এখন দুর্নীতি কমে আসছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বিগত সরকারের আমলে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলে একটি দেশও অংশ নিত না। এখন বাংলাদেশের দরপত্রে পৃথিবীর ২৮টি দেশ অংশ নেয়। এটাই প্রমাণ করে, আগে দুর্নীতির বিস্তার কত ভয়াবহ ছিল। এখন দুর্নীতি কমে আসছে। বিদেশিরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। এবার জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৭-এ গিয়ে দাঁড়াবে।’আজ শনিবার ‘মহাজোট সরকারের দুই বছরে সিলেটে উন্নয়ন উদ্যোগ’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। সিলেট নগরের ধোপাদীঘিরপাড়ে হাফিজ কমপ্লেক্সে সংবাদ সম্মেলন হয়।সরকার গঠনের পর দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বজুড়ে মহামন্দা আর দেশে বিদ্যুত্ ও জ্বালানি-সংকটকালীন আমার দায়িত্ব নেওয়াটা দুরূহ ছিল। দায়িত্ব নেওয়ার পর আমরা মহামন্দা খুবই ভালোভাবে মোকাবিলা করেছি। বিদ্যুত্ ও জ্বালানি-সংকট অনেকটা কমে এসেছে। কৃষি ও গ্রামীণ উন্নয়নে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা কৃষিতে নির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পাশাপাশি গ্রামীণ উন্নয়নের চেষ্টা চলছে।’জাপানের দুর্যোগ পরিস্থিতিতে সমবেদনা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের বন্ধু রাষ্ট্র জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি হয়েছে। সেখানে অনেক মানুষ ও সম্পদের ক্ষতি হয়েছে। এ জন্য আমি জাপানের প্রতি সমবেদনা জানাই। জাপান আমাদের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সর্ব ক্ষেত্রে উন্নয়ন অংশীদার।’সংবাদ সম্মেলনে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক প্রমুখ উপস্থিত ছিলেন।