এখন শক্তিশালী নির্বাচন কমিশনের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল থাকবে। শুধু এর মেয়াদ সুনির্দিষ্ট করে ৯০ দিন বেঁধে দেওয়ার প্রস্তাব করা হবে। ২৩টি বৈঠক শেষে এমন নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছিল সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা) বাতিল হওয়ায় বিশেষ কমিটির হিসাব-নিকাশ পাল্টে গেছে। এখন বিশেষজ্ঞ এবং কমিটির সদস্যদের কেউ কেউ মনে করেন, সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তুলে দিতে হলে এর বিকল্প হিসেবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি অন্য সব সাংবিধানিক পদে দলনিরপেক্ষ নিয়োগের বিধান অন্তর্ভুক্ত করতে হবে।কমিটি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ সংশোধনী বাতিল হওয়ায় সংবিধান সংশোধনের খসড়া প্রতিবেদন তৈরির আগে কমিটিকে আবার বৈঠকে বসতে হবে। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, নির্বাচন কমিশন এবং অন্য সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হবে। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো সম্পর্কে সংবিধানের ৫৮(গ) অনুচ্ছেদে বলা আছে, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সে রকম কাউকে পাওয়া না গেলে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির আগে অবসর নেওয়া প্রধান বিচারপতি এ সরকারের প্রধান হবেন। এ পর্যায়েও কাউকে পাওয়া না গেলে আপিল বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। এখানেও কাউকে না পাওয়া গেলে তার আগে অবসর নেওয়া আপিল বিভাগের বিচারপতি সরকারের প্রধান হবেন। বিধানে উল্লিখিত বিচারপতিদের কাউকেই না পাওয়া গেলে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য যেকোনো ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পারবেন। তাও যদি না হয়, তাহলে রাষ্ট্রপতি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে আসীন হতে পারবেন।ত্রয়োদশ সংশোধনী বাতিল-সংক্রান্ত রায় সম্পর্কে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, আগামী দুই মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার আগে রাজনৈতিক সরকারকে নির্বাচন কমিশনসহ দেশের সব সাংবিধানিক পদে নিরপেক্ষ নিয়োগের বিষয়টি সুনিশ্চিত করতে হবে। তা না হলে এই রায় অর্থবহ হবে না।একই রকম আভাস বিশেষ কমিটির সদস্যদের কাছ থেকেও পাওয়া গেছে। কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, আদালতের মতো কমিটিও নীতিগতভাবে মনে করে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাষ্ট্রের জন্য সর্বজনীন সমাধান হতে পারে না। প্রধান বিচারপতি নিজেদের তত্ত্বাবধায়ক সরকারের বাইরে রাখার জন্য সংসদকে দায়িত্ব দিয়েছেন। এ উদাহরণ বড়ই বিরল। বিষয়টি রাজনীতিবিদ ও রাজনৈতিক সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। এখন দেশের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। জাসদ সভাপতি ও কমিটির সদস্য হাসানুল হক ইনু বলেন, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাসদের পক্ষ থেকে আগেই বিশেষ কমিটিতে প্রস্তাব করা হয়েছে, রাষ্ট্রের সব সাংবিধানিক পদে নিয়োগের জন্য একটি জাতীয় বাছাই কমিটি থাকবে। এই কমিটি যাঁদের নাম প্রস্তাব করবে, তা চূড়ান্তভাবে অনুমোদন করবে সংসদ। এখন আদালতের রায়ের পর বিশেষ কমিটিকে এই প্রস্তাবটির দিকে বিশেষ নজর দিতে হবে। কারণ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অনন্তকাল চলতে পারে না।আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে কমিটিকে বিশেষ নজর দিতে হবে। একই মত পোষণ করেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনও। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছে। ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ হয়ে গেছে। তবে আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে অভিমত দিয়েছেন সুপ্রিম কোর্ট। রায়ে আরও বলা হয়েছে, এই সরকারে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ দেওয়া হবে কি হবে না, সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সংসদের রয়েছে।