বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’। উপস্থাপনা করবেন নীরব খান। প্রযোজক নাহিদ আহমেদ। অনুষ্ঠানের আজকের শিল্পী পুতুল ও রাজীব। কথা হলো পুতুলের সঙ্গেআজকের অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?এ পর্যন্ত আমার দুটি একক এবং তিনটি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে। আজ আমার সঙ্গে আরও গান করবেন রাজীব। দুই ঘণ্টার এই অনুষ্ঠানে আমরা ২৪টি গান করার পরিকল্পনা করেছি। আমার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম মাটির পুতুল-এর গানগুলো বেশি করব। বিভিন্ন চ্যানেলে এখন সরাসরি গানের অনুষ্ঠান বেশি হচ্ছে। এ ধরনের অনুষ্ঠানে গান করতে কেমন লাগে?এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে খুব সহজে দর্শক-শ্রোতার কাছাকাছি পৌঁছানো সম্ভব। এ ছাড়া সবার সঙ্গে অনুষ্ঠানগুলোর মাধ্যমে যোগাযোগ তৈরি হয়। আজকের অনুষ্ঠানটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমার জন্মদিন। আর এবারের জন্মদিনটি পরিবারের সদস্যদের পাশাপাশি দর্শক-শ্রোতাদের সঙ্গে কাটানোর সুযোগও পাচ্ছি। আপনি দেশ টিভিতে ‘কলের গান’ অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছেন। এ ধরনের অনুষ্ঠান থেকে নিজে কতটুকু সমৃদ্ধ হচ্ছেন বলে মনে করেন?গত দুই বছর অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছি। উপস্থাপনা করতে এসে জ্যেষ্ঠ শিল্পীদের পাশাপাশি এ সময়ের সবার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে। এতে করে সব সময়ই নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছি। দেশের শিল্পীদের পাশাপাশি বিদেশি অনেক শিল্পীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। গানের বাইরে আর কী করছেন?ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভে (ইউডা) সংগীত বিষয়ে স্নাতক করছি। স্নাতক শেষ করে স্নাতকোত্তর করার জন্য দেশের বাইরে যাব। সাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং কম্পোজিশনে স্নাতকোত্তর করার ইচ্ছে আছে।‘মাটির পুতুল’ অ্যালবামের পর নতুন কিছু ভেবেছেন?আপাতত একক অ্যালবামের কাজ করছি না। ঈদের জন্য কয়েকটি মিশ্র অ্যালবামে গান করছি। তবে সংগীত পরিচালনার দিকে এখন বেশি মনোযোগ দিচ্ছি।