এখন চাই মৌখিক পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকতায় শ্রদ্ধা ও সম্মানের জায়গাটি অতীতেও ছিল, বর্তমানেও আছে। আর এটা যদি হয় প্রাথমিক বিদ্যালয়ে, তাহলে তো কথাই নেই। একজন মানুষের হাতেখড়ি হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের হাতে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে দেশে রয়েছে প্রায় ৩৮ হাজার সরকারি এবং ২০ হাজার নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়। এতে লাখেরও বেশিশিক্ষক কর্মরত থাকলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য রয়েছে প্রায় এক হাজার ৭০০ প্রধান শিক্ষকের পদ। এই শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের জন্য একযোগে সারা দেশে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। লিখিত পরীক্ষার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। তাই এবার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এর জন্য চাই প্রস্তুতি।প্রতিযোগিতার চিত্র: শিক্ষকতার এই মহান পেশায় আসতে যাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা প্রাথমিক সাফল্য দেখিয়েছেন। কারণ, প্রায় ৭৯ হাজার প্রতিযোগীর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাত্র ছয় হাজার ৫৬৬ জন। তবে প্রতিযোগিতা এখানেই শেষ নয়, এই বড় সংখ্যা থেকে মৌখিক পরীক্ষার পর নিয়োগ দেওয়া হবে এক হাজার ৬৬৮ জনকে। তাই এই প্রতিযোগিতায় টিকতে হলে যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁদের এখন মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে।মৌখিক পরীক্ষা: ‘প্রার্থী নির্বাচনের জন্য পরীক্ষার পূর্ণমান ১০০। এর ৮০ নম্বর বরাদ্দ থাকে লিখিত পরীক্ষার জন্য, আর ২০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে’, বললেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) আবদুর রহমান। তিনি জানান, ২০ নম্বরের পাঁচ নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার জন্য, পাঁচ নম্বর প্রার্থীর ব্যক্তিত্ব প্রকাশের ক্ষমতার ওপর এবং সাধারণ জ্ঞানের ওপর থাকবে ১০ নম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানা যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে।বোর্ডে কারা থাকবেন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, মৌখিক পরীক্ষা হবে প্রার্থীর নিজ নিজ জেলায়। বিগত বছরগুলোতে চার সদস্যের বোর্ড গঠন করা হয়েছিল। আবদুর রহমান বলেন, ‘চার সদস্যের বোর্ডে থাকেন জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)। বোর্ড বিধিমোতাবেক নম্বর প্রদান করবে এবং পরে এগুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জমা হবে। তবে মৌখিক পরীক্ষার জন্য ন্যূনতম কোনো পাস নম্বর থাকে না।’শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিত্ব প্রকাশ: শিক্ষাগত যোগ্যতার পাঁচ নম্বর মূলত প্রার্থীর পাসকৃত পরীক্ষার ফল/জিপিএ-এর ভিত্তিতে প্রদান করা হবে। আর এখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী ধরে নম্বর দেওয়া হবে। ব্যক্তিত্ব প্রকাশের ক্ষমতার জন্য ধার্য থাকবে পাঁচ নম্বর। এই পাঁচ নম্বরের জন্য প্রার্থীর ব্যক্তিত্ব, নিজেকে উপস্থাপন করা, মনস্তাত্ত্বিক, বুদ্ধিমত্তা ইত্যাদি যাচাই করা হয়। তাই প্রার্থীকে এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। এ অংশে ভালো করলে অনেকে এগিয়ে যাবেন।সাধারণ জ্ঞান: মৌখিক পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য থাকবে ১০ নম্বর। নেত্রকোনার দেও মহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাদেকুর রহমান বলেন, ‘সাধারণ জ্ঞান পরীক্ষায় প্রার্থীকে তাঁর বিষয়ভিত্তিক পড়াশোনার ওপর নানা প্রশ্ন করা হয়। এ ছাড়া বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে প্রশ্ন করা হতে পারে আপনাকে। তবে এ অংশে বাংলাদেশ প্রসঙ্গ বিশেষ করে প্রার্থীর নিজ জেলার ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, জেলার আয়তন, জনসংখ্যা প্রভৃতি বিষয়ে অধিক প্রশ্ন করা হয়। তাই সাধারণ জ্ঞানে ভালো করতে জেলার খুঁটিনাটি ভালো করে জানতে হবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সাম্প্রতিক বিষয়াদি থেকে বোর্ডের সদস্যরা আপনাকে প্রশ্ন করতে পারেন। মনে রাখতে হবে, মৌখিক পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই সাধারণ জ্ঞানে ভালো করতে হবে।’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) বলেন, ‘লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ওপর ভিত্তি করে মেধাতালিকা তৈরি করে তাঁদের নিয়োগ দেওয়া হবে।’সরকার প্রদত্ত বেতন-ভাতা, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি পেয়ে থানা/উপজেলা শিক্ষা কর্মকর্তা হওয়া, সর্বোপরি মানুষেরা সেবা করার কথা বিবেচনায় প্রধান শিক্ষকের চাকরি সত্যিই লোভনীয়। তবে শুধু লোভ করলেই হবে না, এ জন্য যাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরা এখন প্রস্তুতি নিন মৌখিক পরীক্ষার জন্য। তবেই আপনার স্বপ্ন পূরণ হবে।