চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক লটারি। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন অরুণা বিশ্বাস। নাটকটিতে অভিনয় করেছেন ফারাহ রুমা। কথা হলো তাঁর সঙ্গে।আপনি একটি চলচ্চিত্রে অভিনয় করছিলেন। ওটার কাজের কী খবর?ছবিটির নাম পুত্র এখন পয়সাওয়ালা। পরিচালক নার্গিস আক্তার। এখন আমরা ছবির শেষ দিকের কিছু কাজ করছি। ছবির গল্পটি চমৎকার। এর মধ্যে কোনো নাটকের কাজ করছেন?আমি যেসব ধারাবাহিকে কাজ করছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে। মামার বাড়ি নামে একটি ধারাবাহিকের কাজ শুরু করেছি। তবে এখন চলচ্চিত্রের কাজেই বেশি সময় দিচ্ছি। তাই নতুন কোনো কাজ হাতে নিতে পারছি না। আগে ছবিটির কাজ শেষ হোক, তারপর নাটকে কাজ করব।সিনেমার জন্য নাটকে কাজ করছেন না। তাতে ছোট পর্দায় আপনার ক্যারিয়ারের সমস্যা হবে না?একটি কাজ করলে অন্যটির সমস্যা হবে। তাই বলে সেখান থেকে একেবারে ‘নাই’ হয়ে যাব, ঠিক সে রকম কিছু হবে না। ছবির কাজের ফাঁকে এক ঘণ্টার কয়েকটি কাজ করেছি।আপনি তো অনেক দিন থেকে টিভিতে কাজ করছেন। আপনার পরে যাঁরা কাজ শুরু করেছেন, তাঁদের অনেকেই এখন আলোচনায় আছেন। সেদিক থেকে আপনি কিছুটা পিছিয়ে আছেন?আমি হালকা কোনো কাজ করে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করিনি। কারও সহযোগিতা ছাড়া নিজের যোগ্যতা দিয়েই আজ যেখানে আছি, তাতেই সন্তুষ্ট। যাঁরা খুব দ্রুত ওপরে ওঠেন, তাঁরা দ্রুত পড়ে যাচ্ছেন এবং হারিয়ে যাচ্ছেন। আমি কিন্তু হারাইনি। কাজ করছি।আপনাকে নিয়ে নানা নেতিবাচক কথা শোনা যায়। না জেনে না শুনে কেউ যদি সমালোচনা করেন, তাদের আমি নির্বোধ বলব। আমি কিন্তু তাদের কথার প্রতিবাদ করতে চাই না। চুপচাপ থাকি। ‘লটারি’ নাটকটি সম্পর্কে আপনার মতামত কী?নাটকটি দেখে মনে হয়েছে, এখানে আমার মেকআপটা ঠিক হয়নি। অভিনয়টা ভালো করেছি। কিন্তু মেকআপ-গেটআপ আরও ভালো করা উচিত ছিল।