এখন শুধু অনিশ্চয়তা, অন্ধকার
বিউটির চোখে জলকুমিল্লার তিতাস উপজেলার প্রত্যন্ত পল্লি বন্দরামপুর। এ গ্রামের রিকশাচালক সেলিম মিয়া (৩০) ভাগ্যের চাকা ঘোরাতে গিয়েছিলেন মরিশাস। মাত্র ১২ দিনের মধ্যে লাশ হয়ে ফিরলেন দেশে। রেখে গেলেন স্ত্রী বিউটি বেগম (২৬), তিন ছেলে, বাবা-মা, দাদা-দাদি, ভাইবোনসহ অনেক শুভানুধ্যায়ী। এখন সেলিমের পরিবারজুড়ে কেবলই কান্নার রোল। শোকে মাতম পুরো এলাকা। তার ওপর রয়েছে ঋণের বোঝা। এ রকম অনিশ্চয়তা আর অন্ধকার সামনে নিয়ে বিউটির পথচলা। রোববার দুপুরে আমরা যখন সেলিমের বাড়িতে পৌঁছাই, তখন গোটা বাড়িই শোকে স্তব্ধ। বৈধব্যের শাড়ি পরে সেলিমের স্ত্রী বিউটি বেগমের বিলাপ। তাঁর প্রশ্ন, কে টানবে দুই লাখ টাকা ঋণের বোঝা? কে দেখবে তিন সন্তানকে? দেশে থাকতে রিকশা চালিয়ে যা পেত, তা দিয়েই টেনেটুনে সংসার চলত। এরপর বিউটি বেগম থেমে যান। শোকে যেন পাথর হয়ে গেলেন। কোনো সান্ত্বনাই তাঁকে বুঝ দিতে পারে না। নিহত সেলিমের পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিম দেশে থাকতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁদের কোনো জায়গাজমি নেই। সমিতি ও বিভিন্ন সংস্থা থেকে কিস্তির টাকা নিয়ে সেলিম মরিশাস যান। বন্দরামপুর পূর্বপাড়ার রেনু মিয়ার চার ছেলে ও এক মেয়ের মধ্যে সেলিম সবার বড়। পরিবারটি ভেবেছিল, বিদেশে চাকরি করে সেলিম বদলে দেবেন পুরো পরিবারের ভাগ্য। কিন্তু এখন তারা ঋণমুক্ত হওয়ার চিন্তায় ব্যাকুল। সেলিমের ছোট্ট দোচালা টিনের ঘরের সামনে কথা হয় তাঁর তিন ছেলে মো. সাইফুল ইসলাম (১১), আরিফ হাসান (৮) ও সাইমের (৪) সঙ্গে। তাদের কথা, ‘আব্বা ঘুমিয়ে আছে। আবার জেগে উঠবে।’তিন নাতিকে নিয়ে এখন সেলিমের বাবা রেনু মিয়ার চোখেও অন্ধকার। তিনি বলেন, ‘বদলা খেটে পরিবার চালাই। তার ওপর ঋণের বোঝা। কী করব বুঝতে পারছি না!’ সেলিমের তিন সন্তানের মধ্যে বড়টি বন্দরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। মেজো ছেলে মাদ্রাসায় পড়ে। ছোটটি এখনো স্কুলে যায় না।সোনাকান্দার দুই ঘরে বিলাপ থামছে নাকুমিল্লার তিতাস উপজেলার সোনাকান্দা গ্রামটি প্রত্যন্ত পল্লিতে অবস্থিত। মূল সড়ক থেকে চার কিলোমিটার পথ পায়ে হেঁটে রোববার বেলা ১১টায় ওই গ্রামে পৌঁছাই। ওই দুর্ঘটনায় একই বাড়ির দুই চাচাতো ভাই মারা যান। তাঁরা হলেন, মোক্তার হোসেন (২৩) ও মো. জাহিদুল (২১)। দুজনই পিঠাপিঠি। একসঙ্গে সোনাকান্দা গ্রামের মাঠে ফুটবল খেলতেন। পুকুরে সাঁতার কাটতেন। আবার একই সঙ্গে পাড়ি জমান বিদেশে। লাশ হয়েও ফিরলেন একসঙ্গে। আবার তাঁদের স্বজনেরাও কাঁদছে একই সঙ্গে। মোক্তার হোসেন হলেন প্রয়াত মনু মোল্লার আট ছেলেমেয়ের মধ্যে চতুর্থ। বছর খানেক আগে মোক্তারের বাবা মারা যান। ছয় ভাই, দুই বোন ও মাকে নিয়ে তাঁদের সংসার। বড় বোন আয়েশা বেগমের কাছ থেকে এক লাখ টাকা ধার করে এবং বিভিন্ন সমিতি থেকে আরও এক লাখ টাকা ঋণ নিয়ে মরিশাসে পাড়ি জমান মোক্তার হোসেন। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে মা শাহীনা বেগম এখন পাগলপ্রায়। দেশে থাকতে মোক্তার কৃষিকাজ করতেন। গত বুধবার মারা যাওয়ার আগে সর্বশেষ কথা হয়েছিল বড় বোন আয়েশা বেগমের সঙ্গে। মায়ের সঙ্গেও একবার কথা হয়। মোক্তার তাঁদের বলেছিলেন, ‘ভালো আছি, কোনো চিন্তা করবা না। মোবাইলে এক মিনিট কথা বললে ৬০ টাকা খরচ হয়। বেতন পেলে বেশি সময় নিয়ে কথা বলব।’বড় ছেলেকে হারিয়ে মা-বাবা দুজনই নির্বাক। অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল জালাল উদ্দিনের দুই ছেলে এবং এক মেয়ের মধ্যে মো. জাহিদুল সবার বড়। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। পড়াশোনায় ভালো নয় বলে বাবা জমি বন্ধক ও ঋণ করে তাঁকে বিদেশ পাঠিয়েছিলেন। প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর মরিশাসে কর্মস্থলে যাওয়ার পথে বাংলাদেশি শ্রমিকদের বহনকারী মিনিবাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কুমিল্লার তিতাস উপজেলার সোনাকান্দা ও বন্দরামপুর গ্রামের তিন যুবক দুর্ঘটনায় মারা যান।