এনটিভিতে আজ রাতে দেখানো হবে দুটি ধারাবাহিক নাটক মানবজমিন ও ধূপছায়া। প্রথমটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন আসাদুল ইসলাম ও মুরাদ পারভেজ এবং পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। দ্বিতীয়টি রচনা ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। দুটি নাটকেই অভিনয় করছেন আফরান নিশো। কথা হলো তাঁর সঙ্গে। মঙ্গলবারের দুটি নাটক নিয়ে কিছু বলুন।ধূপছায়া নাটকে আমি দায়িত্বজ্ঞানসম্পন্ন একজন ছেলে। কিন্তু পারিবারিক কলহের কারণে একসময় মাদকাসক্ত হয়ে পড়ি। মানবজমিন নাটকে আমি সুবর্ণা মুস্তাফার ভাই। তিনি নিজের জমিজমা রক্ষার জন্য আমাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসেন। এই বোন ছাড়া আমি আর কাউকে ভয় করি না।টিভিতে এখন আপনার ব্যস্ততা কেমন?এখন তো প্রতিদিনই কোনো না কোনো চ্যানেলে আমার নাটক চলছে। আগে হয়তো সেভাবে খুব একটা নাটকে কাজ করা হয়নি; এটা আমার পড়াশোনার ব্যস্ততার কারণেই। এখন পড়াশোনার ঝামেলা থেকে আমি মুক্ত। তাই অনেক নাটকের কাজ করতে পারছি। এখন মাসের ৩০ দিনের মধ্যে ২৫ দিনই শুটিং করি।ঈদে কী কাজ করেছেন?এখন সব কটি চ্যানেলেই আমার অভিনীত ধারাবাহিক নাটক দেখানো হচ্ছে। এই ধারাবাহিকগুলোর কাজের জন্য ঈদের কাজ সেভাবে করতে পারিনি। তার পরও কয়েকটি নাটকের কাজ করতে হয়েছে। এজাজ মুন্নার লেখা ও অসীম সেনগুপ্তের পরিচালনায় একটি নাটক, নাহিদ আহমেদের বাবুই পাখির দল। এ ছাড়া টপ টু বটম ও ফ্ল্যাশ নামের দুটি নাটকেও কাজ করেছি। ফ্ল্যাশ নাটকের গল্পটি আমাকে নিয়ে। এখন কোন ধারাবাহিকগুলোয় কাজ করছেন?এটিএন বাংলায় দেখানো হচ্ছে অচেনা মানুষ। এটি পরিচালনা করছেন রিপন নবী। নতুন ধারাবাহিকগুলোর মধ্যে আছে অরুণ চৌধুরীর রুমালী, বিপুল রায়হানের নেলীর হোটেল ও মেট্রো। তবে মেট্রো নাটকটির নাম পরিবর্তন করা হতে পারে। কায়সার আহমেদের উত্তরাধিকার, অসীম সেনগুপ্তের সাদমান ভাই, মুরাদ পারভেজের রেস্টুরেন্ট টোয়েন্টি ওয়ান ও শিকারি এবং তারেক মিন্টুর অর্কিড। নাটক ছাড়া আর কিছু করছেন?ঈদে আমার নতুন দুটি বিজ্ঞাপনচিত্র দেখানো হবে।