এখন প্রয়োজন জাতীয় ঐক্য: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘এখন রাজনীতি দিয়ে উসকে দেওয়ার সময় নয়। রাজনৈতিক বিভেদ নয়, এখন প্রয়োজন জাতীয় ঐক্য। পরিত্যক্ত ঘোষণার পরও যারা মুনাফার লোভে শ্রমিকদের ওই ভবনে ডেকে নিয়েছে, তারা মানবতাবিরোধী। তাদের বিচার হবেই।’আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।সাভারের ভবনধসের ঘটনা দুর্ঘটনা নয়, হত্যা—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদের এমন মন্তব্যের বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এটা হত্যা না দুর্ঘটনা, এটা বলার অনেক সময় পাবেন। আসুন, আজ আমরা দুর্গতদের সেবায় আত্মনিয়োগ করি। সরকারের ছিদ্রান্বেষণ না করে কীভাবে দুর্গতদের রক্ষা করা যায়, সেটা ভাবতে হবে।’দপ্তরবিহীন মন্ত্রী আরও বলেন, ‘সাভারে মানবতা বিপর্যয় শুরু হয়েছিল, তার পরও কেন আপনাদের হরতাল তুলতে তিনবার সময় লাগল। তবে আমরা এসব কথা বলে কাউকে বিপর্যস্ত করতে চাই না। এখন একে অপরকে দোষারোপ না করে, সবাইকে সংযত আচরণ করতে হবে। মানবিকতার হাত বাড়িয়ে দিতে হবে।’সুরঞ্জিত বলেন, সোহেল রানা কোনোভাবেই নিস্তার পাবেন না। তাঁকে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে তিনটি মামলা হয়েছে। তাঁরা যেন পালাতে না পারেন, এ জন্য সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। দুর্গতদের উদ্ধারের পরই এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে। আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, অরুণ সরকার প্রমুখ।