চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক চৈতা পাগল। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। নাটকে অভিনয় করছেন কল্যাণ কোরাইয়া। কথা হলো তাঁর সঙ্গে।‘চৈতা পাগল’ নাটকের শুটিং তো শেষ।হ্যাঁ, কিছুদিন আগে চৈতা পাগল নাটকের কাজ শেষ হলো। অনেক দিন ধরে মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের হলুদিয়া গ্রামে নাটকটির শুটিং করেছি। ওই গ্রামের মানুষগুলো খুব আপন হয়ে গেছে। আমাদের নাটকের ইউনিটটা ছিল অসাধারণ। নাটকের সেটে অনেক মজা হতো। এখন চৈতা পাগল নাটকের ইউনিটকে খুব মিস করছি।এই নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।নাটকটিতে নোয়াখালী ও ভারতের পশ্চিমবঙ্গের আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে হয়েছে। ব্যাপারটা গোড়ার দিকে বেশ কষ্টসাধ্য ছিল। একপর্যায়ে সবকিছু আয়ত্তে চলে আসে। এ ব্যাপারে পরিচালক মাহফুজ আহমেদ যথেষ্ট সহযোগিতা করেছেন। আপনার অন্য ধারাবাহিকগুলোর কী খবর?চৈতা পাগল ছাড়াও বিভিন্ন চ্যানেলে এখন আমার পাঁচটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে—টার্মিনাল, সীমানা ছাড়িয়ে, নো প্রবলেম, ও চাঁদ এবং ভার্সিটি। এর মধ্যে নো প্রবলেম এবং ভার্সিটি নাটকের গল্প বিশ্ববিদ্যালয়জীবনের ঘটনা নিয়ে। ভার্সিটি নাটকের ব্যতিক্রম হলো, এখানে বিশ্ববিদ্যালয়ের গোপন রাজনীতির বিষয়টি তুলে ধরা হয়েছে। আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করছেন। কেমন লাগছে?৬ জুন থেকে হোতাপাড়া এবং এর আশপাশে পিতা ছবির শুটিংয়ে অংশ নিয়েছি। পরিচালনা করছেন মাসুদ আখন্দ। মুক্তিযুদ্ধের সময়কার দুই দিনের ঘটনা ছবির গল্প। চলচ্চিত্রের শুটিংয়ে যে এত কষ্ট, সেটা অভিনয় শুরুর আগে টের পাইনি। ছবিতে যুদ্ধের দৃশ্যে অভিনয় করতে সেতু থেকে পড়ে গিয়ে আহত হয়েছি।আপনি তো র্যাম্পে কাজ করতেন। টিভি নাটকে আগ্রহী হলেন কেন?টিভি নাটকে অভিনয় করব, সেটা কখনোই ভাবিনি। ২০০৭ সালে মেজবাউর রহমানের সঙ্গে পরিচয় হয়। তখন আমি পুরোপুরি র্যাম্প মডেলিং নিয়ে ব্যস্ত। বিভিন্ন চ্যানেলে এ সময় আমার একটি বিজ্ঞাপনচিত্র দেখানো হচ্ছিল। ওটা দেখে তিনি আমাকে নাটকে অভিনয়ের প্রস্তাব দেন। তারপর ওনার প্রেম ও পরাবাস্তবতা নাটকে অভিনয়। সেটাই ছিল আমার প্রথম টিভি নাটক।