এখন পানির আরেক নাম ‘নিত্য হাহাকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির আরেক নাম জীবন। বিশুদ্ধ খাবার পানি আর নিত্য ব্যবহারের পানির সংকটে জীবনযাপন কতটা দুর্বিষহ হয়ে পড়ে তা ভুক্তভোগীমাত্রই জানে। সিলেট নগরবাসীও এ ভুক্তভোগীর কাতারে। এ নগরে সাত লক্ষাধিক মানুষের বাস। এখানে প্রতিবছর শুষ্ক মৌসুমে একদিকে পানি চাই, অন্যদিকে পানি নাই, হাহাকার ওঠে। এ নিয়ে গোটা নগরের জীবনধারাই ওই সময় বলতে গেলে বদলে যায়। সিটি করপোরেশনের হিসাবে নগরের বর্তমান লোকসংখ্যার অনুপাতে প্রতিদিন পানির চাহিদা ৫৯ হাজার ঘনমিটার। কিন্তু সরবরাহ আছে চাহিদার চেয়ে অর্ধেকেরও কম। ফলে পানিসংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। সরবরাহ করা পানির বিকল্প সন্ধানে সামর্থ্যবান মানুষেরা পরিবারভিত্তিক নিজস্ব ব্যবস্থা করতে সক্ষম হলেও সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে ঘোর সংকটে। এ সংকট আর সমস্যায় নাগরিক ভোগান্তি সরেজমিনে খোঁজ নিয়ে এবারের প্রতিবেদন তৈরি করেছেন সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী ও সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।নগরবাসীকে প্রয়োজনীয় পানি সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। বছর জুড়ে নগরে পানির তীব্র সংকট থাকে। আসছে গরমের মৌসুমে এই অবস্থা আরও প্রকট হবে বলে নগরবাসী ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ আশঙ্কা করছে।সিটি করপোরেশনের পানি শাখা সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ১৮টি গভীর নলকূপের পাশাপাশি রয়েছে বেশ কিছু সাধারণ নলকূপ। এসব উত্স থেকে কর্তৃপক্ষ ২০ থেকে ২১ ঘনমিটার পানি সংগ্রহ করে নগরবাসীকে সরবরাহ করতে পারছে। অথচ সরবরাহ করা পানির বিপরীতে নগরবাসীর চাহিদা রয়েছে ৫৯ হাজার ঘনমিটার। তাই প্রয়োজনের তুলনায় পানি সরবরাহের মাত্রা একেবারেই অপ্রতুল।খোঁজ নিয়ে জানা গেছে, নগরের খাসদবীর, গুয়াইপাড়া, রায়হোসেন, কলবাখানী, হুসনাবাদ, হাজারীবাগ, কোনাপাড়া, শেখঘাট, জল্লারপার, মির্জাজাঙ্গাল, দরগা গেট, আম্বরখানা, বাগবাড়ী, দাড়িয়াপাড়া, বন্দরবাজার, জিন্দাবাজার, খুলিয়াপাড়া, ভাঙাটিকর, চালিবন্দর, ছড়ারপার, কামালঘর, শিবগঞ্জ, লামাপাড়া, সোনারপাড়া, রায়নগর, পুরানলেন, বারুতখানা, লামাবাজার, মণিপুরি রাজবাড়ী, মিরাবাজার ও বড়বাজার এলাকায় পানিসংকট সবচেয়ে প্রকট।দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা শিক্ষক প্রদীপ ভট্টাচার্য জানান, ২০০২ সালে সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত পানিসংকটের কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে নগরবাসীকে নিয়মিত পানি কিনতে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান করতে সিটি কর্তৃপক্ষকে আন্তরিক হতে হবে। অবশ্যই কর্তৃপক্ষের এ ব্যাপারে পরিকল্পনামাফিক অগ্রসর হওয়া উচিত। প্রয়োজনে নগরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানিও কাজে লাগানো যেতে পারে। নদীর পানি সংগ্রহের পর তা শোধন করে নগরবাসীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া একটি বিশেষ বরাদ্দ এনে প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া যেতে পারে।নগরবাসীর অভিযোগ, ২০০২ সালে নির্মিত ‘নয় শহর’ প্রকল্পের মাধ্যমে নগরবাসীকে পানি সরবরাহ করছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। প্রকল্পের ১৩টি পাম্পের অধিকাংশই কম ক্ষমতাসম্পন্ন। নগরের জনসংখ্যা বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চক্ষমতাসম্পন্ন শক্তিশালী অত্যাধুনিক পাম্প মেশিন না লাগানোয় নগরবাসীর পানিসংকট দূর হচ্ছে না।সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘নয় শহর’ প্রকল্প মাত্র দুই লাখ নগরবাসীকে পানি সরবরাহের লক্ষ্য নিয়ে নির্মিত হয়েছিল। বর্তমানে নগরের জনসংখ্যা প্রায় সাত লাখে দাঁড়িয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের সীমানা আগের তুলনায় বেড়ে যাওয়ায় পানিসংকট আরও তীব্র হয়েছে।সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ হোসেন জামান নগরে তীব্র পানিসংকটের বিষয়টি স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নগরবাসীর প্রয়োজনের তুলনায় পানির চাহিদা মেটাতে পারছি না। পানির চাহিদা মেটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।’নির্বাহী প্রকৌশলী আরও জানান, সম্প্রতি ‘সিলেট-বরিশাল পানি সরবরাহ প্রকল্প’ নামের একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ প্রকল্পের অধীনে সিলেটে ১১০ কোটি টাকা ব্যয়ে ১৪টি গভীর নলকূপ বসানো এবং দুটি পানি শোধনাগার নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে নগরের মজুমদারি, বাদামবাগিচা ও করেরপাড়া এলাকায় তিনটি গভীর নলকূপ বসানো হয়েছে। আগামী দুই বছরের মধ্যে বাকিগুলোর কাজও পর্যায়ক্রমে শেষ হবে। নলকূপ বসানোর পাশাপাশি উত্তর ও দক্ষিণ সুরমায় পৃথক দুটি পানি শোধনাগারও তৈরি হবে। এগুলো তৈরি হওয়ার পর পানির সমস্যা অনেকটাই লাঘব হবে।