চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক চৈতা পাগল। নাটকটি লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। নাটকে অভিনয় করছেন বাঁধন। কথা হলো তাঁর সঙ্গে।‘চৈতা পাগল’ নাটকে কাজ করতে কেমন লাগছে?অন্য রকম অনুভূতি। শুটিং শুরুর আগে আমাকে জানানো হয়েছিল, নাটকটির সংলাপে পাবনা ও কুষ্টিয়ার আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। কিন্তু কাজ করতে গিয়ে দেখি, সংলাপগুলো নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলতে হবে। তাও আবার তা লেখা নেই, নিজের থেকে বলতে হবে। শুনে তো মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। তবে মাহফুজ আহমেদ যথেষ্ট সহযোগিতা করেছেন। প্রতিটি সংলাপ যথেষ্ট সময় নিয়ে ধৈর্যের সঙ্গে বুঝিয়ে দিয়েছেন। আমার সহশিল্পী রওনক হাসানও সহযোগিতা করছেন। এখন সমস্যা হয় না।নাটকটির শুটিং তো হচ্ছে বিক্রমপুরে।হ্যাঁ। লৌহজংয়ের হলুদিয়া গ্রামে। মজার ব্যাপার হলো, আমার দাদার বাড়ি শ্রীনগরে। খুবই কাছাকাছি। কিন্তু শুটিংয়ে এতটাই ব্যস্ত থাকতে হয় যে কিছুক্ষণের জন্যও দাদার বাড়িতে যেতে পারি না। জানেন, সেই ছোটবেলা থেকে কোরবানির ঈদের সময় আমরা দাদার বাড়িতে যাই। কিন্তু এবার পারিনি।কেন?এবার কোরবানির ঈদের সময় টাঙ্গাইলে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। পাঁচ দিন ছিলাম। আমার বিয়ে হয়েছে রমজানের ঈদের দুই দিন আগে। তাই বিয়ের পরই চলে গিয়েছিলাম টাঙ্গাইলে। এবারও গেলাম। ঈদে মা-বাবার সঙ্গে থাকতে পারিনি, একটু মন খারাপ হয়েছিল। কিন্তু শ্বশুরবাড়ির সবাই সেটা দূর করে দিয়েছিলেন।নাটকে কাজের খবর কী?নতুন জীবন, নিজের সংসার—এখন এদিকেই বেশি সময় দিচ্ছি। আবার জানুয়ারি মাস থেকে বাংলাদেশ মেডিকেল কলেজে ইন্টার্নি শুরু করব। এরই ফাঁকে নাটকে অভিনয় করব। এ ছাড়া এখন যে নাটকগুলো প্রচারিত হচ্ছে, তাতে তো কাজ করতেই হবে।ঈদের পর আর কোথাও বেড়াতে গিয়েছিলেন?বগুড়া ক্যান্টনমেন্টে গিয়েছিলাম। আমার স্বামী তো সাবেক সেনা কর্মকর্তা। ওদের একটা পুনর্মিলনী অনুষ্ঠান ছিল। আমি তো তাতে অভ্যস্ত নই। কিন্তু পুরো সময়টা দারুণ উপভোগ করেছি।