এখন নিজের মধ্যে থাকতেই পছন্দ করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হচ্ছে কণ্ঠশিল্পী ও চিত্রশিল্পী সুমনা হকের একক চিত্র প্রদর্শনী ‘মনের আকাশে রংধনু’। এর উদ্বোধন হবে আজ রোববার সন্ধ্যা ছয়টায়। প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী কাইয়ুম চৌধুরী। কথা হলো সুমনা হকের সঙ্গে।অনেক দিন আপনার নতুন কোনো গান পাচ্ছি না।ঠিকই বলেছেন। আমিও অনেক দিন নতুন গান করছি না। একসময় তো অনেক ব্যস্ত ছিলাম। অ্যালবামের জন্য গান করেছি, জিঙ্গেল করেছি। জিঙ্গেল করেছি টানা ১০ বছর। কতটা করেছি, তা কখনো হিসাব করিনি, তবে হাজার খানেক তো হবেই। এমনও দিন গেছে, এক দিনে পাঁচটি স্টুডিওতে কাজ করেছি। আর সেই ব্যস্ত জীবনে ঢুকতে চাই না, নিজের মধ্যে থাকতেই পছন্দ করি।কিছুদিন আগে আপনার গাওয়া রবীন্দ্রসংগীত শুনলাম।গত বছর রবীন্দ্রসংগীতের অ্যালবাম করেছিলাম। এর নাম তুমি রবে নীরবে। বেঙ্গল মিউজিক এটি প্রকাশ করেছিল। গত তিন বছর ছবি আঁকার দিকে বেশি মন দিয়েছি। গান আর করব কি না, জানি না।গানের মানুষ, গান ছাড়া থাকা সম্ভব?গান তো অবশ্যই ভালোবাসি। টুকটাক যা করি, তা নিজের জন্যই করি। কিছুদিন আগে দেশ টিভির অনুরোধে একটা অনুষ্ঠান করেছিলাম। আমার পুরোনো পাঁচটি জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠানটি তৈরি হয়েছে কোরবানির ঈদের জন্য।আজ আপনার চিত্র প্রদর্শনীর উদ্বোধন হবে।আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে ‘অঙ্কন ও চিত্রাঙ্কন’ বিভাগে স্নাতকোত্তর করেছি। আজ আমার চতুর্থ একক প্রদর্শনী শুরু হচ্ছে। এর শিরোনাম দিয়েছি ‘মনের আকাশে রংধনু’। প্রদর্শনীতে আমার আঁকা ৬৭টি ছবি থাকছে। সব কটিই তৈলচিত্র। নানা রঙের ছড়াছড়ি। দর্শক ছবিগুলোতে রংধনুর সাতটি রং আর সংগীতের সাতটি স্বরের এক মেলবন্ধন খুঁজে পাবে। আমি যখন ছবি আঁকি, তখন কিন্তু গানের সঙ্গেই থাকি। কারণ, তখন কোনো গান বা মিউজিক শুনি। এর একটা প্রভাব পড়ে আমার আঁকার ওপর। এবার ছবিগুলোতে প্রকৃতিকে গুরুত্ব দিয়েছি। আমার এই প্রদর্শনী দেখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।