এখন নির্বাচন হলে মমতার আসন কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস জোট সরকার আজ রোববার পালন করেছে প্রথম বর্ষপূর্তি উৎসব। গত বছরের এই দিনে মমতা ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন। দিনটি ঘিরে শনিবার বিকেলেই কলকাতার মিলন মেলা ময়দানে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রগতি উৎসব। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই এক বছরের কাজে জনগণ সন্তুষ্ট কি না, মমতার পারফরম্যান্স কেমন, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা রাজ্যবাসীর কতটা মন কেড়ে নিতে পেরেছেন, মমতার জনপ্রিয়তা বেড়েছে কি কমেছে—এই নিয়ে স্টার আনন্দ-নিয়েলসন এক যৌথ সমীক্ষা চালায়। আজ বিকেলে সেই প্রতিবেদন প্রকাশ করা হয় স্টার আনন্দ টেলিভিশন চ্যানেলে।এই সমীক্ষায় ফুটে উঠেছে মমতার জনপ্রিয়তা হ্রাসের ছবি। সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নির্বাচন হলে খোদ মমতার তৃণমূল কংগ্রেসের ভোট কমে যাবে। সমীক্ষায় বলা হয়, গত নির্বাচনে সমীক্ষায় অংশগ্রহণকারী ভোটারের মধ্যে ৫০ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন তৃণমূলকে। এখন নির্বাচন হলে এই ভোটারদের ৩২ শতাংশ ভোট দেবেন তৃণমূলকে। গত নির্বাচনে তৃণমূলকে কলকাতায় ভোট দিয়েছিলেন ৫২ শতাংশ ভোটার। এখন ভোট হলে সেই ভোট কমে দাঁড়াবে ২৯ শতাংশে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোয় তৃণমূল পেয়েছিল ৩৩ শতাংশ ভোট। এখন নির্বাচন হলে সেই ভোট কমে দাঁড়াবে ২৬ শতাংশে। একইভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় তৃণমূল পেয়েছিল ৫৭ শতাংশ ভোট। এখন ভোট হলে তা কমে দাঁড়াবে ২৯ শতাংশে।সমীক্ষায় সিপিএমের ভোট কমার ইঙ্গিত না দিলেও কংগ্রেসের ভোট কমার ইঙ্গিত দেওয়া হয়েছে। সমীক্ষায় বলা হয়, ৯ শতাংশ ভোটার বলেছেন মমতা খুব ভালো কাজ করেছেন। ৪১ শতাংশ বলেছেন ভালো কাজ করেছেন। ৩১ শতাংশ বলেছেন মোটামুটি কাজ করেছেন আর ৯ শতাংশ বলেছেন খারাপ কাজ করেছেন। রাজ্যে কতটা পরিবর্তন এসেছে সেই প্রশ্নে ২৫ শতাংশ বলেছেন পরিবর্তন হয়েছে। ৪০ শতাংশ ভোটার বলেছেন একই রকম আর ১২ শতাংশ বলেছেন অবনতি হয়েছে। দুর্নীতির প্রসঙ্গে ৩০ শতাংশ ভোটার বলেছেন দুর্নীতি বেড়েছে। ৫৪ শতাংশ বলেছেন একই রকম আছে। ১৬ শতাংশ বলেছেন কমেছে।পশ্চিমবঙ্গের ১৯টি জেলার ১৯টি শহর ও ১৮টি গ্রামের ১০ হাজার ৯৪৫ জন ভোটারের ওপর এ সমীক্ষা চালানো হয়। সমীক্ষা চলে ২৭ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।