কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ৯ মার্চ শুরু হলো ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব’। এই উৎসবে মামুনুর রশীদ, হুমায়ূন আহমেদ, আবুল হায়াত, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, মাসুদ হাসান, সৈয়দ আওলাদ, শিহাব শাহীনসহ ২৪ জন নতুন-পুরোনো নির্মাতার নাটক দেখানো হচ্ছে। উৎসব নিয়ে বললেন আয়োজক প্রতিষ্ঠান চারুনীড়ম ইনস্টিটিউট অব অ্যাক্টিং অ্যান্ড রিসার্চের পরিচালক গাজী রাকায়েত।এই উৎসব আপনারা শুরু করেছিলেন চার বছর আগে। যে উদ্দেশ্য নিয়ে কাজটি শুরু করেছিলেন, তা কতটা পূরণ হয়েছে?আমাদের আন্দোলন শুরু হয়েছিল ২০০৯ সালে, কেন্দ্রীয় শহীদ মিনারে। ওই সময় বিশেষ দিন কিংবা উৎসব ছাড়া এক ঘণ্টার নাটকের প্রচার প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। এই উৎসবের মধ্য দিয়ে আমরা এক ঘণ্টার নাটক তৈরি, প্রচার ও তা দেখার ব্যাপারে দর্শক, শিল্পী, কলাকুশলী ও টিভি চ্যানেল কর্তৃপক্ষকে সচেতন করতে চেয়েছি। এখন চিত্রটা পাল্টেছে। আমরা কিছুটা হলেও সফল হয়েছি। এখন কিন্তু সব কটি টিভি চ্যানেলেই নিয়মিত এক ঘণ্টার নাটক প্রচারিত হচ্ছে। আপনারা এক ঘণ্টার নাটককে কাহিনিচিত্র বলছেন কেন?আমরা মনে করি, এক ঘণ্টার নাটক তৈরি যেকোনো নির্মাতাকে ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ করতে পারে। এখন কিন্তু সেটাই হচ্ছে। ছোট পর্দার অনেক নির্মাতা—যাঁরা এক ঘণ্টার নাটক তৈরি করে নিজেদের প্রস্তুত করেছেন, তাঁরাই এখন চলচ্চিত্র নির্মাণ করছেন। আর এক ঘণ্টার নাটকের সঙ্গে চলচ্চিত্রের একটা মিল আছে। তাই আমরা এক ঘণ্টার নাটককে কাহিনিচিত্র বলছি। উৎসবের জন্য যে ২৪টি নাটক নির্বাচন করা হয়েছে। এগুলো নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?এসব নাটকের মধ্য থেকে আগামী এপ্রিল মাসে ১০টি বিভাগে দেওয়া হবে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার’। প্রতিটি বিভাগে আর্থিক পুরস্কার দেওয়া হবে ১০ হাজার টাকা। দুজনকে দেওয়া হবে আজীবন সম্মাননা। তাঁদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা পুরস্কার। সবাইকে ভালো কাজের ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্য ক্রেস্ট ও সনদের সঙ্গে আর্থিক ব্যাপারটি যুক্ত হয়েছে।