চট্টগ্রাম বন্দরের কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় প্রকল্প
এখন প্রকল্প চালাবে বেসরকারি সংস্থা!
প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে গত ২৭ ডিসেম্বর থেকে চট্টগ্রাম বন্দরে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি—সিটিএমএস। এই প্রকল্প পরিচালনার জন্য বন্দরের ৫১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে দেশে-বিদেশে প্রশিক্ষণও দেওয়া হয়। এত আয়োজনের পর এখন প্রকল্পটি পরিচালনার ভার বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেডের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। সাইফ পাওয়ার বন্দরের তিনটি টার্মিনালের দুটির কনটেইনার ওঠানো-নামানোর ঠিকাদার।কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি সিটিএমএস পরিচালনার জন্য প্রথমে বন্দর ও মন্ত্রণালয়ের ১১ জন কর্মকর্তাকে দুই দফায় বিদেশে পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বন্দরের সব মিলিয়ে ৫১৯ জনের প্রশিক্ষণ হয় দেশে ও বিদেশে, ধাপে ধাপে। এতে খরচ হয় দুই কোটি টাকা।সূত্র জানায়, প্রশিক্ষিত এই লোকবল কাজে না লাগিয়ে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডকে সিটিএমএস পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া চলছে। বন্দরের সাত সদস্যের একটি কমিটি সাইফ পাওয়ারটেক লিমিটেডকে এর পরিচালনার ভার দেওয়ার প্রস্তাব দিয়ে গত ১৫ এপ্রিল প্রতিবেদন জমা দেয়। এতে কনটেইনারপ্রতি ১৬২ টাকা ৪৬ পয়সা হারে (প্রস্তাবিত) বছরে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে বিল পরিশোধ করতে হবে প্রায় সাড়ে সাত কোটি টাকা।বন্দর সূত্র জানায়, শুধু সিটিএমএস পরিচালনা নয়, বন্দরের বিল প্রস্তুত করার কাজ এবং বন্দরের গেইট পরিচালনার মতো স্পর্শকাতর বিষয়ও ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রস্তাব দিয়েছে কমিটি। কমিটির মতামতসহ এ-সংক্রান্ত নথিতে বলা হয়, সাইফ পাওয়ারটেক লিমিটেড সিসিটি ও এনসিটি টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করছে। এ জন্য এই দুটি টার্মিনালে স্বয়ংক্রিয় প্রকল্পের যাবতীয় কার্যক্রম এই প্রতিষ্ঠানের একক নিয়ন্ত্রণে প্রদান করতে বন্দরের বোর্ড সভায় পেশ করা যেতে পারে। সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে মতামত পাওয়ার পর বিষয়টি বোর্ড সভায় চূড়ান্ত হবে। জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ গত বুধবার নিজ কার্যালয়ে বসে প্রথম আলোকে বলেন, স্বয়ংক্রিয় প্রকল্পটি বন্দর চালাবে। সিসিটি ও এনসিটি এলাকায় এই প্রকল্প বেসরকারি খাতে দেওয়ার প্রশ্নই ওঠে না। এ বিষয়ে কমিটির সুপারিশসহ একটি ফাইল তৈরি হয়েছে, এমন তথ্য উল্লেখ করলে তিনি বলেন, ‘ফাইলটি আমার কাছে এখনো আসেনি। এলে আমি দেখব।’