এখন মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করে জামায়াত
মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর নেতারা মুক্তিযোদ্ধাদের ‘দেশদ্রোহী’, ‘ভারতের দালাল’ প্রভৃতি নামে অভিহিত করতেন। স্বাধীনতার ৪০তম বার্ষিকীতে এসে সেই নেতারাই এখন মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলছেন। জীবিত ও যুদ্ধাহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও শহীদদের আত্মার শান্তি কামনা করছেন।স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে জামায়াতের আলোচনা সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সব বক্তাই মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর কথা বলে তাঁদের বক্তব্য শুরু করেন।প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতেই জামায়াতের আমির মতিউর রহমান নিজামী বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে ও স্বাধীনতাযুদ্ধের বিভিন্ন পর্যায়ে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। বিশেষ করে যাঁরা জীবন দিয়েছেন, মহান আল্লাহ তা’আলার কাছে দোয়া করি আল্লাহ যেন তাঁদের শহীদ হিসেবে কবুল করেন।’নিজামী বলেন, ‘স্বাধীনতা অর্জন নিঃসন্দেহে কঠিন কাজ। আমাদের পূর্বসূরি সম্মানিত মুক্তিযোদ্ধা ও জাতীয় নেতারা এই কঠিন কাজটি করেছেন। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা আরও কঠিন। স্বাধীনতা অর্জনের জন্য যেমন ঐক্যের প্রয়োজন ছিল, তেমনি স্বাধীনতা সংরক্ষণের জন্যও জাতীয় ঐক্যের বিকল্প নেই।’বিশেষ অতিথি জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেন, ‘স্বাধীনতা অমূল্য সম্পদ। জীবনের চেয়েও মূল্যবান এটি। তাই আলোচনার শুরুতেই যেসব মুক্তিযোদ্ধা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’আলোচনার সভাপতি ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান, জামায়াতের তিন সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সাংসদ হামিদুর রহমান, ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি আবদুল হালিম—সবাই তাঁদের বক্তব্যের শুরুতেই মুক্তিযোদ্ধাদের প্রতি তাঁদের কৃতজ্ঞতার কথা প্রকাশ করেন।