এখন ভোট হলে কোন দল জিতবে
এ মুহূর্তে নির্বাচন হলে কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন, জানতে চাইলে ৫৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা আওয়ামী লীগকে ভোট দেবেন। ২৫ শতাংশ বিএনপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন। জাতীয় পার্টি (এরশাদ) ও জামায়াতে ইসলামীর পক্ষে সমানসংখ্যক প্রায় তিন শতাংশ জনসমর্থন পাওয়া গেছে। ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে এক শতাংশেরও কম উত্তরদাতা মত দিয়েছেন। প্রথম আলোর জনমত জরিপ থেকে এই মতামত এসেছে। ১০ শতাংশ উত্তরদাতা কোন দলকে ভোট দেবেন, বলতে রাজি হননি। এক শতাংশের মতো উত্তরদাতা বলেছেন, জানেন না। ‘না’ ভোটের পক্ষে মত দিয়েছেন এক শতাংশের কিছু বেশি উত্তরদাতা।প্রসঙ্গত, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৩১টি আসন পেয়েছিল। বিএনপি ২৯, জামায়াতে ইসলামী ২ ও জাতীয় পার্টি ২৬টি আসন পায়। আওয়ামী লীগ মোট ৪৮ দশমিক ০৬ শতাংশ ভোট পেয়েছিল। বিএনপি ৩২ দশমিক ৪৫, জাতীয় পার্টি ৭ দশমিক ০৫ ও জামায়াতে ইসলামী ৪ দশমিক ৬০ শতাংশ ভোট পায়।