এখন ডিমও দামি খাদ্যপণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত ডিমও দামি পণ্যের কাতারে চলে গেল। দ্রুত একটি ডিম ভেজে খাওয়ার সামর্থ্যও অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে। ডিমের হালি এখন ৪০ টাকা ছুঁই-ছুঁই।রাজধানীর কাঁচাবাজারগুলোতে গতকাল সোমবার এক হালি ডিম বিক্রি হয়েছে ৩৮ টাকায়। তবে বিভিন্ন পাড়া-মহল্লার মুদি দোকানে ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকা হালি। সরকারি হিসাবেই ডিমের দাম গত এক বছরে বেড়েছে ৪৫ শতাংশ।নিয়ন্ত্রণে আসছে না ব্রয়লার মুরগির দামও। এক কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি গতকাল বিক্রি হয়েছে ১৭৫ থেকে ১৮০ টাকায়।কয়েক মাস ধরেই বাড়ছে ডিমের দাম। আমদানি উন্মুক্ত করা হলেও ডিমের দাম কমেনি; বরং তিন-চার দিন দাম কম থাকার পর পাইকারি বাজারে আবারও বেড়েছে।বাংলাদেশ এগ প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, বর্ষাকালে ডিমের চাহিদা বেশি থাকে। কিন্তু বার্ড ফ্লুর কারণে ডিমের উৎপাদন এখন অনেক কম। সে কারণে ডিমের দাম বেড়েছে।ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) তথ্য অনুযায়ী, ঢাকায় প্রতিদিন দেড় থেকে দুই কোটি ডিমের চাহিদা রয়েছে। উৎপাদন কমে যাওয়ায় চাহিদার বিপরীতে এখন বাজারে আসছে এক কোটি থেকে এক কোটি ২৫ লাখ ডিম।রাজধানীতে ডিমের পাইকারি বাজার তেজগাঁওয়ে গতকাল ১০০ ফার্মের ডিম বিক্রি হয়েছে ৮৯০ টাকায়। এতে প্রতিটি ডিমের দাম পড়ে আট টাকা ৯০ পয়সা। সে হিসাবে এক হালি ডিমের দাম ৩৫ টাকা ৬০ পয়সা। তিন দিন আগেও পাইকারিতে ১০০ ডিমের দাম ছিল ৮৩০ টাকা। আর ১০০ হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। তিন দিন আগে এর দাম ছিল ৭৩০ টাকা।তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আমানতউল্লাহ প্রথম আলোকে বলেন, ফার্মের ডিমের চাহিদা বেশি, কিন্তু সরবরাহ কম। তাই দাম বেড়েছে। তিনি জানান, গত রোববার তেজগাঁওয়ের পাইকারি বাজারে ৩০ লাখ ডিম এসেছে। চাহিদা এর চেয়েও ১৫ থেকে ২০ লাখ বেশি।ডিম উৎপাদনকারী খামারিরা বলছেন, রমজান মাসে ডিমের চাহিদা কমে যায়। সে কারণে রমজান মাসে ডিমের দাম কমতে পারে।আমদানির প্রভাব নেই: ৪ জুন বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের জন্য ডিম আমদানি উন্মুক্ত করে দেয়। মন্ত্রণালয় জানায়, ৩০ জুনের মধ্যে ব্যবসায়ীরা যত খুশি ডিম আমদানি করতে পারবেন।বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, ১৮, ২০ ও ২৪ জুন তিনটি চালানে ভারত থেকে নয় লাখ ১৭ হাজার ৫৮০টি ডিম আমদানি হয়েছে। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য দশমিক ৩৬ ডলার। টাকার অঙ্কে তা সাড়ে ২৯ টাকা (৮২ টাকায় এক ডলার ধরে)।