এখন জনগণই হুজুর বাহাদুর
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, গণতন্ত্র কার্যকরভাবে প্রতিষ্ঠা করতে হলে জনগণকে অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। জনগণ সচেতন হলেই জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে তথ্য অধিকার আইন কাজে লাগাতে হবে। তিনি বলেন, ‘সরকার সেবকের ভূমিকায় থাকবে। সরকারের শাসক বা হুজুর বাহাদুরের ভূমিকায় থাকার দিন শেষ। এখন জনগণই হুজুর বাহাদুর।’আজ সোমবার ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এক সেমিনারে ড. কামাল এসব কথা বলেন।ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি এ সেমিনারের আয়োজন করে। এতে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ব্র্যাক পরিচালিত সামাজিক ক্ষমতায়নে তথ্য অধিকার আইন-সচেতনতা বৃদ্ধি প্রকল্পের ওপর একটি সমীক্ষার ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে পরীক্ষামূলক এই প্রকল্পের উপকারভোগীদের কয়েকজন তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন।গাজীপুরের তথ্যবন্ধু ডলি বেগম বলেন, ‘পোস্ট অফিসে গিয়ে একটি তথ্য জানতে চাইলে তারা মেজাজ দেখায়। তথ্য অধিকারের আবেদন নিয়ে গেলে হাসে, বসতেও বলে। তথ্যও দিয়ে দেয়।’ডলি জমি খারিজ করতে সরকারি খরচ কত তা জানতে এ আইনের অধীনে আবেদন করেছেন। প্রথমে জমি খারিজ করতে ছয় হাজার টাকা লাগবে বলে অফিস থেকে জানানো হলেও তথ্য পাওয়ার পর ডলি জানতে পারেন এ কাজে সরকারি খরচ ২৪৫ টাকা। গ্রামের কেউ বিপদে পড়লে তিনি এ আইনে আবেদন করে তাদের উপকার করেছেন।ময়মনসিংহের মুক্তাগাছার তথ্যবন্ধু তারা মিয়া বলেন, ‘ভূমি অফিসে তথ্যের জন্য আবেদন দেখালে কর্মকর্তারা চোখ কপালে তোলেন। ব্র্যাকের কাজ নাই, তাই লোকজনকে এসব আইনকানুন শেখায়—এমন কথা বলে কর্মকর্তারা রাগ দেখান।’তারা মিয়া আইনটি দরিদ্র জনগণের খুবই উপকারে আসছে বলে উল্লেখ করেন। তবে আইনে তথ্য না পেলে আপিল করার জন্য ঢাকায় তথ্য কমিশন পর্যন্ত পৌঁছানো এবং তথ্য না দিলে জরিমানা ও শাস্তির পরিমাণ বাড়ানোর সুপারিশ করেন তিনি।সেমিনারে উপস্থিত অন্যান্য উপকারভোগী জানান, এ আইন ব্যবহার করে তাঁরা সরকারি কর্মকর্তা, কাজিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি কিছুটা হলেও ধরতে পেরেছেন।তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, দেশীয় সম্পদের মালিক জনগণ। সেই জনগণ জানতে চায়, যেসব বিদেশি কোম্পানি দেশের প্রাকৃতিক সম্পদসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে তারা দেশ থেকে কত টাকা নিয়ে যাচ্ছে। কিন্তু তথ্য অধিকার আইনে বহুজাতিক কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়নি।সাদেকা হালিম বলেন, তথ্য অধিকার আইনটি দুর্নীতি দমনে সহায়ক। তবে এখন পর্যন্ত বড় বড় দুর্নীতির বিষয়ে তথ্য পেতে এ আইন সেভাবে ব্যবহার করা হয়নি।সেমিনারের সভাপতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, ‘আমরা যারা শিক্ষিত বা সমাজে পরিচিত, তাদেরই তথ্য পেতে কষ্ট করতে হয়।’ সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পরিচালক আন্না মিনজ বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রকল্পটি গাজীপুর ও ময়মনসিংহ জেলার পাঁচটি উপজেলায় গত জুন পর্যন্ত এক বছর মেয়াদে পরিচালিত হয়। এ কর্ম এলাকায় ১৪৫ জন তথ্যবন্ধু কাজ করছেন। তাঁদের মাধ্যমে স্থানীয় জনগণ এক হাজারের বেশি তথ্য পাওয়ার জন্য আবেদন করে ৯৫৬টি তথ্য পেয়েছে।সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এস এম শামীম রেজা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভার্নেন্স স্টাডিজের উপদেষ্টা মঞ্জুর হাসান, ডি.নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ বিক্রম কে চাঁদ আলোচনায় অংশ নেন।