বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক জামাই মেলা। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন আজহারুল ইসলাম। নাটকে অভিনয় করেছেন দিহান। কথা হলো দিহানের সঙ্গেকী করছেন?বাসায়ই আছি। গত ১৫ ফেব্রুয়ারি আমার বিয়ের অনুষ্ঠান হয়েছে। এখন পরিবারকে সময় দিচ্ছি। বিয়ের কারণে এ মাসে আর কোনো কাজ রাখিনি। ৫ মার্চ থেকে শুটিং শুরু করব। নতুন জীবন, নতুন সংসার—কেমন লাগছে?বলতে পারেন আমার বিয়েটা একেবারে হুট করেই হলো। সম্পূর্ণ পারিবারিকভাবে। বিয়ের পর এখন সবকিছুর সঙ্গে নতুন করে পরিচিত হচ্ছি। সব মিলিয়ে ভালোই লাগছে।মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন?ইচ্ছে আছে ইতালির ভেনিস শহরে যাব। তবে এখনই যাচ্ছি না। কিছুদিন পরিবারের সঙ্গেই থাকতে চাই। তা ছাড়া অনেকগুলো নাটকের কাজ আছে। এসব নিয়ে ব্যস্ততা তো আছেই। হাতে এখন কী কী কাজ আছে?জামাই মেলা ও ললিতার কাজ হচ্ছে। নাটক দুটি এখন নিয়মিত প্রচারিত হচ্ছে। এর বাইরে আরও কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ করছি। সামনে আরও কিছু নতুন কাজ করব।‘জামাই মেলা’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।সবচেয়ে মজার অভিজ্ঞতা হয় আঞ্চলিক ভাষার ব্যবহার নিয়ে। নাটকে পাবনার আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়। ভাষাটা না জানার কারণে শুরু থেকেই একটু অস্বস্তিতে ছিলাম। পরে অবশ্য পরিচালক যথেষ্ট সহযোগিতা করেছেন। নাটকে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম অনেক কিছু অতিরিক্ত সংযোজন করেন। এটা আবার আমি পারি না। কারণ তাঁদের মতো দ্রুত সংলাপ বলা সম্ভব হয় না। বাংলাদেশ-আয়ারল্যান্ডের খেলায় মাঠে আপনার ছোট বোন তানিশাকে দেখা গেল। আপনি যাননি?যেতে পারিনি। তবে খেলার মাঠের যে বর্ণনা তানিশার কাছ থেকে শুনেছি, তাতে করে আর লোভ সামলাতে পারছি না। ঠিক করেছি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের খেলাটা আমরা দুই বোন একসঙ্গে মাঠে গিয়ে দেখব।