এখন থেকে বিসিএস পরীক্ষার্থীদের নম্বরপত্র দেবে পিএসসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবেদনের ভিত্তিতে প্রথমবারের মতো বিসিএস পরীক্ষার্থীদের নম্বরপত্র দিতে যাচ্ছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ২৮তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৪৬৫ জনকে এবার নম্বরপত্র দেওয়া হবে। ২৭তম পর্যন্ত কোনো বিসিএস পরীক্ষায় নম্বরপত্র দেওয়ার নিয়ম ছিল না। এখন থেকে আপত্তি বা সন্দেহ থাকা প্রার্থীরা আবেদন করলে নম্বরপত্র পাবেন।পিএসসি জানিয়েছে, সংশোধিত বিসিএস পরীক্ষা বিধিমালা-১৯৮২ অনুযায়ী এবারই প্রথম প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে খাতা পুনর্মূল্যায়ন করে নম্বরপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হলো।পিএসসি সূত্রে জানা গেছে, ২৮তম বিসিএসের ওই ৪৬৫ জন প্রার্থীর সবাই খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন। আজ রোববার চারজনকে নম্বরপত্র দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘২৭তম বিসিএস পর্যন্ত নম্বরপত্র দেওয়ার কোনো উদ্যোগ ছিল না। কিন্তু সংশোধিত বিসিএস পরীক্ষা বিধিমালা-১৯৮২ অনুযায়ী ২৮তম বিসিএস থেকে খাতা পুনর্মূল্যায়ন করে নম্বরপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ২৯ ও ৩০তমসহ ভবিষ্যতের বিসিএস পরীক্ষাগুলোতেও এই নিয়ম প্রযোজ্য থাকবে।’ পিএসসির চেয়ারম্যান জানান, এই সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে উল্লিখিত ৪৬৫ জন প্রার্থীর নম্বরপত্র দেওয়া হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা এই নম্বরপত্র নিতে পারবেন।নম্বরপত্র দেওয়ার কারণ জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন গতকাল প্রথম আলোকে জানান, ভুলের কারণে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হন, সেটাই এ উদ্যোগের লক্ষ্য। নেছারউদ্দিন বলেন, ‘এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ভুল হওয়া অনেক প্রার্থী আবেদন করে পরে জিপিএ-৫ পেয়েছে। পিএসসি নির্দিষ্ট একটি সময়ের মধ্যে হাজার হাজার প্রার্থীর খাতা দেখে থাকে। এর ফলে দু-একটি ভুল হলেও হতে পারে। কিন্তু এমন ভুলের কারণে কোনো প্রার্থীর জীবন যেন নষ্ট না হয়, কোনো প্রার্থী যেন বঞ্চিত না হন, সে জন্যই খাতা পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও যাঁরা যথাযথভাবে আবেদন করবেন, তাঁরা নম্বরপত্র পাবেন।’পিএসসির একজন কর্মকর্তা জানিয়েছেন, নম্বরপত্র দেওয়ার পর যদি দেখা যায়, ২৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় অকৃতকার্য একজন প্রার্থীও উত্তীর্ণ হয়েছেন, তাহলে আবার তাঁর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের সমন্বয় করে চূড়ান্ত ফল তৈরি করার পর মেধা তালিকায় সুযোগ পেলে এসব প্রার্থীকে ক্যাডার হিসেবে চাকরিতে নেওয়ার জন্য সুপারিশ করবে পিএসসি।এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, খাতা পুনর্মূল্যায়নের ফলে বঞ্চিত যে কারোরই চাকরির সম্ভাবনা থাকতে পারে। আর নম্বরপত্র দেওয়ার ফলে আগে লিখিত পরীক্ষায় ফেল করা কেউ যদি পাস করেন, তাহলে তাঁর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ২৮তম বিসিএস পরীক্ষায় এক লাখ ২০ হাজার ৯৪৬ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক বাছাই পরীক্ষায় (প্রিলিমিনারি) ১১ হাজার ৭৭৮ জন উত্তীর্ণ হন। ২০০৯ সালের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন পাঁচ হাজার ৮৮১ জন।পিএসসি সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অনেক প্রার্থী অভিযোগ করেন, তাঁরা খুব ভালো পরীক্ষা দিলেও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হননি। ফলাফলে কোথাও ভুল হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন তাঁরা। পরে এসব প্রার্থী পিএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন এবং লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ ২৫০ জনসহ ৪৬৫ জন পরীক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেন। তাঁরা ২৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরুর আগেই তাঁদের খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছিলেন। তবে পিএসসি বলেছিল, চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বছরের ৪ অক্টোবর থেকে এ বছরের ১০ জানুয়ারি পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের জুনে এই পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে মোট পাঁচ হাজার ১০৫ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তাঁদের মধ্য থেকে দুই হাজার ১৯০ জনকে বিভিন্ন ক্যাডারের জন্য এবং বাকিদের নন-ক্যাডারের জন্য সুপারিশ করা হয়েছে। আমিনুর রহমান ও আলাউদ্দিন মিঠুসহ ২৮তম বিসিএসের কয়েকজন প্রার্থী প্রথম আলোকে জানান, তাঁরা খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। ‘যথাযথভাবে স্বচ্ছতার সঙ্গে’ খাতা পুনর্মূল্যায়ন করা হলে তাঁরা উত্তীর্ণ হবেন বলে আশা প্রকাশ করেন। আর উত্তীর্ণ না হলেও কেন উত্তীর্ণ হলেন না বা কোন বিষয়ে খারাপ করলেন, সেটি অন্তত জানতে পারবেন।