বন্দর সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি এ-সংক্রান্ত ফাইল খোলার পর বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন আনোয়ারুল হক চৌধুরী আপত্তি দেন। তিনি ফাইলে নোট লেখেন, ‘এটা কী ধরনের প্রস্তাব, বোধগম্য নয়। সাইফ পাওয়ারটেক সিটিএমএসের কী কী দায়িত্ব পালন করছে এবং কবে থেকে, কেন করছে, তা ব্যাখ্যা করা প্রয়োজন। এই কার্যক্রম বন্দরের জনবল দ্বারা সম্পন্ন করা কেন সম্ভব নয়? পরিবহন বিভাগের জনবল প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকলে তাদের নিয়োজিত করা হচ্ছে না কেন?’প্রকল্পসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২ জানুয়ারি বন্দরের পরিবহন বিভাগ থেকে একটি ফাইল খোলা হয়। গত ৮ ফেব্রুয়ারি এই ফাইলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়। নিয়মানুযায়ী নির্বাহী বিভাগ হিসেবে পরিবহন বিভাগের প্রধান এই কমিটির আহ্বায়ক হওয়ার কথা। আবার এই ফাইল খোলার এক মাসের বেশি সময় পর গত ১৫ ফেব্রুয়ারি সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বন্দর কর্তৃপক্ষকে এক চিঠিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাড়তি কাজের জন্য দর নির্ধারণ করে বিল পরিশোধের জন্য বলেন। সিটিএমএস চালু হওয়ার অন্তত দুই বছর আগে অর্থাৎ ২০০৯ সালের ১৫ ডিসেম্বর থেকে বিল দেওয়ার অনুরোধ করা হয় ওই চিঠিতে।জানতে চাইলে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘বন্দরের সঙ্গে চুক্তি অনুযায়ী সিসিটি ও এনসিটি এলাকায় সমন্বিত কনটেইনার ওঠানো-নামানোর কাজ পরিচালনা আমাদের দায়িত্ব। কিন্তু এখন কনটেইনার ব্যবস্থাপনার স্বয়ংক্রিয় প্রকল্পের কার্যক্রমও বন্দর আমাদের দিয়ে করাচ্ছে। এই বাড়তি কাজের জন্য বিল পরিশোধ করতে বন্দরকে চিঠি দিয়েছি।’সাইফ পাওয়ারটেক শুধু বাড়তি কাজের বিলের জন্য আবেদন করলেও বন্দর কর্মকর্তারা সিসিটি ও এনসিটি এলাকায় স্বয়ংক্রিয় পদ্ধতির পুরো কার্যক্রম ওই প্রতিষ্ঠানের একক নিয়ন্ত্রণে দেওয়ার সুপারিশ করেছেন। এ বিষয়ে বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতির চিত্র অনুযায়ী আমদানিতে সর্বোচ্চ ৩১ ধাপ এবং রপ্তানিতে সর্বোচ্চ ২৫ ধাপে অনলাইনে প্রক্রিয়া সম্পাদন করতে হয়। এর মধ্যে টার্মিনাল অপারেটর হিসেবে সাইফ পাওয়ারটেক লিমিটেডকে আমদানিতে পাঁচ ধাপ এবং রপ্তানিতে সাত ধাপে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সাইফ পাওয়ারটেকের কার্যক্রমের মধ্যে রয়েছে অনলাইনে জাহাজ ও ইয়ার্ড পরিকল্পনা, খালি কনটেইনার অপসারণের পরিকল্পনা তৈরি, কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্রপাতিতে সংযুক্ত ‘ভেহিক্যাল মাউন্টেড টার্মিনাল-ভিএমটি’ নামে একটি যন্ত্রে তথ্য লিপিবদ্ধ করা, ‘হ্যান্ড হেল্ড টার্মিনাল-এইচএইচটি’ নামে একধরনের ছোট যন্ত্রে তথ্য লিপিবদ্ধকরণ ইত্যাদি। আগে এসব কাজ সনাতন পদ্ধতিতে করা হতো।গত বছরের ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বন্দরের যৌথ অর্থায়নে সিঙ্গাপুরের এসটি ইলেকট্রনিকস এই প্রকল্প স্থাপন করে। এসটি ইলেকট্রনিকসের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছে দেশীয় কোম্পানি ডেটা সফট। আগামী জুনে এই প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে। এর আগেই প্রকল্প পরিচালনার ভার সেবরকারি এই প্রতিষ্ঠানকে দেওয়ার পাঁয়তারা শুরু হয়েছে খোদ বন্দরের ভেতর থেকে।