এখন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংশোধনের উপযুক্ত সময়: ওবায়দুল কাদের
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে ত্রুটিমুক্ত করতে এটি সংশোধনের প্রয়োজনীয়তার কথা বললেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাজ হলো সংবিধানে উল্লিখিত সময়সীমার মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে তাদের আর কিছু করার অনুমোদন নেই। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকার অনেক কিছুই করেছে। তাই এ ব্যবস্থার সংশোধন করা প্রয়োজন। আর এখনই তা করার উপযুক্ত সময়। সামাজিক সংগঠন জনতার প্রত্যাশা আয়োজিত ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রতিহিংসার রাজনীতি পরিহার’ শীর্ষক এ আলোচনা সভায় ওবায়দুল কাদের প্রতিকূল পরিবেশের অভিযোগে বিএনপির সংসদ বর্জনেরও কঠোর সমালোচনা করেন। তিনি দেশ ও গণতন্ত্রের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে প্রধান বিরোধী দল বিএনপিকে সংসদে ফেরার আহ্বান জানান। ‘প্রধান উপদেষ্টা বানাতে এ বি এম খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে’-বিএনপির এমন সমালোচনার জবাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘তারা বিচারপতি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ বছর করেছিল। তাই কাচের ঘরে থেকে ঢিল না মারাই উচিত।’ জনতার প্রত্যাশার আহ্বায়ক এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসাইন, ওলামা লীগের সভাপতি ইলিয়াছ বিন হেলালি প্রমুখ।—ইউএনবি