বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বিচার বিভাগের ওপর সরকারি দলের লোকদের আস্থা নেই। তাই মামলা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ক্ষমতার অপব্যবহার করে মামলা থেকে মাফ পেয়ে যাচ্ছেন। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে এই মামলাগুলো আবার সচল করা হবে।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে গতকাল শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত আইনজীবী মহাসমাবেশে বিরোধীদলীয় নেত্রী আরও বলেন, দেশের স্বার্থ রক্ষায় ভারতের সঙ্গে করা দেশবিরোধী একটি চুক্তিও বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বিরোধী দল দুর্বল, আন্দোলন করতে পারবে না—এমনটা ভাবা ঠিক হবে না। তিনি বলেন, মানুষ দিনবদল চায় না, চায় সরকার বদল। এই সরকার ১৬ মাসে একটিও ভালো কাজ করতে পারেনি। তাই আর সময় দেওয়া যায় না। এখন আন্দোলন করতে হবে।অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের বিচারক হিসেবে নিয়োগের অভিযোগ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালতকে মেধাশূন্য করতে কোনো কোনো ক্ষেত্রে দলীয় বিবেচনায় বিচারক নিয়োগ করা হচ্ছে। এই সরকারের আমলেও বিচার বিভাগ পৃথক্করণ ও স্বাধীনতার বুলি মস্ত বড় প্রহসন হিসেবেই রয়ে গেছে। প্রধান বিচারপতি দুই বিচারককে শপথ পড়াতে রাজি না হওয়ায় মন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। আদালতের সুস্পষ্ট নির্দেশ সত্ত্বেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে।আদালতে অনভিপ্রেত ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘আশা করি, বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাই তাঁদের পদমর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ করবেন।’খাদ্যে বিষ মেশানো সত্ত্বেও বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমদ ও সেনাপ্রধান মইন উ আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘সেনাকুঞ্জে শেখ হাসিনা বলেছেন, “আমার জন্য রান্না করা খাবার পাঠাতেন।” তাহলে কি সেই খাবারে এমন কিছু ছিল? এ জন্যই কি তিনি খাদ্যে বিষ মেশানোর বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন না?’বিএনপির নেত্রী বলেন, দেশকে বিভক্ত করতে সরকার যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী অপরাধের বিচার করছে। বিএনপিও এই অপরাধের বিচার চায়। তবে তা করার আগে আওয়ামী লীগের মধ্যে থাকা অপরাধীদের নাম প্রকাশ করুন।সমাবেশে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক বলেন, ‘খালেদা জিয়ার সামনে কথা বলা আমার জন্য এক অপূর্ব সুযোগ। কেননা, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর অনড় অবস্থান আমি দেখেছি।’ তিনি বলেন, বিচারব্যবস্থার অধঃপতন হয়েছে। এক-এগারোর ভূত সুপ্রিম কোর্টে ঘুরে বেড়াচ্ছে। এ জন্য মিলাদ দেওয়া দরকার। তা না হলে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে না। তিনি বলেন, এক-এগারোর ঘটনার জন্য বিএনপি একটি কমিশন গঠন করতে পারে। এই কমিশনের কাছে ভুক্তভোগীরা সেই দুঃসহ দিনগুলোর কথা তুলে ধরবেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এক-এগারোর ঘটনা তদন্তে একটি গণতদন্ত কমিশন গঠনের প্রস্তাব করেন।বিএনপির ভাইস চেয়ারম্যান টি এইচ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, জমির উদ্দিন সরকার, মীর নাছির উদ্দীন আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, ঢাকা বার আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া ও সারা দেশের বিভিন্ন বারের বিএনপিপন্থী নির্বাচিত প্রতিনিধিরা।