ করেছে প্রায় পৌনে দুই কোটি টাকা। এ ছাড়া দখলমুক্ত করতে ২০০৫ সাল থেকে এ পর্যন্ত ১১ বারের অভিযানে খরচ করা হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। সর্বশেষ অভিযান চালানো হয়েছে চলতি বছরের শুরুতে। কয়েকটি খাল পুরোপুরি দখলমুক্ত না করে সীমানা খুঁটি দেওয়া ও পাড় বাঁধাইয়ের কাজ চলছে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান প্রথম আলোকে বলেন, ‘ওয়াসা যেসব খাল দখলমুক্ত করেছে, সেগুলোর কিছু আবারও দখল হয়ে গেছে বা যাচ্ছে। আবার প্রভাবশালীদের জন্য খালের মধ্যে গড়ে ওঠা অনেক অবৈধ স্থাপনা ভাঙাও যায়নি।’তাসকিম খান বলেন, অনেক খালে লাইন ধরে বহুতল ভবন গড়ে উঠেছে। একাধিক ভবন-মালিক নকশা দেখিয়ে বলছেন, তাঁদের ভবন অনুমোদিত। অথচ সিএস দাগ অনুসারে এসব জায়গা খালের। শুধু অভিযান, তদারকি নেই: প্রতিবছরই দফায় দফায় অভিযান চালানো হয় ঢাকার ১৩টি খালে। কিন্তু আবারও তা বেদখল হয়ে যায়। অভিযোগ রয়েছে, ওয়াসার অভিযানে বেশির ভাগ ক্ষেত্রেই শুধু বস্তি, টংঘর আর দুর্বল দখলদারদের স্থাপনা অপসারিত হয়। দখল হয়ে যাওয়া খালগুলোর মধ্যে বারবার উচ্ছেদ হয়েছে কল্যাণপুর প্রধান খাল এবং আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর ব্রিজ, বাংলা কলেজ অংশ। এ ছাড়া রয়েছে কাটাসুর খাল, গুলশান-বনানী খালের ক্রসিং ও মাছ চাষের বাঁধ এলাকা, জনপথ থেকে মান্ডা ব্রিজ পর্যন্ত সেগুনবাগিচা খাল, পুরোনো বিমানবন্দর রানওয়ের উত্তর পাশ থেকে কচুক্ষেত সড়ক পর্যন্ত ইব্রাহিমপুর খাল, প্রগতি সরণি থেকে সুতিটোলা পর্যন্ত শাজাহানপুর খাল, মান্ডা ও খিলগাঁও-বাসাবো খালের সংযোগস্থল থেকে নন্দীপাড়া সেতু পর্যন্ত জিরানী খাল এবং খিলগাঁও ফ্লাইওভার থেকে পূর্ব বাসাবো হয়ে মান্ডা খালের সংযোগ সড়ক পর্যন্ত খিলগাঁও-বাসাবো খাল। টঙ্গী ডাইভারশন সড়কে রেলওয়ে কালভার্ট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত বেগুনবাড়ী খালেও বারবার অভিযান চালানো হয়েছে। ওয়াসার একাধিক দায়িত্বশীল সূত্র স্বীকার করেছে, খাল উদ্ধারে অভিযান চালানোর পর আর কোনো তদারকি না করায় সবগুলোই আবারও দখল হয়ে যায়। ১৩টি খালের সবগুলোয় সীমানা দেয়াল দিয়ে পাড় বাঁধানো এবং খুঁটি দেওয়ার কথা থাকলেও সবগুলোয় দেওয়া হয়নি। কল্যাণপুর খালে খুঁটি দেওয়া হলেও তার ভেতরে দখল হয়েছে। যথেচ্ছ দখলের খণ্ডচিত্র: সম্প্রতি শ্যামলী থেকে কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় যাওয়ার পথে কল্যাণপুর খালের অনেক স্থানে দেখা যায় নতুন স্থাপনা নির্মাণ করা হয়েছে। বাঁশপট্টি এলাকায় খাল ভরাট করে তিনটি আধাপাকা ঘর তোলা হয়েছে, যাদের মালিকদের খোঁজ করে পাওয়া যায়নি। এলাকায় দুই পাড়ের প্রায় সব বাড়িরই অংশ খালের জায়গায় চলে এসেছে। এলাকার বাসিন্দা সোনালী ব্যাংকের কর্মচারী রবিউল ইসলাম বলেন, ‘অভিযানের পর ওয়াসা আর খোঁজও নেয় না। এর মধ্যে অনেক কিছু হয়ে যায়।’ কল্যাণপুর থেকে আগারগাঁও যাওয়ার পথে খালের মধ্যে তৈরি হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানসহ কাঁচাপাকা স্থাপনা। পূর্ব ঢাকার মান্ডা ব্রিজ থেকে নন্দীপাড়া পর্যন্ত জিরানী খালে কমপক্ষে ১৭টি স্থান নতুন করে দখল করা হয়েছে। দৃশ্যত, দখলের প্রাথমিক পদক্ষেপ হিসেবে তোলা হয়েছে টংঘর আর ছোট দোকান। টংঘরের বাসিন্দারা এই প্রতিবেদককে জানিয়েছেন, তাঁরা ভাড়া দিয়েই সেখানে আছেন। নন্দীপাড়া সেতুর কাছে জিরানী খালের মধ্যখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ থেকে এই রাস্তার অনুমতি নেই বলে জানানো হয়েছে। সেগুনবাগিচা মসজিদ থেকে বিজয়নগর রাস্তা পর্যন্ত প্রায় আড়াই হাজার ফুট দীর্ঘ সেগুনবাগিচা খাল ভরাট করে বেশ কয়েক বছর আগেই বক্স কালভার্ট করা হয়েছে। সেগুনবাগিচা খালের সঙ্গে যুক্ত গোপীবাগ খালও ভরাট করে রাস্তা করা হয়েছে। ওয়াসা মাত্র এই বর্ষা মৌসুমেই ৩৮ লাখ টাকা খরচ করে ওই কালভার্টে জমা হওয়া প্রায় ১০০ টন আবর্জনা পরিষ্কার করেছে বলে জানিয়েছে। কিন্তু ওয়াসা সূত্রই স্বীকার করেছে, এরই মধ্যে সেখানে আবার অনেক আবর্জনা জমা হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের পেছনে এই খালের পাড়ে অবৈধভাবে দোকান তোলা হয়েছে। নতুন জরিপের উদ্যোগ: এদিকে এবার নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে খালের বিষয়ে জরিপ পরিচালনা করা হবে বলে সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘নদীর সঙ্গে খাল অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই এসব খালের বর্তমান বাস্তব অবস্থা ভিডিওতে ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সে মাফিক দখলমুক্ত করার অভিযান চালানো হবে।’ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান এ প্রসঙ্গে বলেন, নৌ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত টাস্কফোর্সের তিনিও একজন সদস্য। মন্ত্রণালয়ের কাছে তিনি এ জন্য প্রয়োজনীয় প্রতিবেদন পেশ করেছেন।