এখন নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে: মওদুদ
বিএনপির নেতা মওদুদ আহমদ বলেছেন, এ সরকারের পায়ের নিচে মাটি নেই। এখন নির্বাচন দেওয়া হলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আসন্ন মৃত্যুবার্ষিকী (৩০মে) উপলক্ষে আজ বৃহস্পতিবার জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় মওদুদ আহমদ বলেন, সরকারের দুর্নীতি ও কাজে সমন্বয়হীনতার কারণে আজ সংসদ, গণতন্ত্র ও সংবিধান হুমকির মুখে পড়েছে। তিনি মন্তব্য করেন, সরকারদলীয়রা যতই টেন্ডারবাজি আর চাঁদাবাজি করবে, সরকারের জনপ্রিয়তা ততই কমতে থাকবে।জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আরেক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। দেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে। কিন্তু তাতে সরকারের কোনো মাথাব্যথা নেই। তারা ক্ষুদ্রঋণব্যবস্থা সম্পূর্ণ নষ্ট করে দিয়ে নতুন করে দারিদ্র্য সৃষ্টি করছে।বিএনপির আনন্দ মিছিল: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেট বিএনপির চেয়ারপারসনকে সম্মাননা দেওয়ায় বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করে বিএনপি। এর আগে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, এ সম্মাননা কেবল নিউ জার্সির নয়, বরং পুরো যুক্তরাষ্ট্রের মানুষের মনোভাবের প্রতিফলন।