এখন তাঁর দাবি একটি চাকরি
হাঁটুর ওপর ভর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছেন নুরুল ইসলাম। চলার পথে বাধা এসেছে অনেক, তার পরও থামেননি তিনি। বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের লক্ষ্যে সব বাধা উপেক্ষা করে এগিয়ে চলেছেন। ২০১০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষায় মাস্টার্স পরীক্ষা দেবেন তিনি।নুরুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার মালাদারপুর গ্রামের শফি উল্লাহর পুত্র। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। ছোটভাই নজরুল ইসলাম অর্থাভাবে পড়ালেখা করতে না পেরে দশম শ্রেণীতে থাকা অবস্থায় বিদেশে পাড়ি জমান। বোন রিনা আক্তার আর সুমাইয়া আক্তার পড়ালেখা করছে। নুরুল ইসলাম জানান, জন্ম থেকেই তাঁর দুটি পা নেই। হাঁটুর নিচে দু-তিন ইঞ্চি ঝুলন্ত মাংসপিণ্ড ছাড়া কিছুই নেই। ডান হাতের তিনটি আঙুলও জোড়া লাগা, বাকি দুটি আঙুল আকারে ছোট। ফলে ওই হাত দিয়েও কোনো কাজ করতে পারেন না। সব কাজ বাঁ হাত দিয়ে করেন। ছোটবেলায় হামাগুড়ি দিয়ে চলতেন। একটু বয়স হওয়ার পর নিজে চেষ্টা করে হাঁটু দিয়ে হাঁটা শিখেছেন। এখন বিশেষ ধরনের জুতা তৈরি করে হাঁটুর ওপর ভর দিয়েই চলাফেরা করেন। নুরুল ইসলাম তাঁর কষ্টের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘সাত-আট বছর বয়সে যখন স্কুলে যাওয়ার জন্য বায়না করতাম তখন বাবা বাড়ির কাছে কোনো স্কুল না পেয়ে আমাকে কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামে নানা মৃত আবদুর রাজ্জাকের বাড়িতে রেখে আসেন। সেই থেকে এখনো সেখানেই থাকি। নানার বাড়ির পাশেই ছিল একটি প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা। সেখানে প্রাইমারি ও মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ালেখা করি। বাবার কথা ছিল প্রতিবন্ধী ছেলে পড়ালেখা করলেও কাজ পাবে না। তাই আমাকে প্রাইমারি শেষ করে একটা ব্যবসাপ্রতিষ্ঠান করে দেবেন। কিন্তু আমি পিছিয়ে থাকতে চাইনি।’নুরুল ইসলাম জানান, গ্রামের প্রাইমারি স্কুল থেকে পঞ্চম শ্রেণী শেষ করে ভর্তি হন ওই গ্রামেরই হরিন্দিয়া দাখিল মাদ্রাসায়। এখান থেকে ২০০২ সালে দাখিল ও ২০০৪ সালে আলিম পাস করেন। এরপর ভর্তি হন কোটচাঁদপুর কামিল মাদ্রাসায়। সেখান থেকে ২০০৬ সালে ফাজিল পাস করেন। এরপর ২০০৮ সালের কামিল পরীক্ষার জন্য পড়ালেখা চালিয়ে যান। সে সময় কামিলকে মাস্টার্সের মর্যাদা না দেওয়ায় পাশাপাশি তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষায় অনার্সে ভর্তি হন। ২০০৮ সালে সেখান থেকে অনার্স শেষ করে বর্তমানে মাস্টার্স শেষ বর্ষে রয়েছেন। ওই বছর কামিল পরীক্ষাও দিয়েছেন তিনি, এর ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে। আর বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরই তাঁর মাস্টার্স শেষ হবে।এই দীর্ঘ সময় তাঁকে পড়ালেখা করতে খুবই কষ্ট করতে হয়েছে। কৃষক পিতার মাত্র চার বিঘা চাষযোগ্য জমির উৎপাদিত ফসল দিয়ে ঠিকমতো সংসার চলত না। যে কারণে পড়ালেখার খরচ দিতে পারতেন না। তাই নিজে টিউশনি করে পড়ালেখার খরচ জুগিয়েছেন। এ ছাড়া পথ চলতেও তাঁর অনেক অসুবিধা হয়েছে। প্রতিদিন প্রায় ১০০ কিলোমিটার দূরের বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছেন। আর্থিক কারণে একটি কম্পিউটার কিনতে না পারায় এখনো তিনি কম্পিউটার শিখতে অনেক কষ্টে কোটচাঁদপুর শহরে যান।নুরুল ইসলাম বলেন, ‘পড়ালেখা যা পেরেছি শিখেছি। এখন হূদয়বান কেউ একটা চাকরি করার সুযোগ দিলে মনে হয় আমার কষ্ট কিছুটা কমবে এবং আমি ভালো থাকতে পারব।’তাঁর বাবা শফি উল্লাহ বলেন, ‘হাত-পা আর অর্থ থেকেও অনেকে পড়ালেখা করতে পারছে না, কিন্তু আমার ছেলে নুরুল ইসলামের এই তিনটির কোনটা না থাকলেও শুধু ইচ্ছাশক্তির কারণে পেরেছে। এখন তার একটা চাকরি হলে সমাজে ভালোভাবে বেঁচে থাকতে পারবে বলে আমি মনে করি।’