এখন পরিবারকেই সময় দেবেন রমনি
আগামী চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা। আর হোয়াইট হাউসে যাওয়ার সেই লড়াইয়ে ওবামার কাছে হেরে গেছেন রিপাবলিকান প্রার্থী মিট রমনি। বারাক ওবামা আগামী চার বছর ব্যস্ত সময় কাটাবেন। কিন্তু গত ছয় বছর ধরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য প্রাণান্তকর চেষ্টা করে চলা রমনি কী করবেন? যে কারও মনে জাগতেই পারে এ প্রশ্ন? এর উত্তরও দিয়েছেন রমনি। তার প্রাথমিক পরিকল্পনা হলো আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাবেন।বার্তা সংস্থা এপিকে রমনি বলেন, ‘আমার একটি পরিবার আছে। জয় বা পরাজয়ের চেয়ে জীবন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।’ গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় বোস্টনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। এর আগে গত অক্টোবরে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে এমন ইঙ্গিতই দিয়েছিলেন রমনির স্ত্রী অ্যান রমনি। তিনি বলেছিলেন, ‘মিট রমনি আর এ দৌড়ে থাকবেন না।’রমনি ও অ্যানের পাঁচ সন্তান। তাঁদের রয়েছে ১৮ জন নাতি-নাতনি এবং মজার ব্যাপার হলো, ১৯ নম্বরটি পৃথিবীতে আসার অপেক্ষায় রয়েছে। তাকে নিয়ে রমনি ও অ্যানের সময়টি অবশ্য ভালভাবে কাটবে এ কথা বলা যায় নিঃসন্দেহে।