বাংলাভিশনে আজ রাতে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে গানের অনুষ্ঠান ওয়ালটন আমার পণ্য আমার দেশ। উপস্থাপনা করেছেন চৈতী, প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ। অনুষ্ঠানে আজকের শিল্পী ডলি সায়ন্তনী। কথা হলো তাঁর সঙ্গে।কত দিন পর এ ধরনের অনুষ্ঠানে গান করছেন?তা প্রায় মাস তিনেক তো হবেই। শেষ গান করেছিলাম আরটিভির একটা অনুষ্ঠানে। এরপর অনেক দিন দেশের বাইরে ছিলাম। তাই অন্য কোনো চ্যানেলের অনুষ্ঠানে গান করা হয়নি।কোথায় গিয়েছিলেন?পরিবারের সবাইকে নিয়ে দুবাই গিয়েছিলাম। এর আগে ১৯৯৬ সালে ওখানে গিয়েছিলাম গান করার জন্য। তখন তিন দিন ছিলাম। কিছুই দেখতে পারিনি। এবার ওখানে মাসখানেক ছিলাম। কোথাও গান করিনি। পুরো সময়টাই ঘুরে বেড়িয়েছি। বুর্জখলিফা জায়গাটা খুব ভালো লেগেছে। আর দুবাই মলে আছে বিশাল আকৃতির এক অ্যাকুরিয়াম। নানা প্রজাতির নানা আকৃতির মাছ আছে এখানে। আর এটা আমার বাচ্চারা খুব উপভোগ করেছে।আজকের অনুষ্ঠানে কোন গানগুলো করার ইচ্ছা আছে?ইদানীং আমাকে সবাই লোকগানের শিল্পী মনে করছে। কিন্তু আমার শুরুটা হয়েছিল আধুনিক গান দিয়ে। আধুনিক গান দিয়েই আমার পরিচিতি তৈরি হয়। এরপর প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর অনুরোধে লোকগানের অ্যালবাম করেছি। আর ওই গানগুলো এতটাই জনপ্রিয় হয় যে এরপর বাধ্য হয়েই লোকগানের অ্যালবাম করতে হয়েছে। আমি সাধারণত রিদমিক গান বেশি করি। তবে আজ মেলোডি-প্রধান গান করব। সেই হে যুবক থেকে শুরু করে সর্বশেষ আসা বনমালী পর্যন্ত ১৪টি অ্যালবাম থেকে বেছে বেছে জনপ্রিয় হওয়া গানগুলো থাকবে। পাশাপাশি চলচ্চিত্রের কিছু গানও থাকবে।‘বনমালী’ এসেছিল গত বছর রোজার ঈদের পর। এরপর নতুনটির ব্যাপারে কিছু ভেবেছেন?আমার ১৫ নম্বর অ্যালবামটি আসবে আগামী বছর রোজার ঈদে। এর আগে কিছু ভাবছি না। গান তো তাড়াহুড়ো করে হয় না। আর অডিও বাজারের অবস্থাও তো তেমন ভালো নয়। তবে এখন আমি চলচ্চিত্রেই বেশি গান করছি। ওখানেই বেশি আনন্দ পাই।