আরটিভিতে আজ রাতে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান বিপাশার সঙ্গে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিকল্পনা করেছেন বিপাশা হায়াত। কথা হলো তাঁর সঙ্গে।‘বিপাশার সঙ্গে’ অনুষ্ঠানটির কাজ কবে শুরু করলেন?এই তো গত শুক্রবার একসঙ্গে দুটি পর্বের শুটিং হলো।অনুষ্ঠানটির ভাবনা নিয়ে কিছু বলুন। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করা হবে না, কিন্তু এখানে দর্শকদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। আমাদের শিল্পের বিভিন্ন অংশ যেমন—গান, নাচ, নাটক; আরও কিছু হতে পারে। এসব ক্ষেত্রের কিছু সমস্যা আমরা চিহ্নিত করেছি। এসব সমস্যার ব্যাপারে দর্শক কী ভাবছে, সংশ্লিষ্টদের ভাবনা এবং সবাই মিলে যেন এই সমস্যা থেকে উত্তরণের একটা দিকনির্দেশনার পথে যেতে পারি। আসলে আমি শুধু শুধু উপস্থাপকের চেয়ারে বসতে চাই না, উপস্থাপনাটা যেন অর্থবহ হয়, সে রকম পরিকল্পনা নিয়েই অনুষ্ঠানটি করছি। তবে সব সময় শুধু নেতিবাচক বিষয় থাকবে তা কিন্তু নয়, ইতিবাচক বিষয়ও থাকবে।অনুষ্ঠানটিকে দর্শক কীভাবে নেবে?শুরুটা খুব ভেবেচিন্তে করছি, তবে কেমন হবে তা তো এখনই বলতে পারছি না। দর্শকদের ভালোলাগা, মন্দলাগা, তাদের চোখে দেখা অসংগতিগুলোকে মিডিয়া থেকে দূর করার একটা চেষ্টা করছি মাত্র। আজকের অনুষ্ঠানের বিষয়টি কী?আজ থাকছে ‘নাটকের ভাষা’। অতিথি হিসেবে থাকছেন মামুনুর রশীদ ও তারিন। গতকাল ছিল ভাষার মাসের শেষ দিন। তা ছাড়া এ বিষয়টা নিয়ে প্রায়ই আমাদের অনেককেই প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাই অনুষ্ঠানটির প্রথম পর্বের জন্য আমরা এই বিষয়টিকেই বেছে নিয়েছি।এখন কী করছেন—নাটক লেখা কিংবা অভিনয়ের ব্যাপারে কিছু ভেবেছেন?এখন শুধুই ছবি আঁকছি। এ বছর আমার নিজের আঁকা ছবি নিয়ে প্রদর্শনী করার পরিকল্পনা আছে। তারিখটা পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। এ পর্যন্ত বিভিন্ন যৌথ ও দ্বৈত প্রদর্শনীতে অংশ নিয়েছি। এবারই প্রথম আমার একক প্রদর্শনী হবে। তাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। দর্শক এবার আপনার লেখা কোনো নতুন ধারাবাহিক পাবে না?হ্যাঁ, একটি নাটক লিখতেই হবে। তৌকীর আহমেদ পরিচালনা করবেন। ওটার ব্যাপারে আগে থেকেই একটা পরিকল্পনা ছিল, আর শুটিংও শিগগিরই শুরু হবে। তাই ছবি আঁকার ফাঁকে ফাঁকে নাটকটি লিখে ফেলব। নাটকটার নাম চূড়ান্ত করেছি, ধ্রুবতারা।