রাজধানীর কয়েকটি বড় বাজার ঘুরে ভারতের এই ডিম দেখা যায়নি। ব্যবসায়ীদের একটি সূত্র বলেছে, ভারতের ডিম আমদানি হলেও তা সাধারণ মানুষের জন্য বাজারে বিক্রি হয় না। কারণ, ওই ডিমের আকার ছোট। দেশি ডিমের ওজন যেখানে ৫৮ থেকে ৬২ গ্রাম, সেখানে ভারতের ডিমের ওজন ৪৭ গ্রাম। সে কারণে সাধারণ মানুষের কাছে এই ডিমের চাহিদা কম। ব্যবসায়ীদের আরেকটি সূত্র বলেছে, আমদানি করা ভারতীয় ডিম চট্টগ্রামে বিক্রি হচ্ছে।মুরগির বাজারও চড়া: ব্রিডার্স অ্যাসোসিয়েশনের হিসাবে, রাজধানীতে প্রতিদিন ৩৫ থেকে ৪০ লাখ ব্রয়লার ও লেয়ার মুরগির চাহিদা রয়েছে। দেশব্যাপী চাহিদা হচ্ছে ৮০ থেকে ৮৫ লাখ মুরগির। সংগঠনটির হিসাবে, আগে প্রতি সপ্তাহে ৯০ লাখ ব্রয়লার বাচ্চা উৎপাদিত হতো। এখন হচ্ছে ৫০ লাখ।সরবরাহ কমে যাওয়ায় বাজারে মুরগির দামও বেড়ে গেছে। ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা কেজি। আর দেশি মুরগি পাওয়া যাচ্ছে ৩২০ টাকায়।কারওয়ান বাজার থেকে দুটি ব্রয়লার মুরগি কিনেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মিজানুর রহমান। সাংবাদিক পরিচয় দিয়ে মুরগির দামের বিষয়ে জিজ্ঞেস করতেই তিনি ঠাট্টা করে বললেন, ‘কিছুদিন পর গরুর মাংস ও মুরগির দামে মনে হয় আর পার্থক্য থাকবে না।’দাম বাড়াচ্ছে বাচ্চা মুরগি: ডিম উৎপাদনকারী খামারিরা বলছেন, এখন প্রতিটি ডিমের উৎপাদন ব্যয় সাড়ে সাত টাকা। ব্যয় বাড়ার মূল কারণ হলো, এক দিন বয়সী বাচ্চার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।সরকারিভাবে এক দিন বয়সী ব্রয়লার মুরগির বাচ্চার মূল্য ৩০ টাকা। আর লেয়ার মুরগির বাচ্চার দাম ৩২ টাকা নির্ধারণ করা রয়েছে। তবে এই বাচ্চা এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। বেশি দামে বাচ্চা কিনতে হচ্ছে বলে ডিমের দামও বাড়িয়ে দিচ্ছেন খামারিরা।মুরগির দাম বাড়ার পেছনেও রয়েছে একই কারণ। আবার গত কয়েক মাসে মুরগির খাবারের দামও বেড়েছে। যে খাবারের দাম ছিল প্রতি কেজি ২৬ থেকে ২৭ টাকা, তা এখন বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৪২ টাকায়। দেশের বাজারে ভুট্টার দাম কমলেও ভুট্টার তৈরি মুরগির খাবারের দাম কমেনি। এসব কারণে মুরগির দাম বেশি হচ্ছে।বাংলাদেশ এগ প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমদ সিদ্দিকী বলেন, ‘ডিমের উৎপাদন ব্যয় অনেক কম হতো, যদি কম দামে এক দিন বয়সী বাচ্চা কিনতে পারতাম। বাচ্চা উৎপাদনকারী খামারগুলো ইচ্ছে করলে কম দামে বাচ্চা দিতে পারে। কিন্তু দেয় না।’পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মো. মহসিন প্রথম আলোকে বলেন, মুরগির খাবার তৈরিতে যেসব উপকরণ ব্যবহূত হয়, তার ৫৫ শতাংশই হচ্ছে ভুট্টা। খাবার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো আগে ২৮ টাকা কেজি দরে ভুট্টা কিনলেও এখন কিনছে সাড়ে ১৪ টাকায়। কিন্তু খাবারের দাম কমাচ্ছে না। ফলে উৎপাদন ব্যয় বাড়ছে।